২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের চিঠি: চাকরির পেছনে কেন ছুটবেন?

ধরুন, আপনি অনার্স চতুর্থ বর্ষে কিংবা মাস্টার্সে পড়ছেন। আর পড়াশোনা যেদিন শেষ হবে, তার পরদিনই চাকরিতে ঢুকতে চান- কেমন হয় বলুন তো?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 10:22 AM

Updated : 11 Oct 2022, 02:43 PM

আপাত দৃষ্টিতে আমাদের কাছে বিষয়টা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো মনে হলেও এটা জাপানের শিক্ষার্থীদের জন্য ডাল-ভাত। গত তিন বছর ধরে আমি অন্তত দশজন ল্যাবমেটকে দেখেছি, যারা পড়াশোনা করা অবস্থায় চাকরি পেয়ে যান।

একাডেমিক সেশন শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই জাপানের অনেকেই চাকরিতে ঢোকেন। এটা শুধু আমার ল্যাবমেটদের জন্য নয়, পুরো জাপানেই এই ব্যবস্থা প্রচলিত রয়েছে।

যে দু’টি বিজ্ঞাপন দেখছেন, তার প্রথমটি আমার অধ্যাপক গতকাল আমাদেরকে ইমেইল করেছেন আর দ্বিতীয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠিয়েছেন। প্রতি মাসেই হরহামেশাই এ ধরনের মেইল পাই আমরা।

পড়াশোনা করে আপনি কী করবেন, তার সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে। তবে আপনার সিদ্ধান্তকে বাস্তবায়নে সহায়তা করবে আপনারই বিশ্ববিদ্যালয়। হ্যা, জাপানে সাধারণত কোনো কোম্পানি আপনাকে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেয় না। চাকরি পেতে হলে এইসব ‘চাকরি মেলা’য় অংশ নিতে হয়। আর সেখানেই পরীক্ষার মাধ্যমে বাছাই প্রক্রিয়া শুরু হয়।

একাডেমিক সেশনের মতো এই দেশে বছরের দুইবার চাকরিতে নিয়োগ দেওয়া হয়। এক এপ্রিলে আর অক্টোবরে। এই দুই সেশনে চাকরি দেওয়ার জন্য ছয় মাস থেকে এক বছর আগেই কোম্পানিগুলো তাদের কর্মীদের নিয়োগ দেয়।

শুধু কোম্পানিই নয়, সরকারি চাকরির ক্ষেত্রেও তাই। আর এই জন্য এই দেশের ছেলেমেয়েদের চাকরির খোঁজ করতে হয় অনার্স তৃতীয় বর্ষে আর মাস্টার্স প্রথম বর্ষ থেকে। আপনার সনদ ছাড়াই এরা আপনাকে নিয়োগ নিশ্চিত করবে। কারণ, এরা ধরেই নেন যে শিক্ষার্থীরা অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তরের সনদ সময়মতো পাবে।

ধরুন, আপনি কোনো কারণে ফলাফল খারাপ করলেন, সেক্ষেত্রে আপনি হয়তো এক বছর পিছিয়ে গেলেন। তবে চাকরি আপনার কনফার্মই থাকে। যোগদানের পর সনদ দিতে হয়।

এরা মনে করে, আপনার প্রতিটি সেকেন্ড এই দেশের উন্নয়নে কাজে লাগুক। আপনার মূল্যবান সময় বসে না থেকে কর্মে ব্যয় করুন। সম্ভবত এই নীতির জায়গা থেকে জাপানিদের চাকরিদের জন্য কালক্ষেপণ করতে হয় না।

জাপানের এই বিষয়টি নিয়ে আমাদের দেশকে একবার কল্পনা করুন তো, কী মেলে সেখানে? একবার ভাবুন তো, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কথা কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা? তারা তাদের শিক্ষার্থীদের একটা-দুইটা সনদ তুলে দেওয়া ছাড়া কী করে?

এমনিতে ক্লাস নেয় না, তার ওপর সেশনজটে ওষ্ঠাগত জীবন নিয়ে আপনি যখন বের হবেন বিশ্ববিদ্যালয়গুলো থেকে, এরপর চাকরির পেছনে বছরের পর বছর ঘুরে জীবনের মূল্যবান সময় খুইয়ে ফেলবেন। তারপর চলবে নিয়োগ ব্যবস্থার ‘অপরিশোধিত’ পরিবেশন।

চার বছরের অনার্স সাড়ে পাঁচ বছরে শেষ করে যা যা পড়লেন, সেগুলো আপনার চাকরির পরীক্ষায় কাজে দিচ্ছে না। কাজে দিচ্ছে যেগুলো আপনি দশ বছর আগে পড়েছিলেন, সেগুলো। কি হাস্যকর পরিস্থিতিতে কর্মী নির্বাচন করেন তারা!

তারা পারেনও বটে! যেগুলো আপনার কোম্পানির সংশ্লিষ্ট নয়, সেইগুলো আপনি আপনার চাকরিপ্রার্থীদের প্রশ্ন করে বাছাই করছেন। যে ছেলেটা বা মেয়েটা তিন বছর চাকরির পড়াশোনা করেই পার করলো, সেই ছেলের অনার্স পড়ার দরকার ছিল কি?

যেসব প্রশ্ন চাকরিদাতারা করেন, সেগুলোর জন্য তো অনার্স প্রয়োজন নেই। এইচ.এস.সি. পড়ে জব গাইডগুলো চর্চা করলেই তো সেরা হওয়া যায়, তাহলে বিশ্ববিদ্যালয় পাঠের হেতু কী?

চাকরির জন্য দৌড়াদৌড়ি করে যে সময় নষ্ট হলো, সেটা তো আখেরে দেশের জন্যই ক্ষতি। ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রিতার জের ধরে বছরের পর বছর অপেক্ষা করানোর প্রয়োজন তো নেই।

চাকরির বিজ্ঞাপন দিয়ে লাখ টাকা খরচ না করে যৌথভাবে এভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার কোম্পানির মৌলিক বিষয় আলোচনা করে চাকুরিপ্রার্থীদের আকৃষ্ট করুন। তারপর ফ্রেশ শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে কোম্পানিতে আনুন। আপনারা যে অভিজ্ঞতা চেয়ে বিজ্ঞপ্তি দেন, সেটা বন্ধ করুন। এইসব যোগ্যতার মাপকাঠি হতে পারে না।

ক্যারিয়ার বিষয়ক সচেতনতা তৈরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও নিতে হবে।  কেবল সনদ দিয়ে পার করানো নয়, দক্ষ মানবশক্তি তৈরি করাও একজন শিক্ষকের কর্তব্য বটে। সময়মতো একাডেমিক সেশন পার করে দেওয়ার দায়িত্ব তাদেরই নিতে হবে।

আসুন, দেশটাকে আমরা পরিবর্তন করি। সেকেলে নিয়মগুলোকে কাটাছেড়া করে নতুনত্বের স্বাদ নিয়ে আমাদের তরুণ সমাজকে দেশ গঠনে সহায়তা করি।

ভালো কাজের শুরুটা আপনি করুন, দেখবেন অন্যরাও আপনার পথে পা বাড়াচ্ছে। তারুণ্যের শক্তিটাকে কাজে লাগান।

লেখক:

 এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

ইমেইল: nadim.ru@gmail.com

এই লেখকের আরও পড়ুন

জাপানের চিঠি: বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি (পর্ব-২)

জাপানের চিঠি: বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি (পর্ব-১)

জাপানের চিঠি: শিক্ষিতদের কুসংস্কার!

জাপানের চিঠি: ধর্মীয় উৎসব সবার

জাপানের চিঠি: কুমামতো ক্যাসেলের ক্ষত

জাপানের চিঠি: স্যালুট মানবিক বাংলাদেশ

জাপানের চিঠি: বন্যার্তদের পাশে কেবল সরকারই কেন?

জাপানে শিশুদের কান্না প্রতিযোগিতা

জাপানের চিঠি: আমাদের চিকুনগুনিয়া, জাপানের লাল পিঁপড়া

জাপানের চিঠি: মিথ্যার পেটে সত্যের ঈদ

জাপানের চিঠি: ধর্ম যেখানে জীবপ্রেম

জাপানের চিঠি: ব্যস্ততার ঘরে এক পশলা সুখ বৃষ্টি

জাপানের চিঠি: একটি পূর্ণদৈর্ঘ্য সাকুরা প্রেম কাহিনী

জাপানের চিঠি: বাঙালি খাবারে রক্তাভ জাপানিরা

জাপানের চিঠি: বিদেশিদের বাংলা শিখিয়ে একুশ পালন

জাপানের চিঠি: সব কিছুই বৈধতা পায় 'লাভ হোটেলে'!

জাপানের চিঠি: উপকার করা যে জাতির ধর্ম

জাপানের চিঠি: ভয়ানক অভিজ্ঞতার পরও তুষারকে ভালবাসি!

জাপানের চিঠি: পাকিস্তানকে লজ্জা দিতে দূতাবাসের সামনে ভাস্কর্য হোক

সাক্ষাৎকার: জাপানে রবীন্দ্রস্মৃতি ও গণিকা সংস্কৃতি

পর্ন, যৌনশিক্ষা এবং জাপানি দৃষ্টান্ত

স্যালুট হে কৃষক পিতা

ক্রিকেটে বাঙালিদের চিনছে জাপানিরা

জাপানি কাঁচা বাঁশ ও অন্যান্য রেসিপি

জাপানে এক 'ভিনগ্রহের' শহর

কোরআন শিখতে চেয়েছেন জাপানি অধ্যাপক

জাপানেও প্রিয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাপানে পড়াশোনা করতে গিয়ে

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!