০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

টেকনাফে পাহাড়ে ২ লাশ, ‘মাদকের চালান’ নিয়ে বিরোধ বলছে পুলিশ

এ সময় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 10:10 PM

Updated : 04 Nov 2026, 10:10 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার পানখালী পাহাড় থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; ‘মাদকের চালান’ নিয়ে বিরোধের জেরে তাদের হত্যা করা হয় বলে ভাষ্য পুলিশের।

এ সময় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার উপজেলার হ্নীলা ইউনিয়নের আলাদা দুটি পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন- মোক্তার কামাল (৩৫) ও আলী আকবর প্রকাশ আব্বুয়া (৩০)। দুজনি হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- হোয়াইক্যংয়ের তুলাতলী এলাকার ইলিয়াস (৩৫) এবং আলী আহমদ (৪০)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিম পানখালী বন বিট অফিসসংলগ্ন ভিলেজার পাড়া পাহাড়ি এলাকা থেকে মোক্তার কামালের লাশ উদ্ধার করা হয়।

পরে দুপুর দেড়টার দিকে একই ইউনিয়নের লেচুয়াপ্রাং পাহাড়ি জঙ্গল থেকে আলী আকবরের লাশ উদ্ধার করে পুলিশ।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সকালে পানখালী এলাকায় পাহাড়ের পাদদেশে কয়েকজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধারে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিকালে দিকে আরও একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, ইয়াবা-সংক্রান্ত বিরোধের জেরই এ ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।”

আহত ইলিয়াসের দাবি, এক লাখ ইয়াবার একটি চালান ছিনতাইয়ের পর ৩০ হাজারের হদিস না পাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে মিজান নামের এক ব্যক্তি বিচারের কথা বলে তাদের চারজনকে হ্নীলায় পাহাড়ি অস্ত্রধারী মাদক গ্রুপের হাতে তুলে দেন।

“পরে তাদের পাহাড়ে নিয়ে মারধর ও নির্যাতন করা হয়। এতে মোক্তার কামালের মৃত্যু হয়। নিখোঁজ থাকা আলী আকবরের লাশ পরে উদ্ধার করা হয়”, বলেন তিনি।

ওসি সাইফুল ইসলাম বলেন, পাহাড়ি মাদক কারবারিদের এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।