সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানসহ ১০ আসামির জামিন নামঞ্জুর
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি নয়নকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১০ জনের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
মঙ্গলবার জামালপুরের বকশীগঞ্জ আমলী আদালতের বিচারিক হাকিম মো. আতাউল্লাহ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন বলে বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী জানান।
জামিন আবেদন করা আসামিরা হলেন- বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম, মনিরুজ্জামান মনির, গোলাম কিবরিয়া সুমন, মিলন মিয়া, ওহিদুজ্জামান, কফিল উদ্দিন, শহিদ, জাকিরুল ও ফজলু মিয়া।
এদিকে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি বাবু চেয়ারম্যানের এক সহযোগীকে সোমবার রাতে বকশীগঞ্জের মধ্য ধাতুয়াকান্দা বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নয়ন সরকার (২৫) ওই এলাকার বাসিন্দা।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা সাংবাদিকদের বলেন, নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে প্রত্যক্ষভাবে নয়ন সরকারের সম্পৃক্ততা পাওয়া গেছে।
বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী বলেন, মঙ্গলবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক আতাউল্লাহ আসামি নয়নের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।
‘সংবাদ প্রকাশের জেরে’ নাদিম হত্যাকাণ্ডের পর থেকে আলোচনায় ছিলেন সাধুরপাড়ার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে তিনি পরপর দুবার নৌকার মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
এই চেয়ারম্যানই ‘খুনের হোতা’ বলে নিহতের পরিবারের পক্ষ থেকে করা মামলায় বলা হয়েছে। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন বাবু।
পরে ১৭ জুন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাবুসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
তবে মামলার আসামি বাবু চেয়ারম্যানের ছেলে রিফাতকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
নাদিমের স্ত্রী মনিরা বেগমের মামলায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে ডিবি।
২৩ জুন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন:
