২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বৃদ্ধির আন্দোলন: হবিগঞ্জের চা শ্রমিকরা কাজে ফেরেননি

জেলা প্রশাসক বাগানে গিয়ে কাজে ফেরার অনুরোধ করলেও শ্রমিকরা ধর্মঘটে অনড় থাকার কথা জানান।

মজুরি বৃদ্ধির আন্দোলন: হবিগঞ্জের চা শ্রমিকরা কাজে ফেরেননি

সোমবার সকালেও বিক্ষুদ্ধ শ্রমিকরা হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 08:43 PM

Updated : 22 Aug 2022, 08:59 PM

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে অনড় হবিগঞ্জের লস্করপুর ভ্যালির ২৩ চা বাগানের শ্রমিক কাজে ফেরেননি।

সোমবার সকালেও বিক্ষুদ্ধ শ্রমিকরা চুনারুঘাটের চান্দপুর চা বাগানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ সময় জেলা প্রশাসক সেখানে গিয়ে শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানালেও তা মানেননি শ্রমিকরা।

চান্দপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি কাজে যাওয়ার জন্য নির্দেশনা দেয়নি। তারা যদি সংগঠনের প্যাডের মাধ্যমে চিঠি দিয়ে কাজে যাওয়ার নির্দশনা দেয় তাহলে আমরা কাজে যাব।”

“তবে অবশ্যই দৈনিক ৩০০ টাকা মজুরি নিয়ে। এর কমে হলে আমরা কাজে যাব না।”

জেলা প্রশাসক ইশরাত জাহান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজকেও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) মাঠে আছেন। শ্রমিকদের সঙ্গে তারা কথা বলছেন, তাদের বোঝানোর চেষ্টা হচ্ছে।”

“আশা করি, আগামীকাল মঙ্গলবার থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন।”

Image

সোমবার সকালেও বিক্ষুদ্ধ শ্রমিকরা হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে গত ৯ অগাস্ট থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন দেশের ২৪১টি চা বাগানের প্রায় সোয়া লাখ শ্রমিক। প্রথম চারদিন শ্রমিকরা প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। ১৩ অগাস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা।

১২ দিনের মাথায় শনিবার শ্রম অধিদপ্তরের সঙ্গে বৈঠকে দৈনিক মজুরি ১৪৫ টাকায় রাজি হয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা। কিন্তু আন্দোলনকারী শ্রমিকদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে রোববার রাজপথে নামে।

সেই ধারাবাহিকতায় সোমবার সিলেটের অধিকাংশ শ্রমিক কাজে ফিরেননি। সেখানকার ২৩টি বাগানের মধ্যে ১৯টি বাগানের শ্রমিক কাজে ফিরেননি। শুধু লাক্কাতুরা, খাদিমনগর, ফতেহপুর ও জাফলং চা বাগানের শ্রমিকরা দুপুরে কাজে ফিরেছেন।

অপরদিকে মৌলভীবাজারের কিছু চা বাগানের শ্রমিক আগের মজুরি অর্থাৎ ১২০ টাকায় সকালে কাজে ফিরেন। ভাড়াউড়া, ভুরভুরিয়া ও মাইজডিহি চা বাগানের শ্রমিকদের সকালে কাজ করতে দেখা গেছে। যদিও দুপুরের পর তারা আবার আন্দোলনে ফিরে যাওয়ার ঘোষণা দেন।

এই পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের চা শ্রমিকরা সকাল থেকে বাগানের ভেতরেই মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা আন্দোলনকারী শ্রমিক নেতাদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।

চান্দপুর চা বাগানের শ্রমিক বীরেন তন্তুবায় বলেন, “আমরা আজকে ১৪ দিন ধরে কর্মবিরতি করছি ৩০০ টাকা মজুরির জন্য। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন ১৪৫ টাকায় কাজে যাওয়ার প্রশ্নই ওঠে না।”

বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি খায়রুন আক্তার বলেন, “আমাদের শ্রমিক ইউনিয়নের নেতারা রাতের আঁধারে গিয়ে হাত মিলিয়েছে। তাতেও লাভ হবে না। ৩০০ টাকা মজুরি ছাড়া কোনো শ্রমিক কাজে ফিরবে না।”

এর আগে রোববারও হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে প্রায় সাড়ে চার ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। বিকালে সাড়ে ৩টার দিকে দুই দিনের আলটিমেটাম দিয়ে তারা অবরোধ তুলে নেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

সিলেটের ২৩টির মধ্যে কাজে ফিরেছেন চার বাগানের শ্রমিক
চা শ্রমিক ইউনিয়ন কাজে ফিরছে ১২০ টাকা মজুরিতেই
চা শ্রমিকের মজুরি বেড়ে ১৪৫ টাকা, আন্দোলন প্রত্যাহার
মজুরি ৩০০ টাকা করতে দুদিন সময় দিয়ে রাস্তা ছাড়ল চা শ্রমিকরা
ঢাকা-সিলেট মহাসড়কে চা শ্রমিকদের অবরোধ, দীর্ঘ যানজট
শ্রমিক ধর্মঘট: মৌলভীবাজারে ফিনলে টি’র ৫ বাগানের জিডি
কর্মবিরতির মধ্যে শ্রম অধিদপ্তরের সঙ্গে বৈঠকে চা শ্রমিকরা
বাগানে বাগানে মিছিল, এমপিকে স্মারকলিপি চা শ্রমিকদের
ভরা মৌসুমে শ্রমিক ধর্মঘটে শঙ্কায় চা বাগান
মজুরি বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান চা শ্রমিকরা
১২০ টাকায় কীভাবে সংসার চলে, প্রশ্ন চা শ্রমিকের
অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা
মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগানে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি
বেতন বৃদ্ধির দাবিতে ২৪১ চা বাগানে চলছে কর্মবিরতি
‘জীবনমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ` মজুরি চান শ্রমিকরা