রাবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতিতে মানববন্ধন শাবিতে
ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ঘিরে আন্দোলনরতদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
বুধবার বিকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের রাস্তায় অনুষ্ঠিত একটি মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শাবি শিক্ষার্থীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল ‘হত্যার’ ঘটনা ঘটেছে। ট্রাক চাপায় নিহত শিক্ষার্থীর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন রাবি শিক্ষার্থীরা।
"তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালককে গ্রেপ্তার, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের প্রত্যাহার, ক্যাম্পাসের রাস্তাগুলো সংস্কার এবং সব জায়গায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা।"
মানববন্ধনে বক্তারা রাবি শিক্ষার্থীদের প্রত্যকটি দাবিই ন্যায্য, যৌক্তিক ও দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য বলে মনে জানান।
তাই তারা রাবি শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করে রাবি প্রশাসনকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহবান জানান।
একই সঙ্গে দেশের সকল ক্যাম্পাস থেকে পুলিশ ফাঁড়িসহ যেকোনো ধরনের পুলিশ স্থাপনা অপসারণের দাবি জানান তারা।
মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাক চাপায় মারা যান মাহবুব হাবিব হিমেল। তিনি কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
নিহত হিমেল শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ছিলেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন।
এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
