আহমদিয়াদের ওপর হামলা: নিহত আরিফের লাশ ১২৯ দিন পর উত্তোলন
“আরিফ নিহত হওয়ার প্রায় তিন মাস পর গত ৪ জুন মামলাটি করা হয়।”
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে বিক্ষোভের সময় নিহত আরিফুর রহমানের (২৫) মরদেহ ১২৯ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সোমবার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ লাশ উত্তোলন করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরিফুর রহমান হত্যা মামলার বাদী পঞ্চগড় সদর থানার এসআই ফরহাদ হোসেন বলেন, “আরিফ নিহত হওয়ার প্রায় তিন মাস পর গত ৪ জুন মামলাটি করা হয়।
“হত্যা মামলার পরিপ্রেক্ষিতে পঞ্চগড়ের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম মাহবুব ইসলামের আদালতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়। বিচারক তা মঞ্জুর করেন।”
আরিফ পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকার ফরমান আলীর একমাত্র ছেলে।
গত ৩ মার্চ থেকে আহমদিয়া সম্প্রদায় সালানা জলসার আয়োজন করে। এই জলসা বন্ধ ও আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিতে আগেরদিন থেকে পঞ্চগড় শহরে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা।
এরই ধারাবাহিকতায় ৩ মার্চ জুমার নামাজের পর শহরে বড় মিছিল হয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের স্টেশন, পঞ্চগড় বাজার মার্কেটে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের দোকানপাট ভাঙচুর এবং বিকালে আহমদিয়াদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সেদিন আরিফ স্থানীয় একটি মসজিদে জুমার নামাজের পর পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে মসজিদপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুর নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
নিহত আরিফের বাবা ফরমান আলী বলেন, “গভীর রাতে ইট-পাটকেলের আঘাতে আরিফের মৃত্যু হয়েছে এবং কোনো দাবি নাই এমন লেখা সম্বলিত কাগজে স্বাক্ষর নিয়ে পুলিশ আরিফের লাশ ফেরত দেয়। পরদিন সকালে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।”
ফরমান আলী আরও বলেন, “আজ যে আরিফের লাশ উত্তোলন করা হবে সেটি আমাকে জানানো হয়নি। এলাকার মানুষের কাছে খবর পেয়ে কবরস্থানে এসেছি।
“আমি ছেলে হত্যার বিচার চাই”, বলেন আরিফের বাবা।
খবর পেয়ে আরিফের মা কবরস্থানে এসে কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
আরিফ নিহতের ঘটনায় এতদিন পরে কেন হত্যা মামলা হল এমন প্রশ্নের জবাবে মামলার বাদী এসআই ফরহাদ হোসেন এ ব্যাপারে সদর থানার ওসির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
তবে বিষয়টি এড়িয়ে যান পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়াও।
তিনি সাংবাদিকদের বলেন, “মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। কৌশলগত কারণে অভিভাবকদের জানানো হয়নি।”
আরও পড়ুন:
