হিমেল স্মরণে উন্মুক্ত শিল্পকর্ম চর্চা রাবিতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল স্মরণে ক্যাম্পাসে তিন দিনব্যাপী উন্মুক্ত শিল্পকর্ম চর্চা শুরু হয়েছে।
‘শিল্পের প্রতিবাদ, তার শিল্পকর্মে’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফেইসবুক গ্রুপ ‘জলটল: রাবি’র জলরং প্রেমীদের গ্রুপ’ এই কর্মসূচি শুরু করে।
মাহমুদ হাবিব হিমেল দুর্ঘটনায় নিহতের স্থানের পাশে হবিবুর মাঠে এ আয়োজন করা হয়।
জলটল: রাবি’র জলরং প্রেমীদের ফেইসবুক গ্রুপের উদ্যোগে আউটডোর বিষয়ে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রশান্ত মন্ডল বলেন, “আমরা হিমেলকে যেহেতু হারিয়ে ফেলেছি তাই তার স্মৃতি হাতরানো ছাড়া আর আমাদের কিছু করার নেই। আমাদের কাজের মাধ্যমে আমরা হিমেলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও প্রতিবাদ একাত্ম করে প্রকাশ করার চেষ্টা করছি।”
প্রতি শুক্রবার সাধারণত তারা আউটডোর করেন উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু হিমেলের স্মরণে আজ থেকে সারাদিনব্যাপী জরুরি আউটডোরের ঘোষণা দেওয়া হয়েছে। যে কেউ যেকোনো শিল্পমাধ্যম নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন।”
এ সময় ১০-১৫ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর ড. আসাবুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন রাস্তায় লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে। এছাড়া নির্মাণকাজও বন্ধ রাখা হয়েছে।
