২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিমেল আমাদের ঘুম ভাঙানিয়া’

হিমেল বাতাসে কুয়াশা আর মেঘের ফাঁকে ক্ষণে ক্ষণে উঁকি দিচ্ছে সূর্য। ঘুম যেন ভাঙেনি তখনও। তার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে সহপাঠীরা চুন আর বালু দিয়ে ফুটিয়ে তুলেছেন, ‘হিমেল আমাদের ঘুম ভাঙানিয়া’। তার নিচেই এক পাখির প্রতিচ্ছবি; যেন সে হারিয়ে গিয়েও জেগে আছে রোদের ছায়ায়, শিশিরে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 01:09 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত মাহবুব হাবিব হিমেল স্মরণে সহপাঠী, শিল্পী-বন্ধুরা এঁকেছেন বন্ধুর মুখ, আলিঙ্গণের চিত্রপটে লিখেছেন, ‘ছাইড়া যদি যাবি জড়াইছিলি কেন?’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘জলটল: রাবি’র জলরং প্রেমীদের গ্রুপ’ এর আয়োজনে 'শিল্পীর প্রতিবাদ তার শিল্পকর্মে' প্রতিপাদ্যকে সামনে রেখে উন্মুক্ত শিল্পকর্ম (আউটডোর) চর্চায় উঠে এসেছে হিমেলের জন্য এসব শোকগাঁথা।

রোববার চতুর্থদিনের মত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠের পাশে চলছে এই কর্মযজ্ঞ। এই মাঠের পাশেই ট্রাক কেড়ে নেয় হিমেলের প্রাণ। সতীর্থরা এই দুর্ঘটনাস্থলের নাম দিয়েছে 'হিমেল সরণি'।

শনিবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, কেউ চুন এগিয়ে দিচ্ছেন, কেউ পাথর বাসানোর কাজ করছেন। পাশেই বালু দিয়ে ভাস্কর্য নির্মাণে ব্যস্ত কেউ কেউ। গাছের ছায়ায় বসে কেউবা আপন মনে আঁকছেন। হিমেলের স্মৃতিকে ধরে রাখতে ও ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সৃষ্টি করেছেন নানা শিল্পকর্ম।

‘হিমেল আমাদের ঘুম ভাঙ্গানিয়া পাখি’-এর বিষয়ে জানতে চাইলে মৃৎশিল্পী ও ভাস্কর্য বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী শাকিলা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অনিয়মের মধ্য দিয়ে গিয়েছে। সেগুলো নিয়ে নানা সময়ে কথাও হয়েছে। কিন্তু প্রশাসন সেগুলোর কোনো তোয়াক্কাই করেনি।

“হিমেল তার জীবনের বিনিময়ে হলেও সেই ঘুমন্ত প্রশাসনকে জাগ্রত করেছে। তাই হিমেল আমাদের জন্য ঘুম ভাঙানিয়া পাখি এবং আমরা চাই হিমেলের লাশের পর আর কোনো ঘুম ভাঙানিয়া পাখির দরকার না পড়ুক।”

তার পাশেই একটি বালির ভাস্কর্য; দুর্ঘটনার শিকার মানবের উল্টানো দেহ। যার মুখমণ্ডলে ফুল আঁকা।

শাকিলা জানান, গত মঙ্গলবার রাতে এখানেই নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকের চাপায় মৃত্যু হয় মাহমুদ হাবিব হিমেলের এবং তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হিমেল সবসময় হাসিখুশি থাকতেন। কিন্তু মৃত্যুর পর তার আর সেই মুখটায় রইল না। এ কারণে ভাস্কর্যে হিমেলের ঘাড়ের উপরের অংশে ফুলের প্রতিচ্ছবি আঁকা হয়েছে।    

এমনই এক চিত্রকর্মের ওপরে লেখা, ‘হিমেল তোর মাথা খাব’। যেখানে দেখা যাচ্ছে, দানবরূপী এক ট্রাক ধেয়ে আসছে। ট্রাকের সামনের দিকে মুখ থেকে বেরিয়ে আছে রক্তপিপাসু জিহ্বা।

আবার এক ট্রাকের পাশে একটি নিথর দেহ পড়ে আছে এবং বড় করে লেখা ‘অনাকাঙ্ক্ষিত’! কেউ কেউ স্মৃতিকাতর হয়ে হিমেলের পোট্রেট এঁকেছেন।

চারুকলা অনুষদের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আতিক ইমরান বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে দুর্ঘটনাস্থলে আমরা এই কয়দিনে জমা হওয়া শিল্পকর্ম ও হিমেলের শিল্পকর্মগুলো নিয়ে একত্রে একটি প্রদর্শনীর আয়োজন করব।

“এ ছাড়া রোববার বিকালে চারুকলায় হিমেলকে নিয়ে আমাদের উত্থাপিত বেশ কিছু দাবিদাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার স্যারের সঙ্গে আলাপ করব”, যোগ করেন আতিক ইমরান।