দিনে ১০ লাখ স্প্যাম অ্যাকাউন্ট মোছার দাবি টুইটারের
প্রতিদিন ১০ লাখ স্প্যাম অ্যাকাউন্ট মুছে দেওয়ার দাবি করেছে টুইটার। ভুয়া অ্যাকাউন্টের সঠিক সংখ্যা নির্ধারণে ইলন মাস্ক আরও বিস্তারিত তথ্যের চাওয়ার পরিপ্রেক্ষিতে এই দাবি করেছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি।
বৃহস্পতিবারের এক সংবাদ সম্মেলনে দৈনিক ১০ লাখ স্প্যাম অ্যাকাউন্ট মুছে দেওয়ার দাবি করেছেন টুইটারের নির্বাহীরা।
এপ্রিল মাসে চার হাজার চারশ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি কিনে নেওয়ার প্রস্তাব দিলেও স্প্যাম ও বট অ্যাকাউন্টের সঠিক সংখ্যা নিয়ে দ্বিমতের জেরে পরবর্তীতে সেই ক্রয় প্রস্তাব বাতিল করার হুমকিও দিয়েছেন ইলন মাস্ক।
টুইটার দাবি করে আসছে, তাদের প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলোর মধ্যে সর্বোচ্চ পাঁচ শতাংশ বট বা স্প্যাম অ্যাকাউন্ট। কিন্তু মাস্কের সন্দেহ, প্ল্যাটফর্মটিতে স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত হতে পারে।
এর আগে মাস্ক টুইট করে বলেছিলেন, টুইটার নিজের মালিকানায় আসার পর তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হবে প্ল্যাটফর্মটি ‘স্প্যাম বট’ মুক্ত করা।
বৃহস্পতিবারের কনফারেন্স কলে আগের তথ্যের পুনরাবৃত্তি করেছেন কোম্পানির কর্মকর্তারা। তবে রয়টার্স জানিয়েছে, ২০১৩ সাল থেকে স্প্যাম বট নিয়ে একই তথ্য দিয়ে আসছে টুইটার। জনসাধারণের জন্য উন্মুক্ত নথিপত্রে বরাবরই স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যাকে পাঁচ শতাংশের কম বলে উল্লেখ করে এসেছে প্ল্যাটফর্মটি।
স্প্যাম অ্যাকাউন্ট চিহ্নিত করে মুছে দেওয়ার কৌশল ব্যাখ্যা করে টুইটার জানিয়েছে, মানব যাচাইকারীরা প্রতিদিন কয়েক হাজার অ্যাকাউন্ট যাচাই-বাছাই করে দেখেন এবং কোম্পানিটি জনসাধারণের জন্য উন্মুক্ত ডেটা ও প্রতিষ্ঠানের নিজস্ব গোপন ডেটার সমন্বয়ে স্প্যাম ও বট অ্যাকাউন্টের সংখ্যা নির্ধারণ করে কোম্পানির শেয়ারমালিকদের কাছে প্রতিবেদন জমা দেয়।
মাস্ক স্বাধীনভাবে স্প্যাম বা বট অ্যাকাউন্ট সংখ্যা যাচাই করে দেখতে চাইলেও টুইটার বলছে কোম্পানির বাইরের কাউকে এ সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করলে তাতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনতা লঙ্ঘন করা হবে।
তবে, মাস্ককে তারা কোন ধরনের ডেটা সরবরাহ করার পরিকল্পনা করেছেন সে প্রশ্নের উত্তর দেননি টুইটার কর্মকর্তারা; বৃহস্পতিবারের কনফারেন্স কলে তারা এ প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
