চান্দিনায় লরি উল্টে ঢাকা-চট্টগ্রামের পথে জট, গরমে ভোগান্তি
কুমিল্লার চান্দিনায় একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট তৈরি করেছে; এতে ঈদে ঘরমুখো মানুষকে গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে ভোগান্তি পোহাতে হচ্ছে।
বুধবার সকালে চান্দিনার দোতলা এলাকায় লরিটি উল্টে যায়; এরপর দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয় বলে জানান দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক।
তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে এটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। এখন যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক। কোথাও যানজট নেই।
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মিঠুন চন্দ্র বিশ্বাস বলেন, ঈদে ঘরমুখো মানুষ বেশি হওয়ার কারণে সড়কে যানবাহনের চাপ বেশি। আর দোতলায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে। এ কারণে যানজট আরও বেড়েছে।
“যানজট নিয়ন্ত্রণ করতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।”
কুমিল্লা-ঢাকার পথে চলাচলকারী একটি বাসের চালক মো. সুমন বলেন, “মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে চান্দিনা পর্যন্ত গাড়ির অনেক চাপ। যাত্রীবাহী গাড়ির পাশাপাশি পণ্যবাহী গাড়িও আছে। তবে চান্দিনার পরে আর তেমন যানজট নেই।
বাসের যাত্রী শাহজাহান আলী বলেন, তিনি জরুরি কাজে দাউদকান্দি থেকে কুমিল্লা শহরে যাচ্ছেন। সকাল ১০টায় দাউদকান্দির গৌরীপুর থেকে বাসে রওনা দিয়ে প্রায় তিন ঘণ্টায় কুমিল্লা পৌঁছেছেন। অথচ স্বাভাবিক সময়ে এই পথ অতিক্রম করতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগার কথা।
চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের চালক মনু মিয়া বলেন, প্রচণ্ড গরম আর রোজার মধ্যে যানজটে আটকে থাকা খুবই কষ্টদায়ক। গরমে শরীর জ্বালাপোড়া করছে। ঈদের সময় যানজট আরও বাড়তে পারে।
বাসচালক মনির হোসেন বলেন, দিনভর মানুষ অনেক কষ্টে ছিল। গাড়ির প্রচুর চাপ আর টোল নেওয়ায় ধীরগতির কারণে যানজট লেগেই ছিল।
আরও পড়ুন:
