ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু: রাবিতে রাতভর বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সামনে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাতভর বিক্ষোভ করেছে সহপাঠী ও শিক্ষার্থীরা।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।
শিক্ষার্থীদের দাবির মুখে রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে প্রত্যাহার করার মৌখিক প্রতিশ্রুতি দেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য প্রক্টরিয়াল বডিকে প্রত্যাহারের মৌখিক ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীদের আরও দাবি আছে, সেগুলো নিয়ে আজ আলোচনা হবে। দাপ্তরিক বিষয়গুলো আজ কোনো এক সময় চূড়ান্ত করা হবে।”
এতে ঘটনাস্থলে মারা যান চারুকলা অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক মাহমুদ হাবিব হিমেল।
একই বর্ষের শিক্ষার্থী রায়হান রিমেলকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হিমেলের লাশটি প্রায় দেড় ঘণ্টা দুর্ঘটনাস্থলেই পড়ে ছিল। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকরা কয়েক দফা শিক্ষার্থীদের শান্ত করতে গিয়ে ব্যর্থ হয়।
পরে রাত পৌনে ১১টায় লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
এদিকে সহস্রাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী দুর্ঘটনাস্থলে এসে জড়ো হয়। নির্মাণসামগ্রী বহনের পাঁচটি ট্রাকে তারা আগুন দেয়। এছাড়া নির্মাণাধীন ভবনে তারা ভাঙচুর করে এবং দুটি কক্ষে অগ্নি সংযোগ করে।
পুলিশ ও ফায়ার ব্রিগেডের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের বাধায় তারা ফিরে যায়।
শিক্ষার্থীদের একটি অংশ রাতে প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
রাত দেড়টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে উপাচার্যের বাসভবনের সামনে যান রাজশাহীর মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়েরুজ্জামান লিটন। তিনি শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।
শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য প্রক্টরিয়াল বডিকে অপসারণের মৌখিক আশ্বাস দেন।
তিনি বলেন, বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে হিমেলের জানাজা শেষে মরদেহ নাটোরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর ক্যাম্পাসে ফিরে অন্যান্য দাবি নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবেন।
এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালক গ্রেপ্তার না হওয়া পর্যন্ত হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন অ্যাকাডেমিক ভবনের কাজ বন্ধ রাখার ঘোষণা দেন উপাচার্য। পরে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যায়।
রাজশাহীর মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
