হিমেলের মৃত্যু: সব দাবি দ্রুত বাস্তবায়ন চায় রাবি শিক্ষক সমিতি
ট্রাক চাপায় মাহমুদ হাবিব হিমেলের মৃত্যুর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেওয়া সব দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানিয়েছে শিক্ষক সমিতি।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
গত ১লা ফেব্রুয়ারি ২০২২ পাথরবাহী ট্রাক চাপায় হিমেলের মৃত্যুর তীব্র নিন্দা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ যেসব দাবি প্রশাসনের কাছে উত্থাপন করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সেগুলোকে সমর্থন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবি মেনে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। শিক্ষার্থীদের গ্রহণযোগ্য সকল দাবি পদ্ধতিগতভাবে দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।”
হিমেল ‘হত্যাকাণ্ডের’ পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক উত্তাল উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সংকট নিরসনে এই অনন্য নজির স্থাপন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ এবং বিশেষ করে শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে।
গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে হবিবুর হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী হিমেল। একই সময়ে আহত হোন হিমেলের সহপাঠী রায়হান রিমেল। এরপর বিক্ষুব্ধ হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাঁচ ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাংচুর চালান তারা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭ দফা দাবির প্রস্তাব তোলা হয়।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর আসাবুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।
