রাবি হল থেকে পুলিশ সরানোর ব্যাখ্যা দিলেন প্রক্টর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে পুলিশ প্রত্যাহার করে ঝুঁকিপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে বলে প্রক্টর আসাবুল হক জানিয়েছেন।
গত মাসের শুরু থেকে ক্যাম্পাসে একাধিক ছিনতাই ও ট্রাকচাপায় শিক্ষার্থী হিমেলের মৃত্যুর পর এই পদক্ষেপ নেওয়া হল।
প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আবাসিক হলগুলো থেকে সাময়িকভাবে পুলিশ প্রত্যাহার করে ক্যাম্পাসের যেসব জায়গায় বহিরাগতদের বেশি প্রবেশের সুযোগ রয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে।
“বিশেষ করে চারুকলা গেট, স্টেশন বাজার গেট ও বধ্যভূমি গেট। এসব জায়গায় অস্থায়ীভাবে প্রাথমিকভাবে ১০-১৫ জন করে পুলিশ সদস্য তাঁবু গেড়ে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন।”
তিনি বলেন,“সম্প্রতি ক্যাম্পাসে ছিনতাই ও বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসনের পরামর্শে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বুধবার থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। তবে হলে অবস্থানরত পুলিশ সদস্যদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্রসহ রয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকেলের দিকে তারা সেসব নিতে আসেন।”
তাছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাও আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত মাসের শুরু থেকে ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের অবাধে প্রবেশ ও মাদক গ্রহণকালে আটকের ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে হবিবুর হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী হিমেল। এই প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা সাত দফা দাবি তোলেন, যার মধ্যে অন্যতম ছিল ক্যাম্পাসের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় মামলা করেছে; পুলিশ দুইজনকে গ্রেপ্তারও করেছে। এছাড়া ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে অব্যাহতি দিয়ে নতুন অধ্যাপক ড. আসাবুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন রাস্তায় লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে।
