গাইবান্ধা উপ নির্বাচন: পরিবেশ নিয়ে সন্তোষ নৌকা ও লাঙ্গলের প্রার্থীর
ভোট শুরুর পর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করেছে।
গাইবান্ধা-৫ আসনে উপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ শেষে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন ও জাতীয় পার্টির প্রার্থী গোলাম শহীদ রনজু।
বুধবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই সাঘাটা উপজেলার ফলিয়া দীঘর দাখিল মাদ্রাসা কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হাসান রিপন।
ভোট প্রদান শেষে আওয়ামী লীগের প্রার্থী রিপন গণমাধ্যমকর্মীদের বলেন, “সাঘাটা-ফুলছড়িবাসীর মধ্যে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসছেন। আমি বিশ্বাস করি এ অঞ্চলের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।”
এদিকে সকাল পৌনে ৯টার দিকে বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম শহীদ রনজু।
এ সময় প্রশাসনের তৎপরতায় সুষ্ঠু ভোট হচ্ছে জানিয়ে জাতীয় পার্টির প্রার্থী রনজু বলেন, “ভোট দেওয়া নিয়ে মানুষের মাঝে যেমন শঙ্কা আছে; তেমনি আমিসহ আমার নেতা-কর্মীদেরও শঙ্কা রয়েছে। তবে প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের কাছে দাবি, দিনব্যাপী ভোটগ্রহণ যেন সুষ্ঠু পরিবেশেই হয়।”
নিজের জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী বলেন, “জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করলে লাঙলের জয় সুনিশ্চিত।'
এ ছাড়া সকাল ৯টার দিকে নির্বাচনে আরেক প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারার কুলা মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম বাজিত নগর সরকারি প্রাথমিক কেন্দ্রে নিজের ভোট দেন।
নির্বাচনে অপর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাহবুর রহমান (ট্রাক) নির্বাচনি এলাকার ভোটার নন এবং আরেক স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে তীব্র শীতের মধ্যে সকাল সাড়ে ৮টায় দুই উপজেলার ১৪৫টি ভোটকেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট শুরুর পর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।
ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে নির্বাচনি এলাকায়। ভোটগ্রহণ চলাকালে সকাল ১১টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব।
গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। এ দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৪ জন।
গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের দৃশ্য দেখে মাঝপথে ঢাকা থেকে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি।
বাংলাদেশে নির্বাচন কমিশনের ইতিহাসে অনিয়মের কারণে কোনো সংসদীয় আসনের নির্বাচন পুরোপুরি (সব কেন্দ্র) বন্ধ করার ঘটনা সেটাই প্রথম।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরে রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রিজাইডিং অফিসার, পুলিশের উপ-পরিদর্শক, নির্বাহী হাকিমসহ শতাধিক ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর ধারাবাহিকতায় বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনর্ভোট হচ্ছে। আগের তফসিলে যারা প্রার্থী হয়েছিলেন, তারাই পুনর্ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।
