রাকসু ভোট উৎসব: গান-আড্ডা, ছবি তোলায় মেতেছেন শিক্ষার্থীরা
“এখনও পুরোদমে উৎসব শুরু হয়নি। আসল ‘টুইস্ট’ হবে বিকালে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন জমে ওঠেছে। বেলা যত বাড়ছে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জটলাও ততটা বাড়ছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় কিছুটা ঢিমেতালে ভোটগ্রহণ শুরু হলেও ১০টার পর থেকে বাড়তে থাকে ভিড়; ১১টার পর যেন ক্যাম্পাসে ফেরে উৎসবের আমেজ।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা ভোট দিতে এসেছেন তারা ভোট শেষে হলে বা মেসে ফেরেননি। ক্যাম্পাসে থেকে গেছেন ভোটের উৎসব উপভোগ করার জন্য।
ক্যাম্পাসের পরিবহন চত্বরে গিয়ে দেখা গেছে, সেখানে শত শত শিক্ষার্থী আড্ডায় মেতেছেন। কেন্দ্রগুলোর সামনেও দেখা গেছে, ভোটারদের দীর্ঘ সারি। শিক্ষার্থীদের কেউ কেউ ছবিও তোলেন।
দুপুর সোয়া ১২টায় ক্যাম্পাসে কিছু তরুণকে দেখা যায়, গানের মিছিল নিয়ে ঘুরে বেড়াতে; তাদের মাঝে ছিলেন রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহসাংস্কৃতিক সম্পাদক প্রার্থী শাহরিয়ার আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “ভালো লাগছে, ক্যাম্পাসে নির্বাচন ঘিরে একটা উৎসবের আমেজ এসেছে। তবে নির্বাচনের টানা প্রচারের কারণে কয়েক দিনে ক্লান্ত হলে পড়লেও আজকে এই ভোটের উৎসব দেখে আনন্দ লাগছে।”
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের পাশে বন্ধুদের নিয়ে সেলফি তুলতে দেখা যায় কিছু শিক্ষার্থীকে। তাদের একজন আরিফ আব্দুল্লাহ বলেন, “ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। ছবি তুলছি।”
চতুর্থ বর্ষের শিক্ষার্থী লুবনা শারমিন অবশ্য মনে করছেন, “এখনও পুরোদমে উৎসব শুরু হয়নি। আসল ‘টুইস্ট’ হবে বিকালে।”
চারুকলা অনুষদের শিক্ষার্থী সারাহ আফরোজ আনন্দী বলেন, “ভোট দিতে এসেছি, কিন্তু অনেক বড় লাইন দেখছি। এখন একটু ক্যাম্পাস ঘুরতে বের হলাম। চারদিকে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। অনেকদিন পর এমন পরিবেশ দেখে বেশ ভালো লাগছে।”
ভোট তথ্য
>> সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে
>> ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে
>> মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন; তাদের ১১ হাজার ৩০৫ নারী, আর পুরুষ ১৭ হাজার ৫৯৬ জন
>> রাকসুর ২৩টি পদে মোট প্রার্থী ৩০৫ জন
>> ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী হয়েছেন
>> সিনেটে পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন
>> বিশ্ববিদ্যালয়ের ২১২ জন শিক্ষক ও কর্মকর্তা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন
আরও পড়ুন:
