২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ ভালো: গ্লাসগোতে তিন রাত্রি

যেখানে রাত হয় সেখানে দিনও হয়। এমনটাই জানেন তো? কিন্তু পৃথিবীর কোথাও কোথাও...মেঘলা দিনে রাত আর দিন? বিশ্বাসে মেলায় বস্তু তর্কে গ্লাসগো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিনভি তুষার, যুক্তরাজ্যের লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 06:09 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

ফরাসী দেশে আমার এক বন্ধু থাকে। ছবি আঁকে। জ্ঞানের ভারে প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে সাইজে ছোট হয়ে যাচ্ছে ছেলেটা। ফরাসী ভাষাটাও শিখে ফেলেছে। একটা ফরাসী ফর্সা বান্ধবীও আছে তার। এই গল্পে তার একটা জরুরী দরকার আছে। সেই দরকারে পরে আসছি।

ভ্রমণে ভ্রমণসঙ্গী খুবই ইম্পর্টটেন্ট। ভালো হইলে তো ভালোই। ছ্যাড়াব্যারা হইলে কিন্তু জীবন ঝিরঝির।

পাসপোর্ট, ভিসা ছাড়া ইউকে’র যেকোনও প্রান্তেই আপনি ঘুরতে এবং উড়তে পারবেন । কারণ ওইসব না থাকলে তো আপনি এদেশে ঢুকতে পারতেন না। তাই না?  কিন্তু সঙ্গদোষের জ্ঞানে আমি এয়ারপোর্টে গিয়ে একটু খাবি খাইলাম। আসলে একটু না, ভালোই খাবি খাইলাম। আমার মেরুদণ্ড বরাবর স্ট্রেট লাইন ধরে চিকন চিকন লবণের ধারা বয়ে গেলো।

চাপ খাইলাম। এয়ারপোর্টের বাবা-মাদের জিজ্ঞাসিলাম:

আচ্ছা আমি তো পাসপোর্ট আনি নাই, এখন কি হবে বুন্ডু?

- গোপাল তুমি কৈ যাবা?

-  গ্লাসকু। (নার্ভাসনেসের চোটে গ্লাসগো গলা দিয়ে কু হয়ে বের হলো)

- তোমার ইউকে আইডি আছে?

- জ্বি আছে।

 - নো প্রবলেম গোপাল। ইউ গো অ্যাহেড।

আমি অ্যাহেড হইলাম। সিকিউরিটি চেক বস্তুটি কি ? তার কতো রকমের রকম হতে পারে? ইহা কি শুধু কালো এবং বাদামি রঙের জন্যই! নাকি...? জানতে হলে আসতে হবে যুক্তরাজ্য। এখানে এয়ারপোর্ট সিকিউরিটির লোকেদের সবার সত্যেন্দ্রনাথ দত্তের ‘মানুষ জাতি‘ কবিতাখানা মুখস্ত। কবিতার কিছু লাইন এমন-

 ‘জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙ্গা,

কালো আর ধলো বাহিরে কেবল,

 ভিতরে সবারই সমান রাঙা।’

কিন্তু এয়ারর্পোট সিকিউরিটি চেকের ধরন দেখে মনে হয়েছে-

‘জলে ডোবায়, বোমা মারে পাইলে সুযোগ

কালো আর ধলো বাহিরে কেবল,

ভিতরে সবারই সন্ত্রাসী রোগ‘।

কোমল-কঠিন স্ক্যানারে স্ক্যান। কোমরের বেল্ট থেকে শুরু করে জুতা, বাদ যাবে না কোনওরকম ধাতব মালের সুতা। এমনই ‘পুল-সিরাত’ পার হয়ে প্লেনে চাপলাম।

কঠিনরকম সস্তা ফ্লাইট। এক গ্লাস পানি খাইতেও দেয় নাই। চাইতেও দেয় নাই। চা-কফি- কেক, কিছু খেতে চান? কিনে খান। নাম ‘রাইনএয়ার’। আমি দিলাম বাংলা নাম- রায়হান এয়ার।

লন্ডন টু গ্লাসগো উড়তে উড়তে চলে এলাম। লন্ডনে থুয়ে এলাম ঝকঝকে রোদ। গ্লাসগোতে থরে থরে মেঘ। সাথে বৃষ্টি।

স্কটিশ আর ইংলিশ। একজনের বাড়ি নোয়াখালী আর আরেকজনের বাড়ি বরিশাল। এদের বেশ গলায় গলায় মারামারি। সুযোগ বুঝে প্লেনসুদ্ধ সবাইকে ইংলিশ পাইলট শুনিয়ে দিলো-  ‘অ্যা..গ্লাসগোর আবহাওয়া! কী আর বলবো টিপিক্যাল স্কটিশ ওয়েদার।”

খানিকটা দৌড়ে। খানিকটা ভিজে। এভাবেই স্কটল্যান্ডে যাত্রা শুরু। বাসে উঠলাম।

- মামা গ্লাসগো সেন্ট্রাল যাবো। ভাড়া কতো?

- ফাইফফটিন প..ওন্ড।

- জ্বী ! ইংলিশে বলেন..

ড্রাইভার অমায়িক মানুষ। তিনবারের চেষ্টায় বোঝাতে পারলো ভাড়া পনের পাউন্ড। স্কটিশদের ইংলিশ উচ্চারণ এক ধাক্কায় বোঝা প্রায় অসম্ভব। উনারা নিজেদের মতো করে ইংরেজি ভাষা ব্যবহার করেন। ছোট্ট একটা উদাহরণ বলি- ইংলিশরা ‘টু উইই’ বলতে বোঝায় মূত্র বিসর্জনকে। স্কটিশরা বোঝায় খুবই ছোটো বা সামান্য কোনও কিছুকে। এবার নিজ জ্ঞানে বুঝে নেন ভাষার তারতম্য। 

তো স্কটিশরা কেমন? অসম্ভব অমায়িক। গ্লাসগোর মোড়ে মোড়ে স্কটিশরা দাঁড়িয়ে থাকে। কেন জানেন? ট্যুরিস্টদের একটু হেল্প করার জন্য। আমি নিজেই একজনকে অন্তত পাঁচ দফায় পাঁচ বার ভিন্ন ভিন্ন রাস্তার খোঁজ জিজ্ঞেস করেছি। কোনও বিরক্তি নাই। প্রতিবারই মনে হচ্ছিলো আমি বুঝি নতুন জামাই। 

গ্লাসগো শহরে ঘুরতে চাইলে বাসই উত্তম। টিকেট কাটতে হয় বাসের ভেতর। বাসের ড্রাইভাররা ভাঙতি রাখে না। যেকোনও দোকানে যাবেন নিজ হাতের তিন হাত লম্বা কাগজের নোটখানা বাড়িয়ে দিবেন। একটু হাসবেন। যে করেই হোক দোকানদার আপনার নোটকে গুড়া গুড়া খুচরা পয়সা করে দিবে। একটু বেশি হাসলে দোকানদার নিজের কিডনিও বের করে দিয়ে দিতে পারে। আমি বেশি হাসি নাই। তবে আপনি ট্রাই করতে পারেন। সো, গো অ্যান্ড ট্রাই।

স্কটিশদের এমন ভালোবাসার রহস্য কি? জানতে চাইলাম আমার ইংলিশ বন্ধুর কাছে। যথা নিয়মে টিপ্পনি কাটা উত্তর-  ‘স্কটল্যান্ডের স্কটিশরা ভালো। কারণ তারা স্কটল্যান্ডে।’

তবে ঘুরতে গেলে নিজের মুখেই ঝাল খাওয়া ভালো।

সকাল বেলা। টিপিকাল স্কটিশ ওয়েদারের বাপ-বাপান্ত করতে করতে এক জাদুঘরে এসে ঢুকলাম। নাম ‘ক্যালভিনগ্রোভ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম’। রিভার ক্যালভিন এর ঠিক কাছেই এই জাদুঘর। ১৯০১ সালে জন্ম এই জাদুঘরের।

লন্ডনের বাইরে যুক্তরাজ্যের অন্যান্য জাদুঘরের ভেতর এটাকেই সবচেয়ে আর্কষণীয় মনে করা হয়। প্রায় ২২টা থিমে সাজানো এই জাদুঘরে আছে প্রায় আট হাজারের মতো সংগ্রহ। আছে গ্রিক-রোমান আমলের মমি। রেমব্রান্ট আর সালভাদর ডালির হাতে আঁকা ছবি। যদিও আমি সালভাদর ডালির কাজ দেখতে পারিনি। কারণ  তিনি তখন জাতীয় সংগ্রহশালায় বেড়াতে গিয়েছিলেন।

তবে এই জাদুঘরের সবচেয়ে বড় আকর্ষণ ‘গ্লাসগো বয়েজ’- এর পেইন্টিং। প্রায় বিশজনের এক গ্রুপ আর্টিস্ট। উনারা সবাই ছিলেন গলায়, গলায়। এক সাথে থাকা। এক সাথে স্টুডিও শেয়ার। ছবিও এঁকেছেন আশে পাশের গ্রাম, আর গ্লাসগো নিয়ে। ১৯ শতকের শেষ দিকে শিল্পের জগত নাড়িয়ে দিয়েছিলেন এই ‘গ্লাসগো বালক’রা। এই শিল্পীদের হাত ঘুরেই পৃথিবী চিনেছে এক অন্যরকম গ্লাসগো।

এই জাদুঘরে রাখা আছে অদ্ভুত আবিস্কার। শুনলে মাথা ঘুরে উঠবে। রেইল প্লেইন। মানে উড়ো-ট্রেইন। জর্জ বেনি। বাবা ইঞ্জিনিয়ার। ছোটোবেলা থেকেই এটা সেটা বানানোর ঝোঁক। একদিন পাবলিক ট্রান্সপোর্টে চড়তে গেলেন। ভিড়। নোংরা। পাবলিক ট্রান্সপোর্টের দুলকি চালের গতি উনার মেজাজ খারাপ করে দিলো। নিজেই বানিয়ে ফেললেন ‘রেইলপ্লেন’। ১৯২২ সালে সেই আবিস্কার এডিনবরা ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশনে জিতে নিলো সেরা আবিস্কারের পুরস্কার।

এমন ঘোরলাগা জাদুঘরে ঘুরতে ঘুরতে প্রকৃতির ডাক পরলো। কি দারুন টয়লেট ফিটিংস। বসলেই আনন্দে চোখ জুড়িয়ে যায়। কিন্তু ওমন সুন্দর টয়লেটেও পানি না থাকতে পারে। যেমন আমি গিয়ে পাইনি। নিজে গেলে নিজের ব্যবহারের পানির ব্যবস্থা নিজে করে নেয়াই উত্তম তো বটেই সুচিত্রাও।

পানির শোকে আমি বধির হলাম। আছড়ে পরলাম ‘লক লমন্ড’ এ। ইহা কি জিনিস? এটা এক রকমের হ্রদ। হ্রদও না ঠিক। মহাহ্রদ। প্রায় ৩৯ কিলোমিটার লম্বা। প্রস্থ প্রায় আট কিলোমিটার। সারফেস এরিয়ার পরিমাণ ৭০ বর্গকিলোমিটার। গড় হিসাবে গভীরতা প্রায় ১২১ ফুট। সর্বোচ্চ গভীরতা প্রায় ৬২০ ফুট। আয়তনের দিক থেকে গ্রেট ব্রিটেনে দ্বিতীয় মহাহ্রদ ‘লক লমন্ড’।

‘লক লমন্ড অ্যান্ড দ্য ট্রজাকস ন্যাশনাল পার্ক’ এটাই এই মহাহ্রদের প্রাতিষ্ঠানিক নাম। ট্রেনে গ্লাসগো থেকে মাত্র ৪৫ মিনিটের পথ ‘লক লমন্ড’ । ট্রেনে থেকে নেমেই স্কটিশ খ্যাঁক শিয়ালের বিয়ের ফাঁদে পরলাম- ঝুম বৃষ্টি সাথে রোদ। সাথে মন ভালো করা রঙধনু। ঘন বনের মধ্যে দিয়ে অনেকটা পথ হেঁটে গেলেই মহাহ্রদের দেখা মেলে। সেই বনে হাতের পাতার মতো গাছের পাতা।

এক ফোঁটা বৃষ্টির জলও ভেজাতে পারবেনা আপনাকে। গিয়ে দেখি সব সুনসান। যেন আমার জন্যই বিশেষ ব্যবস্থা। আমি যে সময়ে গেছি সে সময় ট্যুরিস্টের ‘ট্যু’-ও সেখানে যায় না। গড়ের মাঠের মতো গড়ের হ্রদ।

প্রকৃতির সৌন্দর্য্য তৈরি হয় জল, পাহাড় আর বৃক্ষে। আর এসব মিলেই মহাহ্রদের সৌন্দর্য্যের উৎসব। এমনই সৌন্দর্য্য যে সুখে চোখ বুঁজে আসে। মন চঞ্চল হয়ে উঠে। এই আমাকেই দেখেন- বর্ণনা লিখতে গিয়ে কবি কবি হয়ে যাচ্ছি।

এমন সুন্দর ভাষায় বলা যায়না বলেই তা সুন্দর।

কাকচক্ষুর ন্যায় জল হয়তো পাঠ্য বইয়ে পড়েছেন। দূষণ আর ভাষণ লুট করে নিয়ে গেছে বাঙলাদেশের নদীকূলের সতীত্ব। নদীর চোখ গেছে। জলও গেছে। তাই কাক চক্ষুর ন্যায় জল কেমন হয়, দেখতে হলে মহাহ্রদের কাছে আসতে হবে। মহাহ্রদে নৌকা চালানো যায়। আছে সদরঘাটের মতো প্যাডেল ‘স্টিমার’। তবে সেটা আর চলেনা এখন। একটা রেস্টুরেন্ট হয়েছে সেখানে। এই স্টিমারেরও বয়সও প্রায় ৬৫ বছর।

গ্লাসগোতে গেলে আপনার সাথে দেখা হবে এক অদ্ভুত হৃদয়ের মানুষের। যার মাথায় ‘সারা বাংলাদেশ ১০টন’ কাজের বোঝা। দিনে ঘুমান গড়ে তিন ঘণ্টা। শাহরুখ খানও উনার চেয়ে এক ঘণ্টা বেশি ঘুমান। সেই মানুষটা আপনাকে জোর করে তার বাসায় নিয়ে যাবেন।

উনার বাসায় যাবেন? ট্যাক্সি ভাড়া করতে চান? পারবেন না। কারণ উনার বিএমডব্লিউ খানাকে তিনি ট্যাক্সি মনে করেন। কিন্তু সেই ট্যাক্সিতে উঠতে পয়সা লাগে না। উনার বাসায় গেলেন। শোয়া-বসা-ঘুম-খাওয়া-দাওয়া সব কিছু না চাইতেই রেডি। উনার ভালোবাসার মানুষ স্ত্রী আপনাকেও অশেষ মমতায় ভালোবাসবেন।

অ্যাসপারাগাস আর চিংড়ি শুটকি রান্না করে চমকে দেবেন। চাওয়া মাত্রই দিয়ে দিবেন অদ্ভুত মজার এই খাবারের রেসিপি। আপনি কি খাবেন? বাংলা-হিন্দি নাকি উর্দু? নাকি একটু-আধটু ইটালিয়ান অথবা ইংলিশ। সারাক্ষণই এসব নিয়ে উনাদের চিন্তা। চিন্তায় চিন্তায় উনাদের কপালে ভাজের চিরস্থায়ী বন্দোবস্ত।

এই মানুষটার ম্যালা গুন। কোন ভাগ নাই। না আছে যোগ-বিয়োগ। আমি নাম দিয়েছি- মাল্টি ভাই। উনি একজন ফিল্ম মেকার। ডিজাইনার। রিসার্চার। পিএইচডি করেছেন। নিজের নামে একখানা পেটেন্ট আছে। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর। মাল্টি ভাই সে বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের ব্যবসা শিক্ষা দেন। উনি একজন শিক্ষকও। এই মহান মানুষের নাম জুলকারিন জুবায়ের জাহাঙ্গীর।

তবে এতো এতো প্রাতিষ্ঠানিক গুণের মাঝেও জুবায়ের ভাইয়ের ভেতর সংসার বৈরাগ্য খেলা করে। তাই বাহুবলি প্রতিমাসম বন্ধুবর অনিক খান ছড়া কেটেছেন এই মানুষটার জন্য। আপনাদের বলবার লোভ সামলাতে পারলাম না-

‘বুদ্ধ হতে গিয়ে আমি - কৃষ্ণ বলে গণ্য হলাম

পায়ে মাটি লাগলো বলে - মানব চোখে বন্য হলাম

ঘর ছেড়েছি পর ছেড়েছি - সবার কাছে অন্য হলাম

 র্ধম খুঁজে র্মম খুঁজে - র্কমে অর্কমন্য হলাম

পণ্য হলাম ধন্য হলাম - ভাবছো তোমার জন্য হলাম

বুদ্ধ হতে গিয়ে আমি - কৃষ্ণ বলে গণ্য হলাম’

আমার সেই ফরাসগঞ্জে থাকা বন্ধুর কথা মনে আছে। ওই যে ফরাসী প্রেমিকার প্রেমিক। বন্ধুর ধারণা যুক্তরাজ্যের বেশিরভাগ বাঙালি হাড়ি-পাতিল মাজে। এই তাদের পেশা। পেশা হিসাবে এটা খারাপ না। অসম্মানের তো না-ই। কিন্তু.. আমার বন্ধু টাইপ মানুষের কথা বলার ধরন দেখলে..ইচ্ছা করে.. নিজের হাত লাল করে ফেলি।

যাই হোক। জুবায়ের ওরফে মাল্টি ভাই‘র কথা মনে হলেই আমার এই বন্ধুর কথা মনে পরে যায়। এই পৃথিবীর আনাচে-কানাচে অনেক বাঙালি ছিটিয়ে-ছড়িয়ে আছেন।  তারা পাতিল মাজছেন সত্যি। তবে পাতিল মেজেই বিশ্রাম নিচ্ছেন না। নানা দেশের হাজার হাজার মানুষ যাতে সেই পাতিলে দু-বেলা চার মুঠো খেতে পারেন সেই ব্যবস্থাও করছেন। এভাবেই সম্মানের সাথে বাঙলা ভাষা আর বাঙলাদেশ ছড়িয়ে যাচ্ছে বিশ্বময়।

লেখক:

 গবেষণা আর লেখালেখির চেষ্টা করেন । 

ছবি:  রিনভি তুষার

ই-মেইল: kurchiphool@gmail.com

রিনভী তুষারের আরও লেখা

বিদেশ ভালো: লন্ডনে বাঙালি নারীর পেশা যখন যৌনতা বিক্রি

বিদেশ ভালো: দ্বীপ, জল, পাহাড় আর একটি ক্যান্সার আক্রান্ত কুকুর

বিদেশ ভালো: জুয়ার রাজ্য যুক্তরাজ্য!

বিদেশ ভালো: মনে করেন যে আজকে ঈদ

বিদেশ ভালো: প্যারিসের বোরখা পরা সেই মেয়েটি

বিদেশ ভালো: জার্মান দেশে আত্মহত্যা

বিদেশ ভালো: বার্লিনের নাইট লাইফ

বিদেশ ভালো: রোমা গ্রাম, যত সন্তান তত আয়

বিদেশ ভালো: টাইয়ের দেশ ক্রোয়েশিয়ায় এক মাস

বিদেশ ভালো: পোলিশ বিবসনা নর্তকীর সাথে এক সন্ধ্যায়

বিদেশ ভালো: ও- তে ওয়ারশ, ও-তে ওরাংওটাং

বিদেশ ভালো: মূত্রস্নানে বার্লিনে বর্ষবরণ

বিদেশ ভালো: মেলায় যাইরে

বিদেশ ভালো: এক গ্রীষ্মের দাদী

বিদেশ ভালো: জার্মানে বাঙালির কর্মবিলাস

জার্মান প্রেম: এক ফুল দুই মালি

বিদেশ ভালো: বাঙালি মাছের পদ্যে জার্মানি গদ্যময়

বিদেশ ভালো: বাংলার পুলিশ ভালো, জার্মানের না !

বিদেশ ভালো: ‘কবরে মোর ফুল নয় আলু’দিও

বিদেশ ভালো: বন্ধুনং বিভ্রাটং ভজঘটং খট খটং

বিদেশ ভালো: জর্মনে বাঙালি পোলা আগুনের গোলা

বিদেশ ভালো: বার্লিনের যৌনপল্লীতে বাঙালির এক রাত

বিদেশ ভালো (পর্ব-১)  

বিদেশ ভালো- ২

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!