Published : 25 Sep 2025, 06:57 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও প্রক্টরসহ শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছনার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে চলমান পূর্ণদিবস কর্মবিরতি আপাতত স্থগিত করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ‘বুদ্ধিজীবী চত্বরে’ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাবি শাখার সভাপতি অধ্যাপক আব্দুল আলিম সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন।
আব্দুল আলিম বলেন, “দুপুরে উপাচার্য মহোদয়ের আহ্বানে শিক্ষক ফোরামের নেতৃত্বে রাবি শাখা জিয়া পরিষদ ও ইউট্যাবের শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভা হয়েছে।
“সেখানে উপাচার্য দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই আমরা আপাতত রাকসু নির্বাচনের স্বার্থে কর্মসূচি স্থগিত করছি।”
রাকসু নির্বাচনের আগে আবার কর্মসূচি দেওয়া হবে কি-না সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “রাকসু কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখার জন্য আমাদের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
“আমাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, তার ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। কর্মসূচির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদক্ষেপ নির্ভর করছে।”
এর আগে ‘পোষ্য কোটা’ পুনর্বহালের প্রতিবাদে শনিবার শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে আন্দোলনের মুখে এদিন রাতেই পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত করে প্রশাসন এবং রোববার সিন্ডিকেটের সভায়ও তা স্থগিত রাখা হয় এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
এরপর শিক্ষক লাঞ্চিতের বিচার এবং পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রোববার রাতে অফিসার্স সমিতি, ট্রেড ইউনিয়ন ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়।
তবে জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন শিক্ষক পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের ঘোষণা দেয়।
টানা এই শাটডাউনের মধ্যে ‘ভোটার অনুপস্থিতি’র কারণ দেখিয়ে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর ভোট ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১৬ অক্টোবর করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে বুধবার দুপুরে সাত দিনের আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন কর্মকর্তা-কর্মচারীরা।
রাবির 'কমপ্লিট শাটডাউন': কর্মকর্তারা কাজে ফিরবেন, ক্লাস-পরীক্ষা বন্ধ