বিএনপির গণসমাবেশ: সিলেটে মাঠে প্রস্তুত ছয় ক্যাম্প
মাঠের উঁচু-নিচু স্থানগুলো বালু দিয়ে ভরাট করা হচ্ছে; সমান করতে চালানো হচ্ছে রোলার।
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে আগেভাগে চলে আসা নেতা-কর্মীদের থাকার জন্য ছয়টি ক্যাম্প তৈরি করা হয়েছে।
নগরীর চৌহাট্টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রসা মাঠে তৈরি করা এসব ক্যাম্প সমাবেশের দিন ভোরে সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
আগামী শনিবার এই মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা রয়েছে।
বুধবার বিকালে সরেজমিনে দেখা গেছে, বাঁশ ও ত্রিপল ব্যবহার করে মাঠের দুই পাশে বানানো হয়েছে এসব ক্যাম্প। ক্যাম্পের চারপাশ ঘিরে দেওয়া হয়েছে কাপড় দিয়ে। নেতাকর্মীদের থাকার অবস্থান চিহ্নিত করতে ক্যাম্পগুলোতে জেলা ও উপজেলার নামও লেখা রয়েছে।
মাঠে কাজ তদারকি করা স্থানীয় যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে যায় এসব ক্যাম্পে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে আসা নেতা-কর্মীরা থাকবেন।
এছাড়া, মাঠের উঁচু-নিচু স্থানগুলো বালু দিয়ে ভরাট করা হচ্ছে। সমান করতে চালানো হচ্ছে রোলার। সমাবেশস্থলের আশপাশ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সয়লাব হয়ে আছে। সমাবেশের প্রচারে নগরীতে মাইকিং চলছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটের বাইরের জেলা, উপজেলার বিভিন্ন স্থান লোকজনের জন্য এই ক্যাম্পগুলো বানানো হয়েছে। শনিবার ভোরে ক্যাম্পগুলো সরিয়ে নেওয়া হবে।”
তিনি বলেন, “কোনো বাধা-বিপত্তিতে সিলেটে জনসমাগম ঠেকানো যাবে না। আমরা সুন্দরভাবে সমাবেশ সফল করবো।”
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ কয়েকটি দাবিতে দশটি সাংগঠনিক বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।
এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে তাদের কর্মসূচি।
