নাদিম হত্যা: ৬ নেতাকে বহিষ্কারের কথা জানাল আওয়ামী লীগ
বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে হত্যা করে বলে মামলায় বলা হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত বকশীগঞ্জ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। রোববার বিজ্ঞপ্তির বিষয়টি প্রকাশ হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যম ও নাদিম হত্যা মামলার এজাহারে সম্পৃক্ততা জোরালোভাবে পরিলক্ষিত হয়েছে। দলীয় সিদ্ধান্তে স্ব স্ব সংগঠন এই ছয়জনকে সাময়িক বহিষ্কার করেছে।”
সাময়িক বহিষ্কৃতরা হলেন- আওয়ামী লীগের বকশীগঞ্জ উপজেলা শাখার সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম ডি রাকিবিল্লাহ রাকিব, আওয়ামী লীগের সাধুরপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ছাত্রলীগের বকশীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম ফয়সাল রিফাত, বাংলাদেশ তাঁতী লীগের বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শহিদুর রহমান লিপন, তাঁতী লীগের সাধুরপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বকশীগঞ্জ পৌর শাখার তথ্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মিলন চৌধুরী।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ বলেন, “উপজেলা ও জেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে এই সাময়িক বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।”
গত বুধবার রাতে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম।
এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে শনিবার বকশিগঞ্জ থানায় ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
আরো পড়ুন:
