চুক্তি বাতিল করলেন মাস্ক, মামলার হুমকি টুইটারের
চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার যে চুক্তি করে পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, একাধিক শর্ত ভঙ্গের কারণ দেখিয়ে সেই চুক্তি থেকে তিনি সরে এলেন।
বিবিসি লিখেছে, বিশ্বের শীর্ষ ধনী মাস্ক গত এপ্রিলে জনপ্রিয় এই সোশাল মিডিয়া কোম্পানি কেনার ঘোষণায় যে কাহিনীর জন্ম দিয়েছিলেন, চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তে তাতে নতুন মোড় এল।
মাস্ক বলেছেন, স্প্যাম আর ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে যথেষ্ট তথ্য দিতে টুইটার ব্যর্থ হয়েছে, আর সেটাই তার চুক্তি বাতিল করার মূল কারণ।
শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’র কাছে দাখিল করা নথিপত্রে মাস্কের আইনজীবীরা বলেছেন, টুইটার মালিকানা হাতবদলের উদ্দেশ্যে স্বাক্ষরকৃত সমঝোতা চুক্তির ‘শর্ত ভঙ্গ’ করায় এবং আলোচনা চলাকালীন ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য দেওয়ার কারণেই ক্রয় প্রস্তাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।
“প্রায় দুই মাস ধরে মাস্ক টুইটারের প্ল্যাটফর্মে ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টের প্রাদুর্ভাব স্বাধীনভাবে যাচাই করার জন্য ডেটা ও তথ্য চেয়েছেন। ওই তথ্য সরবরাহ করতে টুইটার ব্যর্থ হয়েছে ও অস্বীকৃতি জানিয়েছে,” এসইসির কাছে জমা দেওয়া নথিতে লিখেছেন মাস্কের আইনজীবীরা।
তবে, মাস্ককে সহজে ছাড় দিতে রাজি নয় টুইটার। এসইসির কাছে মাস্কের আইনজীবীরা চুক্তি থেকে সরে দাঁড়ানোর নথিপত্র দাখিল করার কয়েক ঘণ্টার মধ্যে টুইট করে অধিগ্রহণ চুক্তি সম্পন্ন করতে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন টুইটার চেয়ারম্যান ব্রেট টেইলর; আদালতে জয়ের ব্যপারেও আত্মবিশ্বাসী তিনি।
“মাস্কের সঙ্গে যে দাম ও শর্তে চুক্তির সমঝোতা হয়েছিল, টুইটারের পরিচালনা পর্ষদ সেই অনুযায়ী লেনদেন সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একিভূতকরণ সমঝোতা কার্যকর করতে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। আমরা আত্মবিশ্বাসী যে ডেলাওয়্যারের উচ্চ আদালতে আমাদেরই জয় হবে।”
মাস্ক অধিগ্রহণ চুক্তি থেকে সরে আসতে চাইলেও প্রক্রিয়াটি সহজ হবে না বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে। চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে দায়বদ্ধ পক্ষকে একশ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে।
অন্যদিকে, আইনের আশ্রয় নিয়ে হলেও চুক্তির লেনদেন সম্পন্ন করতে টুইটার কর্মকর্তারা আগ্রহী হওয়ার পেছনে যৌক্তিক কারনও আছে বলে উঠে এসেছে সাইটটির প্রতিবেদনে। ৮ জুলাই শেয়ার বাজারে প্রতিটি টুইটার শেয়ার বিক্রি হয়েছে ৩৬ ডলার ৮১ সেন্ট দামে। কিন্তু মাস্কের সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী, শেয়ার প্রতি ৫৪ ডলার ২০ সেন্ট করে পেতেন কোম্পানির শেয়ারমালিকরা।
বর্তমান পরিস্থিতিতে টুইটার ও মাস্ক উভয় পক্ষকে আদালতে প্রমাণ করতে হবে যে সমঝোতা চুক্তির শর্ত ভঙ্গ করা হয়েছে। তবে, এক্ষেত্রে মাস্কের ওপরই চাপ বেশি থাকবে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অফ রিচমন্ড স্কুল অফ ল-এর আইন বিষয়ের অধ্যাপক কার্ল টোবিয়াস।
“আপনাকে দেখাতে হবে যে অন্য পক্ষের দিক থেকে বেশ গুরুতর কোনো সমস্যা ছিল যার কারণে সমঝোতা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। আর আমার মনে হয় না যে তিনি (মাস্ক) বিচারকদের সন্তুষ্ট করতে পারবেন যে আসলেও এমনটাই ঘটেছে।”-- বলেছেন টোবিয়াস।
এপ্রিল মাসের শেষ সপ্তাহে টুইটারের পরিচালনা পর্ষদের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করার পর থেকেই মাস্ক সেটি থেকে সরে আসার পাঁয়তারা করছিলেন বলে উঠে এসেছে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। নিজের মালিকানায় টুইটারে যে পরিবর্তনগুলো আনার কথা বলেছেন মাস্ক, তার বেশিরভাগই ‘অত্যন্ত উচ্চাভিলাষী’ ছিল বলে মন্তব্য করেছে নিউ ইয়র্ক টাইমস।
বিনিয়োগকারীদের ছয় বছরের মধ্যে টুইটারের আয় ও ব্যবহারকারী সংখ্যা চারগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্ক; কিন্তু এই লক্ষ্য কীভাবে অর্জন করতে চান, সে বিষয়টি কখনোই খোলাসা করেননি তিনি।
যা যা ঘটেছে এর আগে
টু্ইটার ও ইলন মাস্ককে ঘিরে নাটকীয়তার শুরু হয়েছিল ৪ এপ্রিল। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির ৯.২ শতাংশ শেয়ার নিজের মালিকানায় থাকার আকস্মিক ঘোষণা দিয়ে প্রযুক্তি বাজারে আলোড়ন তুলেছিলেন মাস্ক; কয়েক দিনের জন্য হলেও কোম্পানির সবচেয়ে বেশি শেয়ারের মালিক ছিলেন তিনি।
পরিচালকের পদ নয়, পুরো টুইটার চাই মাস্কের
বিশাল সংখ্যক শেয়ারের মালিক হওয়ায় মাস্ককে কোম্পানির পরিচালক পদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল টুইটারের পরিচালনা পর্ষদ। প্রথমে সে প্রস্তাবে রাজি হলেও শেষ মুহুর্তে সেই প্রস্তাব ফিরিয়ে দেন মাস্ক; ১১ এপ্রিল প্রধান নির্বাহী পারাগ আগরাওয়াল টুইট করে জানান, পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন না মাস্ক।
আর মাস্ক ৯.২ শতাংশ শেয়ার কেনার পর থেকেই প্রযুক্তি বাজারে গুঞ্জন শুরু হয়েছিল, টুইটার পুরোপুরি নিজের মালিকানায় নেওয়ার চেষ্টা করতে পারেন টেসলা ও স্পেসএক্স প্রধান। সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে ১৪ এপ্রিল চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে বসেন তিনি।
সমাধান যখন ‘বিষের বড়ি’
ঘটনা প্রবাহের আকস্মিকতা আর মাস্কের খামখেয়ালি আচরণে নড়চড়ে বসা টুইটারের পরিচালনা পর্ষদ বিশ্বের শীর্ষ ধনীকে মোকাবেলার কৌশল হিসেবে ১৬ এপ্রিল স্বল্প মেয়াদে ‘শেয়ারহোল্ডার রাইটস’ নামে শেয়ার কেনা-বেচার একটি বিশেষ নিয়ম চালু করেছিল।
কেউ যদি পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই টুইটারের ১৫ শতাংশ কিংবা তার বেশি সাধারণ শেয়ারের মালিক হয়ে যান, তাহলে ‘শেয়ারহোল্ডার রাইটস’-এর অধীনে অন্য অংশীদাররা ছাড় দেওয়া মূল্যে বাড়তি শেয়ার কেনার সুযোগ পেতেন। সম্ভাব্য অধিগ্রহণকারীর আগ্রাসী পদক্ষেপ ঠেকানোর এ কৌশল বাজারে পরিচিত ‘পয়জন পিল’ বা বিষের বড়ি নামে।
অতঃপর সমঝোতা
২৫ এপ্রিল মাস্কের ক্রয় প্রস্তাব গ্রহণ করার ঘোষণা দেয় টুইটারের পরিচালনা পর্ষদ।
উল্টো পথে মাস্ক
কিন্তু, পরের মাসেই অধিগ্রহণ চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়ে বসেন ইলন মাস্ক। টুইটারে স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্টের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলে ১৩ মে টুইট করে চুক্তি স্থগিত করার ঘোষণা দেন তিনি।
এরপর জুন মাসের প্রথম সপ্তাহেই এসইসির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখে টুইটারের বিরুদ্ধে অভিযোগ তোলেন মাস্ক। টুইটার নিজস্ব প্ল্যাটফর্মে ভুয়া অ্যাকাউন্টের সঠিক সংখ্যা নির্ধারণের জন প্রয়োজনীয় তথ্য উপাত্তে প্রবেশাধিকার দিচ্ছে না বলে অভিযোগ তুলে অধিগ্রহণের সমঝোতা চুক্তি বাতিল করার হুমকি দিয়েছিলেন তিনি।
পুরনো খবর
