নিজের শ্রমের উপার্জন ও কাজের সম্মান
‘সবচেয়ে উত্তম এবং সম্মানিত পেশা কী?’-এক আলোচনা সভার এক কোণে বসে শুনছিলাম প্রশ্নটা। বিজ্ঞ উত্তরদাতা বললেন, ‘নিজ পরিশ্রমের দ্বারা যে পেশায় সৎ পথে উপার্জন করা হয়, তাই উত্তম ও সম্মানিত পেশা।’
কি চমৎকার জীবনদর্শন! ক’জন বুঝি বা মানি? রিকশার প্যাডেলে চাপ মেরে কিংবা ইট ভেঙ্গে যে মানুষ বৈধভাবে রোজগার করে, তার সম্মান কোনোভাবেই তার থেকে কম নয় যিনি এসির ঠাণ্ডা বাতাসে অফিস কক্ষে কাজ করেন।
বরং সমাজের উঁচুতলায় বসে অবৈধভাবে যে মানুষ রোজগার করে ধনী হন, তার চেয়ে ওই নিচুতলার পরিশ্রমী সততার সাথে রোজগেরে মানুষের সম্মান অনেক বেশি।
মুসলিম ধর্মাবলম্বীরা অনেকেই ছোটবেলায় নবী মুহাম্মদের জীবনীর একটা অংশ পাঠ করেছেন। তিনি কীভাবে একজন ভিক্ষুককে কাঠুরিয়া বানিয়ে নিজের হাতে রোজগার করতে শেখান। তাঁর মহান বাণী- “কাহারো জন্য স্বহস্তে উপার্জিত খাদ্য গ্রাস অপেক্ষা উত্তম খাদ্যবস্তু আর কিছু হতে পারে না।”
বস্তুত নিজ শারীরিক পরিশ্রম কিংবা নিজ হাতের উপার্জনের চেয়ে বড় কিছুই হতে পারে না। পৃথিবীতে যে জাতি যত পরিশ্রম করেছে, তারাই নিজেদের উন্নতির শিখরে নিয়ে গেছে।
আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করল, “এত বছর চীনে থেকে কোন জিনিসটা শিখেছো? তোমার গবেষণা সম্বন্ধে জানতে চাইছি না, অন্য বিষয়ে- ব্যক্তিগত বা সামাজিক।”
আমার উত্তর তৈরি, “কাজ। নিজের কাজ।” এ দেশে সবাই কাজ করে, অন্যকে এবং অন্যের কাজকে সম্মান করে। কেউ এমন আশা করে না, অন্যে এসে কাজ করে দিয়ে যাবে। যার যেখানে কাজ, সে সেখানে তৈরি।
একদিন প্রমাণ পেলাম। বাসার দরজার সামনে ঠুকঠুক আর টুনটুন আওয়াজ হচ্ছে। ভোররাত ৪টা। বেরিয়ে দেখি সত্তর পার হওয়া এক পরিচ্ছন্নতা-কর্মী ভদ্রমহিলা নিজের মনে কাজ করে চলেছেন। ভাবি, ভোররাত ৪টায় যার কাজ শুরু করতে হয়, তাকে ঘর থেকে বের হতে হয় কখন!
বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধান নিজের কক্ষ ঝাড় দিচ্ছেন। দেখে কেমন লাগল। কাছে গিয়ে বললাম, “লাওশি, (চীনা ভাষায় শিক্ষকদের এভাবে সম্বোধন করা হয়), আমাকে ঝাড়ুটা দাও, আমি ঝাড় দেই।” কোনোভাবেই তার হাত থেকে ঝাড়ু নিতে পারলাম না। উল্টো আমাকে মৃদু বকা দিলেন, “তুমি কি ভাবো, আমি বুড়ো হয়ে গেছি?”
টয়লেট পরিষ্কার করে বেরিয়ে এলেন আরেক পরিচ্ছন্নতা-কর্মী। অধ্যাপক সাহেব ডেকে নিলেন তাকে, গরম পানি ঢেলে তার চায়ের পাত্র ভরে দিলেন! এখানে ব্যক্তিগত ফুট-ফরমায়েস খাটার জন্য কারো পিয়ন নেই, ব্যক্তিগত গাড়ি চালক নেই (যারা রাষ্ট্রের একেবারে উচ্চপর্যায়ে কাজ করেন, তাদের জীবনপদ্ধতির কথা অবশ্য জানি না)।
এখানে বাসায় কাজের মানুষ নেই। আমার বন্ধু ওয়ান আমাকে পারিবারিক দাওয়াত দিল, তাদের শহর ছেড়ে আসার সময়ে। তার বাবা-মা দু’জনেই ইঞ্জিনিয়ার। সে একমাত্র ছেলে। বিশাল আলিশান ফ্লাট। গিয়ে দেখি রান্না ঘরে ঘেমে অস্থির হয়ে মধ্যবয়স্ক দু’জন মানুষ রান্না করে টেবিল ভরিয়ে ফেলেছেন। সাহায্যকারী কেউ নেই।
বাজার, ব্যাংক, বাচ্চাদের স্কুল যেখানেই যাই, সব বৃদ্ধ-বৃদ্ধাদের দেখি। বাইরের চাকরি থেকে অবসর নিয়ে সন্তানদের সংসারে তারা নতুনভাবে কাজে জড়িয়ে যায়। তাদের তরুণ সন্তানেরা তখন বাইরের কাজে ব্যস্ত। এক মুহূর্ত এখানে কেউ নষ্ট করে না।
কর্মস্থলে কাজের ফাঁকে প্রয়োজনীয় কথাটুকু এরা সারে একজন আরেকজনের সাথে। কিন্তু অফিস ক্যান্টিনে গিয়ে চায়ের টেবিলে এরা ঝড় তোলে না, পরনিন্দায় ব্যস্ত থাকে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের ‘ক্লাস-টাইম’-এর সময়ে অন্য কাজে ব্যস্ত হয়ে থাকে না।
অন্যের উপর নির্ভর করাতে এদের মহা আপত্তি। বিশ্ববিদ্যালয়ে গরমের ছুটি শুরু হয়েছে। দেড় মাসের। এক ছাত্রকে জিজ্ঞাসা করলাম, কবে বাড়ি যাচ্ছে। সে বলল, দুই সপ্তাহ পরে। কারণ এই দুই সপ্তাহ সে এক শপিংমলে কাজ করবে। যে আয় হবে, তা দিয়ে তার আসা-যাওয়া আর ছুটির খরচ মিটে যাবে।
তার বাবা-মা দরিদ্র নয়। কিন্তু সে চায়, ২০ বছর বয়সে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে, যাতে বাবা-মায়ের উপর নির্ভর করতে না হয়।
এক ছেলের কথা জানি। সে ভালো বেতনের চাকরি করে। সে তার বৃদ্ধ বাবার ভরণপোষণ করতে চায়। কিন্ত সে বৃদ্ধের আত্মসম্মান অনেক বেশি। এ বয়সেও সে ছেলের উপর নির্ভরশীল হতে চায় না। নিজে ফলের বাগান করে।
ছেলে মাঝে মাঝে বন্ধু-বান্ধব নিয়ে বাপের বাগান দেখতে যায়। নিজের পকেট থেকে বন্ধুদের টাকা দিয়ে বলে, তার বাবার কাছ থেকে বেশি বেশি ফল কিনতে। বন্ধুরা আবার সে ফল কিনে উপহার হিসেবে দিয়ে আসে। কী চমৎকার উদাহরণ এক বৃদ্ধের কাজের প্রতি ভালোবাসার আর আত্মসম্মানবোধের, আর তার প্রতি তার ছেলের ভক্তির!
মাঝে মাঝে কারণে-অকারণে আমার মনে হয়, আমাদের উপমহাদেশিয় মানুষের চেয়ে চীনাদের বুদ্ধিজ্ঞান একটু কম। তা সত্ত্বেও পৃথিবীব্যাপী এদের উন্নতি অবাক করার মতই। এর মূলে সম্ভবত ‘কাজ’।
এত বিশাল জনসংখ্যার দেশে সব মানুষ যখন নিজের দায়িত্ববোধ নিয়ে নিজের কাজটুকু করে যান, সে দেশ অগ্রগামী হবেই।
লেখক: প্রবাসী বাংলাদেশি।
ইমেইল: asadkhanbmj@yahoo.com
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
