বিএনপির সমাবেশ স্থলের পাশে ছাত্রলীগের মিছিল
নগরীর চৌহাট্টায় বৃহস্পতিবার বিকালে জেলা ও মহানগর ছাত্রলীগ মিছিল করে; তবে কোনো অপ্রতীকর ঘটনা ঘটেনি।
সিলেট নগরীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দুইদিন আগে সমাবেশ স্থলের পাশে মিছিল করেছে ছাত্রলীগ। তবে কোনো অপ্রতীকর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বিকালে নগরীর চৌহাট্টা এলাকায় জেলা ও মহানগর ছাত্রলীগ মিছিল করে।
সরেজমিনে দেখা যায়, নগরীর বিভিন্ন স্থান থেকে বিকাল ৫টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা চৌহাট্টা এলাকায় জড়ো হন। আলিয়া মাদ্রাসার পাশ দিয়েও মিছিল যায়। এ সময় আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মিছিলটি ঘুরে নগরীর জিন্দাবাজার হয়ে বন্দরবাজারের দিকে চলে যায়।
এ সময় চৌহাট্টা এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও পুলিশের শক্ত অবস্থান ছিল; কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সারধারণ সম্পাদক নাঈম আহমদসহ বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মিছিলে বিপুল সংখ্যক মোটরসাইকেলও ছিল।
পরে নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বিএনপি সমাবেশের নামে নগরে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা রাজপথে নেমে জনগনকে আশ্বস্ত করার চেষ্টা করেছি। বিএনপির অপপ্রচার, মিথ্যাচারসহ দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ করেছে।”
সিলেট নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, “নগরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ছাত্রলীগের মিছিল আমরা রিকাবিবাজার বা মাদ্রাাসা মাঠের দিকে যেতে দেইনি। নগরের রিকাবিবাজার ও চৌহাট্টা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।”
আগামী শনিবার নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে মাঠে মঞ্চ নির্মাণসহ নানা প্রস্তুতি সম্পন্ন করেছে।
আরও পড়ুন:
