রাবি শিক্ষার্থীর মৃত্যু: ট্রাক চালক, সহকারী গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাক চাপায় শিক্ষার্থীর প্রাণহানিতে প্রশাসনের মামলায় ট্রাকটির চালক ও চালক সহকারী গ্রেপ্তার হয়েছেন।
বুধবার বেলা ১১টায় রাজশাহী নগরের হড়গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান।
এরা হলেন ট্রাক চালক মো. টিটু মিয়া (৪২) এবং তার সহকারী হামিম হোসেন ওরফে কালু (২০)।
আনোয়ার আলী তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহকারী প্রক্টর আরিফুর রহমান মামলাটি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন আইনে। এই মামলায় ট্রাক চালক ও তার সহকারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।
আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, নিহত শিক্ষার্থীর পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে তিনি দুপুরে মামলা দায়ের করেছেন।
এদিকে, এ দুজনকে আটকের পর বিকালে মহানগর পুলিশের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। চারুকলার এই শিক্ষার্থীর মৃত্যুতে পুলিশ গভীরভাবে শোকাহত। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তৎপর ছিল। তারা খুব দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত চালক ও সহকারীকে আটক করেছে এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলায় গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কোনো কুচক্রী মহল যদি পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাক চাপায় শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আরেক শিক্ষার্থী আহতও হয়েছেন।
