চোখের জলে বিদায় রাবি ক্যাম্পাসের প্রিয় মুখ হিমেলের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় নিহত গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলকে চোখের জলে বিদায় দিয়েছেন স্বজন ও সহপাঠীরা।
বুধবার দুপুর আড়াইটায় নাটোর সদরের গাড়িখানা কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে স্থানীয় নববিধান উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নাটোর জেলা পুলিশ প্রশাসন, প্রতিবেশী ও সহপাঠীরা শ্রদ্ধা জানান অকালপ্রয়াত এই শিক্ষার্থীর মরদেহে।
মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাক চাপায় মারা যান কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল।
হিমেলের মৃত্যুর পর রাতভর শিক্ষার্থীরা বিক্ষোভ অবস্থান করেন; আন্দোলনের মধ্যে বুধবার প্রক্টরের পরিবর্তন হয়। এই ঘটনায় মামলা হয়েছে। ওই ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৯টায় হিমেলের মরদেহ প্রথমে চারুকলা অনুষদে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।
সেখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন, রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ৪০০-৫০০ শিক্ষক-শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।
হিমেলকে নিতে তার স্বজনরা বিশ্ববিদ্যালয়ে আসেন। মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে হিমেলের তার জানাজা হয়।
উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, “সন্তানহারা পিতা হিসেবে আমার পক্ষে এখন কিছুই বলা সম্ভব নয়। আমরা তার মায়ের সঙ্গে কথা বলেছি। তার মায়ের আর্থিক দিক আমরা দেখব। তার মা মুনিরা আক্তারের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আহত রায়হানের দায়িত্বও নিয়েছি।”
বেলা ১১টার দিকে তার মরদেহ নিয়ে নাটোরের উদ্দেশে রওনা হন মা ও মামা। সঙ্গে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ৮-৯টি বাসে করে শিক্ষার্থীরা।
নাটোরে পৌঁছে আর্থিক সহায়তার অংশ হিসেবে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার হিমেলের মায়ের হাতে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকার চেক এবং সার্বিক দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন।
দাফন শেষে দুপুরের পর উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহী ফিরে আসেন।
