Published : 05 Jul 2023, 08:12 PM
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় আন্দোলন সরকার নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান।
৫৫ বছর বয়সী আন্দোলন সরকার ওই এলাকার মৃত ইমান আলী সরকারের ছেলে।
বুধবার সকালে তাকে নাদিম হত্যা মামলার তদন্তকারী সংস্থা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
পরে দুপুর ৩টায় তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন বকশীগঞ্জ আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানভীর আহমেদ। শুনানি শেষে বিচারক একদিনের জন্য জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী।
এ নিয়ে এ মামলায় প্রধান আসামি সাধুরকান্দা ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ মোট ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সবশেষ সোমবার রাতে গ্রেপ্তার করা হয় বাবু চেয়ারম্যানের সহযোগী নয়নকে।
নয়নের তথ্যের ভিত্তিতেই আন্দোলন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা।
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকালে তিনি মারা যান।
‘সংবাদ প্রকাশের জেরে’ নাদিম হত্যাকাণ্ডের পর থেকে আলোচনায় ছিলেন সাধুরপাড়ার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে তিনি পরপর দুবার নৌকার মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
এই চেয়ারম্যানই ‘খুনের হোতা’ বলে নিহতের পরিবারের পক্ষ থেকে করা মামলায় বলা হয়েছে। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন বাবু।
পরে ১৭ জুন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাবুসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
তবে মামলার আসামি বাবু চেয়ারম্যানের ছেলে রিফাতকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
২৩ জুন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার বাবু চেয়ারম্যানসহ ১০ আসামি আদালতে জামিন আবেদন করলেও বিচারক তা নামঞ্জুর করেন।
আরও পড়ুন:
পুরানো খবর:
সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যানপুরানো খবর:
সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ২ আসামির জবানবন্দিপুরানো খবর:
জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু