দুদিন আগে কাচ্চি ভাইয়ে কাজ নিয়েছিলেন নয়ন
ভোলার একজন ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় সহকারীর কাজ করতেন; অন্যজন বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিলেন।
ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ভোলার দুইজন রয়েছেন; তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।
নিহতদের মধ্যে নয়ন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চর কুমুরিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় সহকারীর (বয়) কাজ করতেন।
আরেকজনের নাম জুনায়েদ হোসেন। তিনি ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএভিএস সড়কের বাসিন্দা মো. মইনুল ইসলাম হারুনের ছেলে এবং ঢাকার একটি আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
নয়নের পরিবার জানায়, পাঁচ দিন আগে কাজের সন্ধানে ঢাকা যান নয়ন। দুই দিন পর ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় কাজ পান তিনি। বৃহস্পতিবারের আগুনে নিভে গেল তার জীবন।
নয়নের মা নাজমা বেগম বলেন, “ছেলে ফোনে জানিয়েছিল ঈদের ছুটিতে বাড়িতে আসবে। কিন্তু তার তো আর ফেরা হল না।”
চাচি জুয়েনা আক্তার বলেন, পরিবারটি খুবই দরিদ্র। অভাবের কারণে নবম শ্রেণির বেশি পড়ালেখা করতে পারেনি নয়ন। বাধ্য হয়ে ঢাকায় গিয়ে কাজ শুরুর কদিন পরেই মারা গেল নয়ন।
একই অবস্থা জুনায়েদের পরিবারেরও। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা-মা। জুনায়েদের বাড়ি ভোলা হলেও তারা পরিবারসহ ঢাকা থাকেন।
জুনায়েদের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁয় খেতে যান জুনায়েদ। ভবনটিতে আগুন লাগলে দুই বন্ধু লাফিয়ে নিচে পড়েন। আগুনে দগ্ধ হয়ে মারা যান জুনায়েদ ও তার এক বন্ধু।
নিহতদের পরিবারকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করা হবে বলে জানান ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন।
বেইলি রোডের আগুনে ভোলার আরও দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন- দোলা ও মাহী। তাদের বাড়ি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গুপ্তগঞ্জ বাজারে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিভিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৪৬ জন। সবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয়। সকাল থেকে লাশের পরিচয় নিশ্চিত করে ৩৫ জনের মরদেহ স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে তাদের মধ্যে ছয়জনকে আর চেনার উপায় নেই। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হলে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্বাস্থ্যমন্ত্রী নিহতের এই সংখ্যা জানিয়ে বলেছেন, আহত ১২ জনের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১০ জন ভর্তি আছেন আর ঢাকা মেডিকেলে আছে দুইজন। এই ১২ জনের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে যাওয়ায় তারা কেউ শঙ্কামুক্ত নন।
আরও পড়ুন:
একসঙ্গে অঙ্গার দুইবোন চিরনিদ্রায় পাশাপাশি
মা-মেয়ের পোল্যান্ড যাওয়া স্বপ্ন পুড়ল বেইলি রোডের আগুনে
পুড়ে যাওয়া ৬ মরদেহ চেনার উপায় নেই, হবে ডিএনএ পরীক্ষা
গ্রিন কোজি কটেজে আগুন: যা বললেন কাচ্চি ভাইয়ের ব্যবস্থাপক
বেইলি রোডে আগুন: লাশ সৎকারে ২৫ হাজার টাকা করে দেবে সরকার
গ্রিন কোজি কটেজে আগুন: সিলিন্ডার বিস্ফোরণের তথ্য ধরে অনুসন্ধান
বেইলি রোড থমকে দিয়েছে পুড়ে যাওয়া ‘গ্রিন কোজি কটেজ’
বেইলি রোডে আগুন: বোনের সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন মুন্সীগঞ্জের প্রিয়ন্তী
আগুন কেড়ে নিল পুরো পরিবারকে, পড়ে রইল ভিসা-পাসপোর্ট
সন্তানদের ‘জড়িয়ে ধরে’ লাশ হলেন পপি
ট্রাক ভর্তি লাশ, কান্নায় ভারি ঢাকা মেডিকেল
