২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ফিরছেন বাসিন্দারা, স্বাভাবিক হওয়ার অপেক্ষায় সাহাপাড়া

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও মন্দিরে হামলা-অগ্নিসংযোগের পর আতঙ্ক ও ভয়ে বাড়ি ছেড়ে যাওয়া সাহাপাড়ার হিন্দু সম্প্রদায়ের মানুষজন নিজেদের ভিটায় ফিরতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 11:04 AM

Updated : 25 Oct 2022, 10:58 AM

১৫ জুলাই রাতে হামলার মুখে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাহাপাড়ায় শতাধিক বাসিন্দা তাদের পরিবারের সদস্যদের অন্যত্র পাঠিয়ে দিয়েছিলেন। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের আশ্বাসে বাড়িঘরে ফিরে আসা এসব মানুষের প্রত্যাশা, পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।

মঙ্গলবার দিঘলিয়া বাজারে গিয়ে দেখা গেছে, রাস্তায় র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। গত কয়েকদিনের তুলনায় রাস্তাঘাটে লোকজনের আনাগোনায় বেড়েছে। সাহাপাড়ায় যেসব বাড়িঘর হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব মেরামতের কাজও শুরু হয়েছে। মন্দিরেও পুরোহিতদের তত্ত্বাবধানে সংস্কার কাজ চলছে।   

স্থানীয় ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই পরিস্থিতি দেখতে রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের লোকজন আসছেন। তারা সাহস দিচ্ছেন। এতে করে মানুষের মনোবল বাড়ছে। মঙ্গলবারও এলাকা পরিদর্শন করেছে আওয়ামী লীগ ও বাম জোটের নেতারা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।  

সাহাপাড়ার বাসিন্দা তরুণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার ঘটনার পর থেকে সবাই খোঁজ-খবর নেচ্ছে, তাতে সাহস লাগতিছে। সেদিনও যদি সবাই এভাবে একটু আগোয়ে আসতো, তাহলি মনে হয় এতো বড় ক্ষতি হতো না।”

ফেইসবুককেন্দ্রিক আরেক পোস্টকে কেন্দ্র করে গত মাসে নড়াইলের সদর উপজেলায় মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষের গলায় জুতার মালা পরানোর খবরে বেশ কিছু দিন থেকে আলোচনায় রয়েছে নড়াইল। এর মধ্যেই সাহাপাড়ায় এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দিঘলিয়া গ্রামটি বেশ বড়। গ্রামে প্রায় তিন শতাধিক পরিবার বাস করে। এর মধ্যে বাজারের পাশেই সাহাপাড়ায় শতাধিক হিন্দু পরিবার যুগের পর যুগ ধরে বসবাস করে এলেও কোনোদিন তারা এ ধরনের ঘটনার মুখোমুখি হননি; বরং হিন্দু-মুসলিম নির্বিশেষে সহাবস্থানের কথাই বলেছেন। কিন্তু ১৫ জুলাইয়ের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তাদের মধ্যে ভীতি ও আতঙ্কের জন্ম দিয়েছে।

স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সাহাপাড়ার বাসিন্দা ২০ বছরের আকাশ সাহার একটি ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে। এতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সমালোচনা চলতে থাকে। জুম্মার নামাজের পর থেকেই উত্তেজনা ছড়াতে থাকে। আকাশের গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন একদল।

বিকালে উত্তেজনা আরও বাড়ে এবং সন্ধ্যায় তারা সাহাপাড়ার কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। এরই ধারাবাহিকতায় রাতে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় সামনে যাকে পেয়েছে তাকেই মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন সাহাপাড়ার বাসিন্দারা।  

সেদিন গোবিন্দ সাহার ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয় তরুণ সাহা, দিলীপ সাহা, পরান সাহাসহ কয়েকটি বাড়ি ও অশোক সাহার দোকান। এ ছাড়া দিঘলিয়া আখড়াবাড়ি সার্বজনীন দুর্গাপুর মন্দির এবং দুটি পারিবারিক মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ধারণা, ‘সনাতন ধর্মাবলম্বীদের বিপদে ফেলার’, পাশাপাশি তাকেও ‘বিপদে ঠেলে দেওয়ার খেলা’য় মেতেছে একটি পক্ষ।

দিঘলিয়ার সাহাপাড়ার ঘটনা যারা ঘটিয়েছে, তারা আগেও সক্রিয় ছিল এবং ‘পেছন থেকে আঘাত করছে’ বলে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের ভাষ্য। 

ঘটনার রাতে হামলাকারীরা পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল শিক্ষক তরুণ কুমার সাহার। মঙ্গলবার তার সঙ্গে কথা হলে জানান, মাথার ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আমার ভাইকে হামলাকারীদের কাছ থেকে রক্ষা করতে গিয়েছিলাম। হামলাকারীরা আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। শারীরিক আঘাতের সঙ্গে সঙ্গে খুব ভয় পেয়েছিলাম। তারপরই বাড়ির লোকজনকে অন্যত্র পাঠিয়ে দিয়েছিলাম।

“ঘটনার পর পর এমপি মাশরাফি, মন্ত্রী সাহেব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমার এবং আমার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন, সাহস দিয়েছেন।“

স্থানীয় স্কুলের এই শিক্ষক বলেন, “যাদেরকে অন্যত্র পাঠিয়ে দিয়েছিলাম তাদের আবার বাড়ি ফিরিয়ে এনেছি। আশা করছি, সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হবে।”

আগুনে পুড়ে যাওয়া গোবিন্দ্র সাহার বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা সংসারের কাজ নিয়ে ব্যস্ত।

গোবিন্দ সাহার পুত্রবধূ বলেন, “ঘটনার দিন রাতে একদল লোক আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। খুব আতঙ্কে ছিলাম। ঘটনার পর থেকে পুলিশ আছে, এমপি মাশরাফি এসেছিলেন।

“সরকারও কিছু সাহায্য করছে। ঘরের টিনের চাল আবার ঠিক করে দিচ্ছে। এলাকার চেয়ারম্যান, মেম্বার প্রতিদিন আমাদের খোঁজ নিচ্ছে। এখন মনে একটু সাহস পাচ্ছি।”

দিঘলিয়া বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন মো. জসিম উদ্দিন। কিন্তু কোনোদিন এমন পরিস্থিতি হতে দেখেননি। 

তিনি বলেন, “মনে হচ্ছে একটা ঝড় বয়ে গেল। ঝড়ে অনেক কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। মনে হচ্ছে, একটু সময় লাগবে। কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে। আবারও সবাই মিলেমিশে থাকতে পারব।”

সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য শিবনাথ বাইন বলেন, “সেদিন রাতে আমার বাড়িতে এবং পাশের মন্দিরে ইট মেরেছিল। পুলিশ আছে, তাই এখন এলাকার মানুষের আতঙ্ক অনেকখানি কেটে গেছে।” 

মঙ্গলবারও আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে সাহাপাড়ায় ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, “আমরা কেউ দুর্বল প্রকৃতির মানুষ না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ করছি। সেই সঙ্গে এটাও বলব, আপনাদের সঙ্গে আমরা আছি।

“আপনাদের ঘরবাড়ি ও মন্দিরের যে ক্ষতি হয়েছে তা নতুন করে করা হবে। যতদিন প্রয়োজন ততদিন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন।”

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, “বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় আকাশ সাহাকে এবং বাড়িঘর-মন্দির ভাঙচুরের মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

“বাকিদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে। তথ্য-প্রমাণ ছাড়া কাউকেই হয়রানি করা হবে না।”

পুলিশ জানিয়েছে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সালাউদ্দিন কচি নামের এক ব্যক্তি আকাশ সাহাকে আসামি করে গত ১৫ জুলাই রাতে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার’ অভিযোগে একটি মামলা দায়ের করেন। সেই মামলাতেই আকাশকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

২০ বছর বয়সী আকাশ লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়া গ্রামের অশোক সাহার ছেলে। শুক্রবার রাতেই অশোক সাহাকে থানায় নেওয়া হয়েছিল, তিনি এখনও বাড়ি ফেরেননি। 

অপরদিকে ১৭ জুলাই রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে আড়াইশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। জেলার বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে পাঁচজনকে রিমান্ডে পেয়েছে পুলিশ। তারা হলেন- লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের আমিন উদ্দিন শেখের ছেলে সাঈদ শেখ (৫৫), দিঘলিয়া গ্রামের ইসহাক মৃধার ছেলে রাসেল মৃধা (৩৮), লুটিয়া গ্রামের আজিজুল গাজীর ছেলে কবির গাজী (৪০), বাটিকাবাড়ি গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে রেজাউল শেখ (৪০) ও বয়রা গ্রামের সাদেকুর রহমান মোল্লার ছেলে মাসুম বিল্লাহ (৩০)।

এর আগে গত ১৭ জুন এ জেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্রের ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত এক বক্তব্য নিয়ে ফেইসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার পর ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়।

এ নিয়ে দেশজুড়ে প্রতিবাদের মধ্যে এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যেই লোহাগড়ার সাহাপাড়ায় অগ্নিসংযোগে ঘটনা ঘটল, যা নিয়েও প্রতিবাদ চলছে।

আরও পড়ুন:

নড়াইলে সাহাপাড়ায় ধর্ম প্রতিমন্ত্রীসহ একদল সংসদ সদস্য  

নড়াইলে হিন্দু বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর  

‘অন্যায় করলে বিচার হোক, বাড়িতে আগুন দিল কেন?’  

ফেইসবুকে ‘ধর্ম অবমাননা’: নড়াইলের আকাশ রিমান্ডে  

নড়াইলে সাহাপাড়ায় অগ্নিসংযোগে মামলা, আসামি ২৫০  

নড়াইলে ‘ফেইসবুকে পোস্ট দেওয়া’ সেই যুবক গ্রেপ্তার  

লোহাগড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি-মন্দিরে মাশরাফি, সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ  

নড়াইলে হিন্দু বাড়িতে হামলায় জড়িতদের শাস্তি দাবি বাম জোটের  

নড়াইলে হিন্দু বাড়ি পোড়ানোয় জড়িতদের শাস্তি দাবি

ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে নড়াইলে হিন্দু বাড়িতে আগুন  

পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ

শিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্থার বিচার দাবিতে শাহবাগে সমাবেশ

সাহাপাড়ার আগুনে অন্য ‘খেলা’ দেখছেন মাশরাফি