জাপানের চিঠি: বিজ্ঞানের ভাষা বাংলা হবে কবে?
একটি জাতির শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে বেশি যে জিনিসটি কাজে দেয় তা হলো ‘ভাষা’।
স্বদেশী ভাষায় ও শিক্ষায় যে বিষয়গুলো বোধগম্য হয় সেই বিষয়গুলো অন্যান্য (বিশেষত ইংরেজিতে) তুলনামূলক কম বুঝা যায়। সৃষ্টিকাল থেকে যে জাতি নিজ ভাষায় যত বেশি ‘ধনী’ সেই জাতির জ্ঞান-বিজ্ঞানের পরিসীমা ততো বেশি উজ্জ্বল।
জাপানে শিক্ষা ব্যবস্থায় কেউ যদি ইংরেজি নাও জানে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। কারণ, এ দেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো যে বিজ্ঞানের অনেক কঠিন বিষয়গুলো তারা বইয়ের ভাষায় সহজ করে দিয়েছে। যে কারণে, জাপানিদের পড়াশোনার গভীরতাও বেশ, যেখানে আমরা অনেক সময় হারিয়ে যাই।
অনেক অধ্যাপকই রয়েছেন, যারা দুটি বাক্য ইংরেজিতে বলতে পারেন না। কিন্তু সেই অধ্যাপক নিজের গবেষণা ও জ্ঞানের পরিধিতে অনেক এগিয়ে। কারণ একটাই, ভাষা। এরা যা শিখেন, যা লিখেন তা নিজের ভাষায়। এদের ধারণা, যদি স্বদেশী ভাষায় পাঠ সহজ হয়, তবে সেই ভাষাটির মাধ্যমে পড়াশোনার গভীরে যাওয়া যায়।
আমার ল্যাবে সাধারণত সব ধরনের প্রেজেন্টেশন ইংরেজিতেই হয়। সবাই ইংরেজিতে দিলেও সপ্তাহ দুয়েক আগে কনিতো ইয়োশিদা নামের একজন শিক্ষার্থী জাপানি ভাষায় তার প্রেজেন্টেশন দিলেন।
যদিও তার স্লাইডগুলো ছিলো ইংরেজিতে। আমার বুঝতে সমস্যা না হলেও তার উপস্থাপনায় কোন ইংরেজি শব্দ পেলাম না। আমি সত্যিই অবাক হয়ে গেছি, আধা ঘণ্টার একটি উপস্থাপনায় বিজ্ঞানের নানা টার্ম একবারের জন্য হলেও এরা ইংরেজিতে স্পর্শ করলেন না।
আমরা দেশে থাকতে বায়োলজিক্যাল কিংবা রাসায়নিক কিংবা পদার্থের যেগুলো টার্ম কেবল ইংরেজিতে শিখেছিলাম তার প্রায় প্রতিটি শব্দই এ দেশের জাপানি ভাষায় রয়েছে।
ওর প্রেজেন্টেশনের পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি যে প্রেজেন্টেশন দিলেন, সেখানে তো অনেকগুলো ইংরেজিতে সায়েন্টিফিক টার্ম ছিলো, সেইগুলো কি আপনি বলেছিলেন?
উত্তরে ইয়োশিদা বললেন, হ্যাঁ অবশ্যই বলেছি। তাহলে, নিউক্লিয়াসকে কী বলেন আপনারা? বললেন, নিউক্লিয়াসের জাপানি হলো কাকু, ভাইরাসের নাম ইউরোসু, ব্যাকটেরিয়ার নাম সেইকিন, এন্ডোপ্লাজম রেটিকুলাম নাম সোহোতাই, নিউক্লিয়ার পোর নাম কাকুসোকু।
ওর কথা শুনে আমার আগ্রহ আরও একটু বাড়লো। এরপর আমার ওই সহকর্মীর কাছে কিছু রাসায়নিক নাম জানতে চাইলাম। ওকে বললাম তোমরা আরোমেটিক কে কী বলো? সে বলল, হোকোযুকো । ইলেকট্রোফোরেসিসকে ডেনকিডো, ব্যাটারিকে ডেনচি, চার্জকে ডেনকা, সালফিউরিক এসিডকে রিওসান, হাইড্রোক্লোরিক এসিকে ইনসান, সোডিয়াম হাইড্রোঅক্সাইডের নাম সুইসানকা নাটুরিয়াম বললো।
অথচ আমরা যখন এগুলো স্কুলে পড়েছি কিংবা বিশ্ববিধ্যালয়ে পড়েছি, তার সবগুলো অর্থই ছিল ইংরেজিতে। যার ফলে আমাদের ভাষার গভীরতায় বিজ্ঞানের গভীরতায় ঢোকা সম্ভব হয় না।
জাপানে স্কুল পর্যায়ের শিক্ষায় ইংরেজি টার্ম ব্যবহার তেমন করা হয় না। বিশেষ করে বিজ্ঞানের বইগুলো পুরোটাই জাপানের নিজস্ব শব্দে শিখানো হয়। যার ফলে অনেক সময় দেখি আমার ল্যাবমেটরা ইংরেজি উপস্থাপনায় জাপানি শব্দগুলো হরহামেশা বলে ফেলে।
অথচ আমাদের উচ্চশিক্ষার অধিকাংশ বিভাগে বাংলা ভাষায় লেখা কোন বই পাওয়া যায় না। যার ফলে বিদেশি ভাষায় অনেক সহজ জিনিস বুঝতেও আমাদের কঠিন হয়।
এমনও শব্দ বিশেষ করে বিজ্ঞানের ভাষার নিজ অংশই ইংরেজি। ইংরেজির উচ্চারণ কেবল বাংলা বর্ণমালার মধ্যে সীমাবদ্ধ। যেকারণে, বাংলা লেখা কোন বইয়ের চেয়ে ইংরেজি বই তখন সহজ হয়ে পড়ে। এজন্য উচ্চশিক্ষালয়ে ধীরে ধীরে বাংলা ভাষার প্রভাব ক্ষীয়মান।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাষা ইনস্টিটিউট কিংবা ভাষা বিভাগ রয়েছে, বাংলা একাডেমির নিজস্ব গবেষণাকেন্দ্রও রয়েছে। অথচ সেই সময় ইনস্টিটিউটগুলো ব্যস্ত পরদেশী ভাষা চর্চায়। নিজের দেশের ভাষায় যে অলংকরণ প্রয়োজন তা মনে হয় তারা ভুলে গেছেন। বিজ্ঞানের ভাষা প্রয়োগ করতে অনীহা রয়েছে তাদের। ফলে আমরা বাংলা ভাষায় বিজ্ঞানের ভাষাগুলো কমই ঢুকাতে পারছি।
কথায় কথায় আমাদের অনেকে অভিযোগ করে, আমরা কেন বাংলা- ইংরেজি ভাষার মিশ্রণে কথা বলি। কেন আমরা বাংলা বক্তব্য দিতে পারি না?
এ কথার সহজ উত্তর আমাদের শিক্ষাব্যবস্থা। একজন গবেষক কিংবা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষার্থী যদি তার বিষয়ের উপর ২ মিনিট বাংলায় কথা বলতে দেয়া হয়, তখন দেখবেন কীভাবে তারা বাংলা আর ইংরেজিকে একাকার করে দেয়।
কারণ, আমাদের ভাষার সীমাবদ্ধতা। আমাদের বিজ্ঞানের ভাষাগুলো সিংহভাগই ইংরেজি রয়ে গেছে। ফলশ্রুতিতে আমাদের শিক্ষার্থীরা তার পাঠের ভাষাগুলো বাংলাতে পাচ্ছে না। যার কারণে, বিদেশি ভাষাকে বাংলা বর্ণমালার সমাহারে ইংরেজির উচ্চারণ হচ্ছে মাত্র।
একথা মেনে নেয়ায় শ্রেয়, আমাদের সাহিত্যে আমাদের বাংলা ভাষার গভীরতা রয়েছে। যে গভীরতায় বিশ্বে সাহিত্যে আমাদের অনেকের অবদান রয়ে যাচ্ছে। তবে ভাষার উপাদানগুলো সাহিত্যে যতটুকু এগিয়ে গেছে, বিজ্ঞানের ক্ষেত্রে ততোটা এগিয়ে যেতে পারেনি। সেটা হতে পারে, বিজ্ঞানে অধ্যায়ন করে অনেক গবেষক বিষয়গুলো বাংলা করার চেষ্টা করেনি কিংবা বাংলা ভাষায় পণ্ডিত রয়েছেন, তারা বিজ্ঞানের ছাত্র ছিলেন না। যার কারণে, আমাদেরকে পিছিয়ে পড়তে হয়েছে।
আজ অনেকে দাবি করেন, কেন আমাদের উচ্চ শিক্ষালয়ের পরিভাষা মাতৃভাষায় হয় না? কেন আমরা বাংলা ভাষায় পাঠ চর্চা করতে পারি না?
বিষয়টি আপনি নিজে নিজে ভাবুন তো, একটি বায়োলজিক্যাল সায়েন্স কিংবা প্রকৌশল বিদ্যার বইয়ের ভাষান্তর কতটা মাতৃভাষায় করতে পারবেন? কতটা অনুবাদ করে ইংরেজিতে সমৃদ্ধ বিষয়গুলোকে বাংলায় দখলদারিত্বে আনতে পারবেন?
না আমরা পারবো না। কারণ, আমাদের বাংলা সাহিত্যে বিজ্ঞানের শব্দভাণ্ডার এখনো অপ্রতুল।
দেশের ভাষা সাহিত্যে যত শিক্ষার্থী পাঠ নেন, ঠিক সেভাবে ভাষার গবেষণা হয় না। ভাষা ইনস্টিটিউটগুলো কিংবা বাংলা একাডেমিতে যে গবেষণা হয় তা মূলত ভৌত কিংবা বাংলা সাহিত্যে আবদ্ধ। এর বাহিরে তারা যেতে পারছে না। দেশের ভবিষৎ প্রজন্মের কথা বিবেচনা করে আমরা বাংলা ভাষাকে ‘শিক্ষা’ গ্রহণের মাধ্যম হিসেবে গড়ে তুলতে পারছি না।
অথচ আমাদের ভাষা পণ্ডিতদের উচিত ছিল, বাংলা ভাষাকে আরও বেশি বেশি প্রাঞ্জল করে পাঠকদের কাছে তুলে আনা। বাংলা কেবল সাহিত্যের পাঠ নয়, সেটা সামগ্রিক দিক থেকে হওয়া উচিত। বিজ্ঞানের শব্দ ভাণ্ডার বাংলায় এগিয়ে নেয়ার দায়িত্ব সবার। এটাকে পিছিয়ে রেখে মাতৃভাষায় বিজ্ঞানচর্চা সামনের দিকে চালিয়ে নেয়া কষ্টকর বটে।
এমনিতে বিজ্ঞানের প্রতি এদেশের শিক্ষার্থীদের একটা অনীহা রয়েছে। তার কারণও কিন্তু এ ভাষা বিভ্রাট। আমাদের মস্তিষ্কের যে হিপ্পোক্যাম্পেল রয়েছে যার কাজ স্মৃতি ধরে রাখা। এ জিনিসটি সবেচেয়ে বেশি সক্রিয় থাকে তখন যখন মাতৃভাষায় কোন কিছু সংরক্ষণ করা হয়। ভাষার উন্নতির সঙ্গে এটি বেশি সংক্রিয় হয়।
আমাদের উচিত হবে, কেবল ভাষাগত সাহিত্যে চর্চা নয়, বিজ্ঞানের চর্চাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলা। শিক্ষার্থীদের বিজ্ঞান পাঠে আগ্রহী করে তুলতে হলে আমাদের উচিত হবে বিজ্ঞানে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে উন্নত করা। সায়েন্সের টার্মলজিগুলাকে আমাদের মাতৃভাষায় রুপ দেয়া।
আর এ কাজের জন্য দেশের ভাষা পণ্ডিতদের এগিয়ে আসা শ্রেয়। প্রয়োজনে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেয়া যাতে করে আমরা আমাদের মাতৃভাষাকে আরো বেশি সমৃদ্ধ করতে পারি।
লেখক:
এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি
ইমেইল: nadim.ru@gmail.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
