২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির ডাকঘর ও ডাকপিয়নের গল্প

গত কয়েকদিন ধরে একটা চিঠির অপেক্ষা করছিলাম। চিঠি আসবে বিশেষ এক জায়গা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম হাবিব, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 11:41 AM

Updated : 11 Oct 2022, 12:03 PM

নাম-ঠিকানা ঠিক থাকলে জার্মানিতে চিঠি পৌঁছতে দুই দিনের বেশি সময় নেয় না। পরে জানতে পারলাম, যেখান থেকে চিঠি আসার কথা ছিলো, সেখান থেকে চিঠিটি এখনও পাঠানো হয়নি। তাই ডাকপিয়ন এলেও আমার চিঠি আসেনি।

আমার ঘরের জানালাটি রাস্তা বরাবর। তাই সাইকেলে চড়ে ডাকপিয়ন আসার দৃশ্যটি প্রায় দেখতে পাই। যদি কোনো চিঠির অপেক্ষায় থাকি, তখন জানালায় চেয়ে থাকি। ডাকপিয়নের অপেক্ষা করি।

জার্মানিতে আপনাকে কোনো চিঠির অপেক্ষা করতেই হবে। জার্মানিতে অনেক জায়গা থেকে অনেক চিঠি আসে, যেসব চিঠিতে লুকিয়ে থাকে অনেক রহস্য। গোপনীয় ও প্রয়োজনীয় অনেক নম্বর। বলা হয়ে থাকে, জার্মানিতে কোনো চিঠি ফেলে দেবার নয়। কোনো চিঠি ফেলে দেওয়ার আগে অনেকবার পড়ে নেওয়া উচিত। ভবিষ্যতে এই চিঠির দরকারও হতে পারে।

কিছুদিন জার্মানির বাইরে ছিলাম। ফিরে দেখি দশ-বারো খানা চিঠি এসেছে। আসলে, চিঠির মাঝে আলাদা একটা আনন্দ থাকে। চিঠি এলে মনে খুশি লাগে। যেটা মোবাইলে পাওয়া যায় না। মোবাইলে মানুষ সময়-অসময়ে কল করে। অনেক সময় বিরক্ত লাগে। আর লোকে মিউনিখ থাকলে বলে বার্লিন আছে বা ঢাকা থেকে বলে কলিকাতা আছে! চিঠিপত্রে যোগাযোগ শুধু জার্মানিতেই নয়, গোটা ইউরোপেই এ সুন্দর মাধ্যমটির অতি সুন্দর ব্যবহার হয়। চিঠিপত্রে যোগাযোগ এখানে একটুও কমছে না, বরং দিনকে দিন বাড়ছে। প্রযুক্তি এর উপর একটুও প্রভাব ফেলতে পারেনি। জার্মানিতে আগে শুধু সরকারিভাবে ডাকব্যবস্থা থাকলেও কয়েক বছর হলো এখানে বেসরকারিভাবেও এ সেবা চালু হয়েছে। ডাক বিভাগে দিন দিন কর্মসংস্থানও বাড়ছেই। এখানে লাল, নীল বাক্সগুলো খুবই সচল। ডাকঘরে থাকে দীর্ঘ লাইন। সপ্তাহের ছয় দিন নিয়ম করেই সকাল ৮টা থেকে বিকেল ৭টা পর্যন্ত খোলা থাকে ডাকঘর। ডাকপিয়ন সাইকেলে চড়ে চিঠিপত্র পৌঁছে দেন বাড়ি বাড়ি। এমন দৃশ্য জার্মানির শহর-বন্দরে কিংবা গ্রামে-গঞ্জে সব জায়গায় প্রতিদিনই দেখা যায়। জার্মান জীবনে বড় একটা অংশ এই চিঠিপত্র। ধরুন, কিছুদিন যদি এখানে গাড়ি, ট্রেন, বিমান, চলাচল বন্ধ থাকে, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কিছুদিন ডাকঘর বা চিঠি বিতরণ বন্ধ থাকে, তাহলে বড় ধরনের কোনো সমস্যা হয়ে যেতে পারে।

আমাদের দেশে অফিস-আদালতে সরকারি কাজে থানা-কোর্টে, ভূমি কিংবা পাসপোর্ট অফিসে যে কাজগুলো আপনি নিজে গিয়ে ঘুষ-ঘাস দিয়েও সারতে পারেন না, এখানে এ ধরনের সব কাজ ঘরে বসে অতি আরামে চিঠিপত্রের মাধ্যমে সেরে নেওয়া যায়।

জার্মানি থেকে আমি কয়েকটা দেশ ভ্রমণ করেছি। কিন্তু সেই দেশগুলোর অ্যাম্বাসি দেখিনি। ভিসার জন্য এসকল দেশের অ্যাম্বাসিতে আমাকে যেতে হয়নি। ভিসা ইস্যু করিয়ে নিয়েছি চিঠির মাধ্যমে। কী দারুণ, তাই না?

এখানে চিঠিপত্রের আদান-প্রদান, চিঠিতে কাজকাম, চিঠির মাধ্যমে যোগাযোগ—এ ব্যাপারটা আমার কাছে দারুণ লাগে। সাইকেলে চড়ে চিঠিপত্র পৌঁছে দিতে ডাকপিয়ন আপনার বাড়ি এসেছিলো, এ দৃশ্যটি আপনি শেষবারের মতো কবে দেখেছিলেন? দেশে ছোটবেলায় দেখেছি সাইকেলে চড়ে ডাকপিয়ন আমাদের বাড়ি আসতো, চিঠি দিয়ে যেতো।

আমার আব্বা, চাচা তারা বিদেশে থাকতেন। তখন যোগাযোগের একটাই মাধ্যম ছিলো- চিঠিপত্র। শহরে গিয়ে টেলিফোন করার ব্যাবস্থা থাকলেও তখন লাইন পাওয়া যেত না। টেলিফোন দোকানিকে এ কথাটিই বেশি বলতে শুনেছি ‘লাইন ব্যস্ত, লাইন ব্যস্ত’।

এখন আর লাইন ব্যস্ত হওয়ার কোনো সুযোগ নেই। লাইন থাকলে তো ব্যস্ত হবে।
দেশে এখন চিঠিপত্র বলতে শহর-বন্দরে সরকারি কাজে হয়তো এ মাধ্যমটির এখনো কিছুটা ব্যবহার হয়ে থাকে। গ্রামেগঞ্জে ডাকঘর আর ডাকপিয়ন- এ তো এখন শুধুই গল্প!

এই গানটি শুনেছেন তো? ‘ও দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হইয়াছে।’ প্রবাসীরাও এখন আর চিঠির মাধ্যমে যোগাযোগ করেন না। প্রিয়জনের কাছে চিঠিপত্র পাঠান না। এখন মোবাইলের মাধ্যমে কথাবার্তা হয়ে যায়। প্রয়োজন সেরে নেওয়া যায়। দেশ এখন ডিজিটাল হয়েছে। চিঠিপত্রের যুগ হারিয়েছে। জার্মানি ডিজিটাল হবে কবে?

জার্মানি থেকে পোস্ট কার্ড পাঠাব তাই আমি দেশে আমার এক পরিচিতজনকে  তার পোস্ট ঠিকানা দেওয়ার জন্য বলেছিলাম। সে বললো, তার পোস্ট ঠিকানা সে নিজেই জানে না। এমন ঘটনা জার্মানিতে শুনলে লোকে হাসাহাসি করবে। অনেক বছর আগের কথা, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে রাতেরবেলা একটি অনুরোধের গানের অনুষ্ঠান শোনা যেত। আমি পছন্দের গান শোনার অনুরোধ করে চিঠি পাঠাতাম। রেডিওতে আমার নাম বলে যখন আমার অনুরোধ করা গানটি বাজানো হতো, তখন কি যে আনন্দ লাগতো- তা লেখায় প্রকাশ করার নয়।

একদিন রেডিওতে চিঠি পাঠাবো বলে এলাকার পোস্ট অফিসে গেলাম। দেখি সেখানে পোস্ট অফিস আছে ঠিকই, কিন্তু দরজা-জানালা নাই। আমি পোস্ট ঘরটির সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে এসে একজনকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, পোস্ট অফিস কী জায়গা বদল করেছে নাকি?

সেই লোকটি বললেন, এখন আর কেউ চিঠিপত্র পাঠায় না, তাই পোস্ট মাস্টার সাহেব টেবিল নিয়ে বাড়ি চলে গেছেন, বাড়িতে বসেই এখন কাজ চালান। পোস্ট অফিস আর পোস্ট মাস্টারের খোঁজে আমি গেলাম তার বাড়িতে। চিঠি ছাড়ার জন্য আমার দরকার একটি হলুদ খামের। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সেটি পাওয়া গেলো, তবে সেটি ইঁদুরে খাওয়া একটু ছিদ্র ছিলো। কৌতূহলবশত কয়েক মাস আগে দেশের বাড়ির ঠিকানায় জার্মানি থেকে একটি চিঠি পাঠিয়েছিলাম। আশা করি চিঠিটি পৌঁছবে। আর পৌঁছলেই আমি খুশি। আমরা প্রবাসীরা বাড়ির ঠিকানায় যদি আগের মতো মাসে এক দুইটা চিঠিপত্র পাঠাই, তাহলে সুন্দর এই মাধ্যমটিকে আবারও জাগিয়ে তোলা সম্ভব। শুধু প্রযুত্তির ব্যবহারেই ডিজিটাল নয়, কাগজের ব্যবহারেও ডিজিটাল হওয়া যায়। জার্মানিই তার উদাহরণ। জার্মানি ডিজিটাল হয়েছে, তবে চিঠিপত্রের মতো সুন্দর একটি যোগাযোগ মাধ্যমকে মেরে নয়, বাঁচিয়ে রেখে। লেখক: প্রবাসী বাংলাদেশি

এই লেখকের আরও লেখা

বিশ্ব তুষার দিবস ও জার্মানি

প্রবাসে প্রথম আইস স্কেটিং

ক্যারোলিনের কাপড় বিক্রির গল্প

বিদেশি ধান্দাবাজ!

আবুধাবি মসজিদ: পৃথিবীর অষ্টম বৃহত্তম ও সুন্দরতম!

প্রবাসীর ভ্রমণ: প্রাচীন শহর প্রাগে

জার্মানিতে মরিচ সংকটের সমাধান

রাণী ভিক্টোরিয়ার প্রেম ও কর্মচারী করিমের কাহিনী

প্রবাসীর ভ্রমণ: ভালোলাগা থাই যোগাযোগ ব্যবস্থার কথা

থাইল্যান্ডে মধ্যরাতেও নিরাপদ নারীরা

প্রবাসের চিঠি: রোমান্টিক শহর, তালার বহর

থাইল্যান্ডের ভাসমান হাটে

বিদেশির মুখে বাংলাদেশের জাতীয় সঙ্গীত!

হাতির বিষ্ঠাও লাখ টাকা!

জার্মান দেশের মেলায় বাংলাদেশের পতাকা!

স্পেন ভ্রমণ: নব্বই পয়সার সিনেমা

জার্মান দেশে বাংলাদেশি দাঁতের প্রশংসা!

জানালা খুলে বরফের রাজ্যে!

বার্সেলোনায় মেসির মাঠে

গল্পে পড়া রাজা-উজির, এসে পেলাম স্পেনে  

ঘুরে এলাম স্পেনের কর্ডোভা মসজিদ  

মুসলিম স্থাপত্য ‘আলহাম্বরা’ ও তার লোককথা

জার্মানিতে বড়দিন উৎসব, সান্টাক্লজ আসার অপেক্ষায়!

প্রবাসীর ভ্রমণ: সাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ 

ভিসা-পাসপোর্টের ভোগান্তিতে ভ্রমণ

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!