জাপানের চিঠি: ‘আকামে ৪৮’ জলপ্রপাতের সন্ধানে
গত কয়েক সপ্তাহ ধরে জাপান জুড়ে প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা চলছে। ভূমিকম্প, অতি বৃষ্টিতে বন্যায় হতাহতের সাথে যোগ দিয়েছে দাবদাহ। মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হলেও থেমে নেই জাপানের স্বাভাবিক জীবন।
দাবদাহ প্রাত্যহিক জীবনে কিছু প্রভাব বিস্তার করলেও মানুষের কর্মব্যস্ততা দেখলে মনেই হবে না এই দেশে প্রাকৃতিক দুর্যোগ শক্তিশালী। রেকর্ড ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাঁধে নিয়ে সংগ্রামমুখর এই জাতিকে দেখে নিজেদেরই খারাপ লাগে।
কর্মব্যস্ততা জাপানিদের বেঁচে থাকার প্রধান অনুষঙ্গ। এই জাতি কাজের মধ্যে ডুবে থাকলেও সময়ের ফাঁকে জীবনটার রঙ উপভোগ করতে বিন্দু পরিমাণ দ্বিধা করে না। গবেষণায় একঘেঁয়েমি এড়াতে আমাদের ল্যাবের ঐতিহ্য প্রতি বছর সবাইকে নিয়ে একটি ট্যুরের আয়োজন করা। আর এটাকে নিয়ে উৎসাহ-উদ্দীপনা চলে কয়েক মাস ধরেই।
এই বছরের ভেন্যু ঠিক করা হলো মিয়ে প্রদেশের আকামে ৪৮ নামক একটি জায়গা। ‘আকামে ফোরটি এইট’, শুনলে যে কারও মনে আসতে পারে জাপানের জনপ্রিয় ব্যান্ড দল ‘একেবি ৪৮’। যদিও এটি এখন ভেঙ্গে গেছে, তারপরও পুরো জাপান তথা বিশ্বজুড়ে এই ব্যান্ড দলটির লাখো ভক্ত তৈরি করেছে।
গেল শনিবার সকাল ১০টার দিকে আমরা সবাই ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হলাম। ছয়টি গাড়িতে চারজন করে মোট ২৫ সদস্যের বহর আমাদের। ঘণ্টা দেড়েক চলার পর আমরা পৌঁছলাম ওসাকার কাছের শহর নারাতে। হাইওয়ের পাশ ঘেঁষে গড়ে ওঠা রেস্তোরাঁয় দুপুরের খাবার সেরে ফের বের হলাম আকামে ফোরটি এইটের উদ্দেশ্যে।
আঁকাবাঁকা সর্পিলাকার পথ দিয়ে চলছে আমাদের গাড়িটি। এর চালক আসনে ছিল আমাদের এক সহকারী অধ্যাপক। জাপানিরা জাতিগতভাবে একটু লাজুক প্রকৃতির। তবে অনুষ্ঠান বা কোন উৎসবে এদের দেখলে মনে হবে না এরা কম কথার মানুষ।
যাই হোক, আমার ওই সহকারী অধ্যাপক পুরো রাস্তায় গল্পের পসরা নিয়ে বসেছিল। একটার পর একটা বিষয় নিয়ে হাজির হচ্ছিল। আমি তাকে সঙ্গ দিয়ে গেলাম। পাহাড়ি রাস্তায় এঁকেবেঁকে চলছে আমাদের গাড়ি। কখনও কখনও আবার পাহাড়ের পেট ভেদ করে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে চলছি আমরা। মাঝে মধ্যে দেখতে পেলাম বিশাল ঘন বন। বড় বড় গাছগুলো যেন পাহাড়গুলোকে অপরূপ সৌন্দয্যমণ্ডিত করে তুলছে।
আমরা বাঙালিরা রাত ১০টার মধ্যে রাতের খাবার খেতে সবাই অভ্যস্ত হলেও জাপানিরা খায় ৬টা থেকে ৭টার মধ্যে। প্রায় ৪৬ পদের খাবার ছিল। আমি মুসলিম হওয়ায় আমার জন্য ছিল স্পেশাল খাবার।
দেড় ঘণ্টা ধরে চললো এই খাওয়া-দাওয়া। এরপর শুরু হলো ফায়ারওকাক্স বা আতশবাজী। গ্রীষ্মের প্রারম্ভে পুরো জাপান জুড়ে এই আতশবাজীর উৎসব যেন জাপানিদের অন্য মাত্রা এনে দিয়েছে। চাঁদের আলোয় আতশবাজীর মুগ্ধতা অন্যরকম আবহ তৈরি করেছিল।
স্যালামান্ডার বা আগ্নেয়গোধা হলো এক ধরনের প্রাণী যা গিরিগিটির মতো দেখতে। জাপানের একমাত্র স্যালামান্ডার সেন্টার এই নাবাড়িতে অবস্থিত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই আগ্নেয়গোধা কেন্দ্রটি জাপানিদের অন্য রকম ভালাবাসার স্থান। ১ দশমিক ২২ মিলিমিটার থেকে শুরু করে কয়েক মিটার দীর্ঘ স্যালামান্ডার ছিল এখানে।
আকামে ৪৮ ঘুরতে এলে সর্ব প্রথম এর প্রবেশ মুখে দেখা মিলবে এই কেন্দ্রটি। জাপানিদের বিশ্বাস যে এই স্যালামান্ডার এক ধরনের প্রাণী যে ঈশ্বরের প্রিয়। যেটি কিনা আগুনেও পোড়তে পারে না। আর অ্যান্ডরিয়াস জাপোনিকাস বৈজ্ঞানিক নামে পরিচিত এই স্যালামান্ডার জাপানের বিলুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে একটি।
জনশ্রুতি রয়েছে, ‘আকামে’ অর্থ ‘রক্তাভ চোখ’। আর ৪৮ স্থানীয়দের দেওয়া। প্রাচীনকালে এই জায়গাটি জাপানের অন্যতম তীর্থস্থল ছিল। যদিও এটি জাপানিদের কাছে নিঞ্জা প্রশিক্ষণের স্থান হিসেবে পরিচিত। ‘নিঞ্জা’ হলো জাপানের ইতিহাস ও ঐতিহ্যর স্বাক্ষী। সামুরাই যুগে এই নিঞ্জারা ছিল সম্রাটের স্পাই বা গোয়েন্দা। বহু সিনেমার অংশ এই নিঞ্জারা সাধারণ মানুষের মাঝে মিশে থাকা অসাধারণ মানুষ। যারা সমর প্রশিক্ষণ থেকে শুরু করে শক্তি প্রদর্শনে অন্যন্য।
নিঞ্জা জাপানে এখন নিষিদ্ধ। তবে জাপানের বিভিন্ন এলাকায় বিশেষ পোশাকে কেবলমাত্র দর্শনার্থীদের জন্য এর ইতিহাস জাপানিদের সামনে তুলে ধরা হয়। এই আকামে ৪৮ তেমন একটি স্থান যেখানে নিঞ্জাকে জানার জন্য নিঞ্জা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এক ঘণ্টার এই প্রশিক্ষণে সান্ত্বনা হিসেবে সনদ জুটলেও এটি কেবল জাপানি সংস্কৃতির একটি অংশ মাত্র। আমাদের এই সফরে আমরা ঠিক নিঞ্জা প্রশিক্ষণালয়ে যাইনি।
১৫ মিটার উচ্চতার এই জলপ্রপাত দেখার জন্য এক পাহাড় থেকে অন্য একটি পাহাড়ের মাঝখানে একটি সেতু তৈরি করা হয়েছে। এখানে দাঁড়িয়ে জলের শব্দ উপভোগ করা যায়। এটি সত্যি একটি রোমান্টিক জায়গা ছিল।
এটি দেখার পর আমরা ফের হাঁটা শুরু করলাম। প্রায় দেড় কিলোমিটার পাহাড়ি রাস্তা হাঁটার পর আমারা দেখা পেলাম দ্বিতীয় জলপ্রপাতের। সেনজু ওয়াটার ফল নামে পরিচিত। সেনজু কানন নামকে জাপানিদের এক বৌদ্ধ ভিক্ষুর নামানুসারে এটির নামকরণ করা হয়। ২০ মিটার দীর্ঘ এই জলপ্রপাত অসাধারণ ছিল। বড় বড় পাথরের স্তুপ অন্য রকম পরিবেশ তৈরি করেছে যেন।
মাথার উপর ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ। যদিও উঁচু গাছ ভেদ করে খুব কম তাপই আমরা অনুভব করছিলাম। কিন্তু আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে হাঁটতে যে কেউ ক্লান্ত হয়ে যাবে, তাতে কোন সন্দেহ নেই। অ্যাডভেঞ্চার যাদের পছন্দ, তাদের কাছে অন্যরকম একটি স্থান এটা। পাহাড়ের কোল দিয়ে করা হয়েছে রাস্তা। কংক্রিটের এই রাস্তার পাশে লোহার রেলিং করা হয়েছে।
তৃতীয় জলপ্রপাতের কাছে যেতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে। প্রথম ও দ্বিতীয় ঝরনার মধ্যবর্তী স্থানে পানীয়ের দোকান থাকলেও এরপর আর কিছু নেই। ফলে, কাছে জলের বোতল না থাকলে মাঝ পথে তৃষ্ণার্ত হওয়ার সম্ভবনাই বেশি থাকে।
এটি দেখার পর আমরা সবাই ক্লান্ত হয়ে পড়লাম। কয়েক কিলোমিটার উঁচু পাহাড়ে উঠার পর শরীরে অন্যরকম এক ধরনের চাপ অনুভূত হচ্ছিল। সম্ভবত ভূপৃষ্ঠ থেকে উঁচুতে উঠায় আমাদের শরীরের রক্ত সঞ্চালনে এক ধরনের চাপ পেয়ে বসেছিল। ভ্যাপসা গরম কিছুটা লাগলেও সবুজ পল্লবে সাজানো পাহাড়ি বনের অপার সৌন্দর্য নিমিষেই চোখ শীতল করে দিয়েছে।
এরপর আমরা সিদ্ধান্ত নিলাম, আর এগিয়ে যাব না। সম্ভবত আরও দু’টি ঝরনা দেখতে গেলে আমাদের অনেকেই আর হাঁটার শক্তি পাবে না। আর এই শঙ্কা থেকে আমাদের দলটি ফেরার সিদ্ধান্ত নিয়েছিল।
এক সঙ্গে বড় বড় তিনটি জলপ্রপাত দেখার সৌভাগ্য এর আগে আমার হয়নি। তবে প্রকৃতির নিজস্ব ভঙ্গিতে গড়ে ওঠা এই ঝরনাগুলো পর্যটকদের জন্য অন্যরকম বিনোদনের খোড়াক হয়ে আছে। নিত্যদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছে সেখানে। পাহাড়, আকাশ আর ঝরনার সম্পর্কগুলো এমনভাবে তৈরি হয়েছে যে তা মানুষের ভালোবাসার তীর্থস্থল হিসেবে নজর কাড়বে।
লেখক:
এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি
ইমেইল: nadim.ru@gmail.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
