১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু

বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জে হামলায় গুরুতর আহত হন বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম।

জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু

গোলাম রব্বানি নাদিম

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 05:25 PM

Updated : 15 Jun 2023, 06:00 PM

একদিন আগে জামালপুরে হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাদিমকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

গোলাম রব্বানী নাদিম (৪৫) বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। 

বুধবার রাত ১০টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাটহাটি এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছিলেন বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা। 

ওসি সোহেল রানা জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাড়িতে ফেরার সময় ১০-১২ জন দুর্বৃত্ত গোলাম রব্বানীর ওপর হামলা করে। পরে স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

সেখান থেকে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাতের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন তার বাবার ওপর এ হামলা চালিয়েছে। 

নাদিমের স্ত্রী মনিরা বেগম হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।  

তবে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, তার সঙ্গে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের কোনো শত্রুতা নেই। এ হামলায় তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

এর আগে গত ১১ এপ্রিলও নাদিমের ওপর একবার হামলার ঘটনা ঘটে। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তার ওপর ওই হামলা করা হয়েছিল বলে পরিবার ও স্থানীয় সাংবাদিকদের ভাষ্য।

আরও পড়ুন

পুরানো খবর:

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গুরুতর আহত