২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-নির্বাচন: বগুড়ার ২ আসনে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে চার হাজার নিরাপত্তা কর্মী কাজ করবেন।  মোতায়েন থাকবে ১৬ প্লাটুন বিজিবি।

উপ-নির্বাচন: বগুড়ার ২ আসনে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

কেন্দ্রগুলোয় ইভিএমসহ ভোটের সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নিরাপত্তা কর্মীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2023, 06:07 PM

Updated : 31 Jan 2023, 06:59 PM

প্রচার-প্রচারণা শেষে উপ-নির্বাচনের ভোট গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের কেন্দ্রগুলি। এর মধ্যে অর্ধেকের বেশি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। 

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জে এম শামসুর নূর জানান, উপ-নির্বাচনে বগুড়ার দুই আসনের ২৫৫টি কেন্দ্রের মধ্যে ১৫৮টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

“যার মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে মোট ১৪৩টির মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৭৯টি। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ১১২টির মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৭৯টি।”

এই দুই সংসদীয় আসনে বুধবার সকাল ৮টায় শুরু হয়ে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন প্রায় সাড়ে সাত লাখ মানুষ। মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রগুলোয় ইভিএমসহ ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।  

Image

কেন্দ্রগুলোয় ইভিএমসহ ভোটের সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নিরাপত্তা কর্মীরা।

এর মধ্যে বগুড়া-৪ আসনের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৯ জন। এ আসনে আওয়ামী লীগ ১৪ দলীয় জোট থেকে জাসদ প্রার্থীকে সমর্থন দিয়েছে।  অন্যদিকে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ মোট প্রার্থী ১১ জন।  

এর আগে সোমবার মধ্যরাতে শেষ হয়েছে দুই আসনের প্রচার-প্রচারণা। এদিন রাত ১২টা পর্যন্তই ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। সরগরম ছিল গ্রামের হাট-বাজার থেকে শুরু করে শহরের অলিগলি। প্রার্থীরা নিজেদের সমর্থক-ভোটারদের সঙ্গে শেষবারের মতো মতবিনিময় করে নেন। 

এদিকে উপনির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে।  অপরদিকে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আচরণবিধি লংঘনসহ প্রচারণায় বাধার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে। 

সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন বগুড়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল।  

এ ছাড়া সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম, আব্দুল মান্নান আকন্দ, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরও। 

এর মধ্যে হিরো আলম এবং আবদুল মান্নান আকন্দ যৌথভাবে ঘোষণা দিয়েছেন, দুপুর পর্যন্ত দেখবেন- যদি সুষ্ঠু ভোট না হয় তারা দু’জনই একইসঙ্গে ভোট বর্জন করবেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বগুড়া-৪ আসনে মোট ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি। আর ভোট কক্ষের সংখ্যা ৭৭৭টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ থাকবে ৪২টি।

এই আসনে মোট প্রিজাইডিং কর্মকর্তা থাকবে ১১২ জন। সহকারী প্রিজাইডিং অফিসার ৭৭৭ এবং পোলিং অফিসার থাকবেন এক হাজার ৫৫৪ জন। 

আর বগুড়া-৬ আসনে মোট ভোটার রয়েছেন চার লাখ ১০ হাজার ৭৪৩ জন। ভোট কেন্দ্র ১৪৩টি ও কক্ষ থাকবে এক হাজার ১৭টি।

এ আসনে ১৪৩ জন প্রিজাইডিং কর্মকর্তা, এক হাজার ১৭ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও দুই হাজার ৩৪ জন পোলিং কর্মকর্তা নির্বাচনে থাকবেন ।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জে এম শামসুর নূর জানান, দুই আসনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বগুড়া-৪-এর কাহালু উপজেলার ভোটকেন্দ্রগুলো।

ওই উপজেলায় ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টিই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া নন্দীগ্রাম উপজেলার ৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে বগুড়া-৬ সদর আসনে ১৪৩টি কেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্র ৬৪টি। বাকি ৭৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

উপ-নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, দুই আসনের উপ-নির্বাচনে তিন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

পাশাপাশি মোতায়েন থাকবে ১৬ প্লাটুন বিজিবি। এছাড়াও ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে চার হাজার নিরাপত্তা কর্মী কাজ করবেন।  

জেলা রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, প্রতি ভোটকেন্দ্রে গুরুত্ব বিবেচনায় নিরাপত্তার জন্য তিন জন পুলিশ সদস্য ছাড়াও এপিবিএন, আনসার ভিডিপিসহ ১৭ নিরাপত্তকর্মী কাজ করবেন। ভোটকেন্দ্রের বাইরে ও নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি সদস্যরা টহল দেবেন। 

আরও পড়ুন

বগুড়ায় হিরো আলমের প্রচারে নায়িকা মুনমুন

ভোটের আগে ভালোবাসা দিতে পারব, অন্য কিছু নয়: হিরো আলম

বগুড়া উপনির্বাচন: বাদলের মনোনয়নপত্রও বৈধ আদালতে

প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বললেন, তার চাই সিংহ মার্কা

বগুড়ায় ‘কুড়াল’ নিয়ে ফিরলেন বিএনপির সাবেক নেতা জুয়েল, বাদল হাই কোর্টে

ইসিতে আপিল করে হিরো আলম বললেন, দরকার হলে যাবেন আদালতে

বগুড়ায় বিএনপির সাবেক ২ নেতার মনোনয়ন বাতিল

বগুড়ায় ভোটের মাঠে বিএনপির ২ সাবেক নেতা