রাবিতে হিমেলকে স্মরণ শিক্ষক-সহপাঠীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় নিহত গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলকে স্মরণ করেছেন তার সহপাঠী ও শিক্ষকরা।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে হিমেলের শিক্ষক-সহপাঠী ছাড়াও তার মা, মামা ও নানাসহ অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, “প্রথমেই আমি হিমেলের নির্মম মৃত্যুর ঘটনায় সমবেদনা জ্ঞাপন করছি। হিমেল আমাদের জন্য সম্ভাবনাময় ছিল, কিন্তু অকালেই প্রাণটি ঝরে গেছে। হিমেলের আত্মার শান্তির জন্য এখন আমাদের দোয়া করা ছাড়া আর অন্য কোনো পথ নেই।”
তিনি শিক্ষার্থীদের প্রতি সাবধানে চলাফেরা করার অনুরোধ করেন যেন এরকম কাউকে প্রাণ হারাতে না হয়।
“আমার মনে হয়, তোমাদের সাথে আমাদের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, তা আমরা রাখতে চাই না। তাই বিশ্ববিদ্যালয়ে যত সমস্যা আছে তা আমরা তোমাদের সঙ্গে নিয়েই সমাধান করার চেষ্টা করব।”
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং রাবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ফাহিম মাহমুদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ইসলাম, ছাত্র উপদেষ্টা তারেক নূরসহ চারুকলা অনুষদের অন্যান্য শিক্ষকেরা।
সভা শেষে ইমাম ফাহিম মাহমুদ হিমেলের জন্য দোয়া পড়েন এবং শেষে সকলের উদ্দেশে তবারক বিতারণ করা হয়।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে হবিবুর হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী হিমেল।
এরপর সাধারণ শিক্ষার্থীরা রাতভর বিক্ষোভের মধ্যে সাত দফা দাবি তোলেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় মামলা করেছে; পুলিশ দুইজনকে গ্রেপ্তারও করেছে। ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে অব্যাহতি দিয়ে নতুন অধ্যাপক আসাবুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
