জাপানের চিঠি: কেমন আছে হিরোশিমা?
স্কুলে থাকতে জাপানের একটি শহরের গল্প পড়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম। বলছি দ্বিতীয় ব্শ্বিযুদ্ধে পারমাণবিক বোমায় মৃত্যুনগরীতে পরিণত হওয়া হিরোশিমার কথা।
ছোটবেলায় ওই গল্পটি পড়ে নিজের কল্পনায় আঁকা ছবিগুলোর সাথে বেশ মিল দেখতে পেয়েছিলাম জাপানে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বিভিন্ন সংগঠনের ৬ অগাস্ট উদযাপনের চিত্র প্রদর্শনীতে।
জাপানে আসার আগে বাবা জোর দিয়ে বলেছিলেন, আমি যেন হিরোশিমায় ঘুরে আসি। আমার অশিক্ষিত বাবার কণ্ঠে যখন হিরোশিমার গুরুত্বরোপিত হয়েছে, তখন তা তো না করতে পারি না।
আমি যে নগরীতে বসবাস করি, সেই ওসাকা থেকে হিরোশিমার দূরত্ব ৩৫০ কিলোমিটার। গত কয়েক বছর ধরে হিরোশিমা যাব যাব করে আর যাওয়া হয়নি মূলত এই যন্ত্রজাতির ব্যস্ততার কারণে। কিন্তু এবার আর রক্ষা হয়নি। আমার স্কুলে শীতকালীন ছুটি চলছে। বলতে গেলে পুরো জাপানেই এখন শীতকালিন ছুটি। তাই ঘুরাঘুরির উপযুক্ত সময় বটে।
আমাদের সাথে যোগ দিয়েছেন, বাংলাদেশ থেকে আসা মুকুট ভাইয়ের ছোটবেলার বন্ধু মোহাম্মদ আবু সাইদ। উনি ঢাকার বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন এবং তার কাজিন পারভেজ জনি। সেই সাথে আমাদের সফর সঙ্গী ছিলেন আমার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়রনত আব্দুল আলিম, যিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।
পাঁচজনের দলে সঙ্গী হয়েছিলো সায়েম ভাইয়ের প্রাইভেট কারটি। যাই হোক, ওসাকা থেকে আমরা ভোর ৫টা ৪৫ মিনিটে বের হলাম হিরোশিমার উদ্দেশ্যে। আমরা ভেবেছিলাম, এতো রাতে রাস্তা মনে হয় ফাঁকা থাকবে। কিন্তু হাইওয়েতে আমাদের গাড়ি ওঠার পর আমরা টের পেলাম, কি পরিমাণ ব্যক্তিগত গাড়ি চলাচল করছে!
আগেই বলেছিলাম, জাপান জুড়ে এখন ছুটির আমেজ চলছে। তাই জাপানি কেউ কেউ ঘুরতে, আবার কেউ কেউ তাদের পরিবার-পরিজনের সাথে দেখা করতে বের হয়েছে।
সদ্য দেশ থেকে আসা আবু সাইদ ভাইয়ের মুখে দেশের উন্নয়ন-অবনমনের দিকগুলো আলোচনাও ছিল বেশ প্রাণবন্ত। যদিও মাঝে মধ্যে আমি ঘুমের দেশে চলে যাচ্ছিলাম। তবে পারভেজ জনির চিৎকারে ঘুম ভেঙে যাচ্ছিল। এভাবে গল্প করতে করতে কখন যে আমরা হিরোশিমায় পৌঁছে গেলাম, টেরই পায়নি। প্রায় সাড়ে চার ঘণ্টা ড্রাইভ শেষে সকাল সাড়ে ১০টার দিকে আমরা হিরোশিমা শহরে ঢুকলাম।
শহরে ঢুকতে কেমন যেন লাগতে শুরু করলো। আমি ভেবেছিলাম, এই শহরটি ক্ষত-বিক্ষত থাকবে। রাস্তাঘাটেও কিছুটা যুদ্ধাবস্থার চিহৃ থাকবে। কিন্তু না, আমার ধারণা ছিলো ভুল। এই শহরের বহিঃদৃশ্য দেখলে কখনও মনে হবে না যে এখানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ানক চিত্রটি ফুটে উঠেছিলো।
ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা হিরোশিমার পিচ মেমোরিয়াল পার্কটি শহরের প্রাণকেন্দ্রে। মার্কিন নাগরিক টমাস ফেরেবি ১৯৪৫ সালের ৬ অগাস্ট সোমবার সকালে বিমান থেকে প্রথম পরমাণু বোমা ‘লিটল বয়’ হিরোশিমার মাটিতে নিক্ষেপ করেছিলেন। মাত্র এক মিনেটের মধ্যে লিটল বয় হিরোশিমার মাটিতে আঘাত হানে। নিমিষেই আগুনের কুণ্ডলী মাশুরুমের মতো করে উপরে উঠতে লাগলো, যার ধাক্কা বিমানটিতেও লেগেছিল বলে জনশ্রুতি রয়েছে।
স্মৃতি সৌধে আমরা দেখলাম বিভিন্ন ধরনের পুষ্পস্তবক। নানা-দাদাদের বয়সী মানুষরা ভিড় জমিয়েছে মূল বেদিতে। কেউ তুলছেন ছবি, আবার কেউ করছেন প্রার্থনা। যে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় আঘাত হেনে এতো অসংখ্য মানুষকে মেরে ফেলেছিলো, সেই শ্বেতাঙ্গদের অনেককে দেখলাম স্মৃতিস্তম্ভে ফুল বিসর্জন দিতে। অনেক জাপানিকে দেখলাম অশ্রুসিক্ত হতে।
তেজষ্ক্রিয়তায় বিকলাঙ্গতা কতোটা পিছিয়ে দিয়েছে জাপানকে, তা বলার অপেক্ষা রাখে না। হিরোশিমায় দাঁড়িয়ে থাকা কাসুজু ইসোবার তৈরি করা মা ও সন্তানের স্ট্যাচুতে বিশ্ব শান্তি প্রার্থনা করে। যেটি ১৯৭৭ সালে জাপানের বিভিন্ন স্কুলের ছেলেদের টিফিনে খরচ থেকে পাঠানো অর্থে করা হয়েছিলো।
এর কিছু দূরে এগিয়ে গেলে হিরোশিমা নদীর কোলে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে ১৯১৫ সালের জন লিজেলের করা হিরোশিমার বাণিজ্যিক প্রসার কেন্দ্রটি। ৪৯০ ফুট উচ্চতার এই ভবনটি ছিল হিরোশিমার বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শনীর স্থান। যেখানে দেশ-বিদেশের ক্রেতারা আসতো। এই ভবনটি আঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত হয় বি-২৯ বিমান থেকে ছুঁড়ে দেওয়া পারমাণবিক বোমার আঘাত।
আমরা সবাই বাংলাদেশি ছিলাম। তাই পারমাণবিক বোমায় বিধ্বস্ত এই ভবনের সামনে বাংলাদেশকে তুলে ধরতে আমরা লাল-সবুজের জাতীয় পতাকা হাতে নিলাম। ছবি তুলে দিলো এক মার্কিনী।
দেখলাম, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা ভিড় করেছে সেখানে। পড়ছেন ইতিহাস, দেখছেন বিভীষিকাময় চিত্র। আমাদের সফর সঙ্গী আব্দুল আলিমের বাবাও এসেছিলেন এই হিরোশিমায়। আর তখন থেকেই হিরোশিমা দেখার লোভ ছিল তার। ইতিহাসের এই স্থানটি দেখতে পেরে তিনি খুশি।
দুপুরে স্থানীয় ভারতীয় রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম মিয়াজিমার উদ্দেশ্যে। হিরোশিমার উপকণ্ঠে একটি ছোট দ্বীপ এটি। সাড়ে পাঁচশ’ বছর আগে নির্মাণ করা মিয়াজিমা মন্দিরটি। নদীর বুকে করা এই মন্দিরের ফটক, যা জোয়ারের পানি আসার আগে পায়ে হেঁটে দেখা যায়। আবার জোয়ারের পর পানির উপর ভাসে এটি। হিরোশিমার অন্যতম এই পর্যটনকেন্দ্রে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসেন। মন্দিরগুলোতে উপাসনা করতে অনেকেই পরিবারসহ আসেন।
এভাবে ঘরে বেড়াতে বেড়াতেই কেটে গেল একটি দিন। বিকেল সাড়ে ৪টায় বের হলাম ওসাকার উদ্দেশ্যে। রাত সাড়ে ৮টায় আমরা ফিরলাম ওসাকায়। নিয়ে এলাম অসংখ্য স্মৃতি। যে স্মৃতিগুলো একদিন আমাদের মনে নাড়া দিয়ে বলবে, পারমাণবিক অস্ত্র নিধনের শপথ। থাকবে না কোনো হানাহানি। হিরোশিমার ক্ষত আর ফিরবে না পৃথিবীতে।
তবে মনের ক্ষত আর ইতিহাসের পাতায় রক্তাক্ত অক্ষরগুলো আজও হয়তো ভারাক্রান্ত হয়ে আছে। সব ছাপিয়ে এই বিশ্ব শান্তির পথে এগিয়ে চলুক, এমন প্রার্থনা হৃদয়জুড়ে।
লেখক:
এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি
ইমেইল: nadim.ru@gmail.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
