২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সাহাপাড়ায় ধর্ম প্রতিমন্ত্রীসহ একদল সংসদ সদস্য

ফেইসবুকে ধর্ম  অবমাননার অভিযোগে হামলায় নড়াইলের সাহাপাড়ায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও সংসদ সদস্যদের একটি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 11:13 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত পান ব্যবসায়ী গোবিন্দ সাহার বাড়ি পরিদর্শন কালে প্রতিমন্ত্রী বলেন, “আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই। গত ১৫ জুলাইয়ের ঘটনায় আপনারা যারা ক্ষতির শিকার হয়েছেন সবাইকে পুনর্বাসন করা হবে এবং যেসব মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সব  পুনর্নিনির্মাণ করে দেওয়া হবে।”

স্বাধীনতা বিরোধী চক্র দেশের ভাবমূর্তি নষ্ট করতে অগ্নিসংযোগ, হামলাসহ নানা অরাজকতা সৃষ্টি করে দেশকে সবসময় অস্থিতিশীল পরিবেশে রাখতে চায় মন্তব্য করে তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও মন্দিরের পুরোহিতদের উদ্দেশে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্র শুরু করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা কঠোর অপরাধ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপরাধে যেই অপরাধী হোক তাকে আইনের আওতায় আনা হবে।

ফরিদুল হক খান বলেন, “আপনাদের এমপি আমাদের গর্ব মাশরাফি দৃঢ়তার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করেছেন। আপনাদের পাশে এসে সাহস যুগিয়েছেন তিনি।”

এই হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ‘উল্টো খেলা’ দেখার ইঙ্গিত দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

তার ধারণা, ‘সনাতন ধর্মাবলম্বীদের বিপদে ফেলার’ পাশাপাশি তাকেও ‘বিপদে ঠেলে দেওয়ার খেলা’য় মেতেছে একটি পক্ষ।

পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, নড়াইল-২ আসনের (নড়াইল সদর- লোহাগড়া) সংসদ সদস্য মাশরাফি ‍বিন মুর্তজাসহ দলের আরও সংসদ সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় স্বপন ভট্টাচার্য্য বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যে পরাজিত বিপথগামী শক্তি, জঙ্গিবাদী ও মৌলবাদী গোষ্ঠী জড়িত ছিল আজ তারাই শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এদেশকে সাম্প্রদায়িক দেশে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

নিরপরাধ মানুষের ওপর সংঘবদ্ধ হামলা, বাড়িঘর-দোকানপাট ভাংচুর, অগ্নিসংযোগ উপাসনালয়ে হামলা যারা করেছে তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন।

নড়াইলের এই ঘটনা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, বাংলাদেশ বিরোধী মন্তব্য করে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন।

মাশরাফি ‍বিন মুর্তজা বলেন, “আমরা কেউ দুর্বল প্রকৃতির মানুষ না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। সেই সাথে এটাও বলব আপনাদের সাথে আমরা আছি। আপনাদের ঘর মন্দিরের যে ক্ষতি হয়েছে তা নতুন করে করা হবে।”

অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংসদ সদস্য বীরেন শিকদার, সংসদ সদস্য পঙ্কজ নাথ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বিকাল সাড়ে ৫টায় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের উপস্থিতিতে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত ১৮ জুন কলেজের এক ছাত্রের ফেইসবুকে প্রকাশিত পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওই ছাত্রের পক্ষ নিয়েছেন এমন খবর রটানো হলে পুলিশের সঙ্গে স্থানীয়দের  সংঘর্ষ বাধে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দেয় কয়েকজন। তিনটি মোটরসাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেওয়া হয়।

এই প্রেক্ষাপটে ওই দিনই কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

‘অন্যায় করলে বিচার হোক, বাড়িতে আগুন দিল কেন?’  

ফেইসবুকে ‘ধর্ম অবমাননা’: নড়াইলের আকাশ রিমান্ডে  

নড়াইলে সাহাপাড়ায় অগ্নিসংযোগে মামলা, আসামি ২৫০  

নড়াইলে ‘ফেইসবুকে পোস্ট দেওয়া’ সেই যুবক গ্রেপ্তার  

লোহাগড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি-মন্দিরে মাশরাফি, সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ  

নড়াইলে হিন্দু বাড়িতে হামলায় জড়িতদের শাস্তি দাবি বাম জোটের  

নড়াইলে হিন্দু বাড়ি পোড়ানোয় জড়িতদের শাস্তি দাবি

ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে নড়াইলে হিন্দু বাড়িতে আগুন  

পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ

শিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্থার বিচার দাবিতে শাহবাগে সমাবেশ

সাহাপাড়ার আগুনে অন্য ‘খেলা’ দেখছেন মাশরাফি