২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগ্লাইডিং: আকাশে মেলেছি ডানা

আকাশে উড়বার স্বপ্ন আমরা কমবেশি সবাই দেখি। সেটা হোক বিমানে অথবা পাখির মতো ডানা মেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাজিয়া শিলা, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 12:50 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

কিন্তু পাখির মতো আকাশে ওড়া যে খুব সহজ কিছু না, তা আমি খুব ভাল করেই বুঝতে পারি এখন। যেটাকে আমরা প্যারাগ্লাইডিং বলে থাকি, অনেকে ‘স্কাই প্যারাগ্লাইডিং’ বলে।

গত তিন মাস থেকে মনস্থির করতে পারছিলাম না যে প্যারাগ্লাইডিং করতে পারব কিনা। বাসায় যখন বললাম, সবাই মনে করেছে আমি হয়তো এমনি বলছি। কিন্তু না, আমি চিন্তা করেই বলেছিলাম আমার ইচ্ছাটার কথা।

তারপরও অনেক সময় নিয়েছি নিজের কাছে। করতে পারব কিনা? কতোখানি ভয়ের হতে পারে? মাটি থেকে কতোটা উঁচুতে উঠবে? সত্যিই কী উড়তে চাই? নাকি এমনি বলেছি। অনেক কিছু চিন্তা করেছি। কারণ, এর আগে আমি এরকম দুঃসাহসিক কিছু করিনি। বিপদজনকও বটে।

এতোকিছু চিন্তা করেও মনস্থিরটা শেষ পর্যন্ত করেই প্যারাগ্লাইডিং-এর জন্য রেজিস্ট্রেশন, মানে নিবন্ধন করেই ফেললাম। এই চিন্তা করে, যা হবার হবে! উলসানে অবস্থিত প্রত্যায়িত প্যারাগ্লাইডিং স্কুল আছে, ওইখানেই প্রশিক্ষিত বিশেষজ্ঞ দিয়ে এই অ্যাডভেঞ্চার করানো হয়।

প্যারাগ্লাইডিং একাও করা যায়। যারা প্রশিক্ষিত তারা একা করতে পারে, আর যাদের অভিজ্ঞতা নেই তারা ‘টানডেম ফ্লাইং’ মানে হচ্ছে অন্য একজনের সাথে উড়বে।

এতোদিন ধরে ভেবে-চিন্তে যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, তারপরও রেজিস্ট্রেশন করার পর হালকা ভয় ছিলো এই ভেবে যে কেমন হবে?

যথারীতি নির্ধারিত দিনে রওনা হবো। ঠিক ওই সময় ‘মিস্টার লি’ (আমার ইন্সট্রাক্টর)  মোবাইলে ম্যাসেজ করলো যে প্যারাগ্লাইডিং-এর জন্য আমাকে যে জায়গার ঠিকানা দিয়েছিলো, ওইখানে আজকে প্যারাগ্লাইডিং হবে না, অন্য জায়গায় হবে। কারণ, ওইদিন খুব বেশি বাতাস থাকায় জায়গা পরিবর্তন করা হয়েছে।

 তারপরও এই ঠিকানায় যেতে এক ঘণ্টার বেশি সময় লাগবে। ম্যাসেজ পেয়েই আমরা বের হয়ে গেলাম। অসম্ভব ঠাণ্ডা, সঙ্গে বাতাস ছিলো খুব। মনে হয় ওইদিন তাপমাত্রা মাইনাস ছিলো।

ওরা আমাকে যে সময় দিয়েছিলো, তার ঠিক আগেই পৌঁছে গিয়েছিলাম। পাহাড়ের উপরে উঠতে হয়েছে অনেক। অবশ্য গাড়ি নিয়েই যাওয়া যায়। গাড়ি রেখে আরও বেশ খানিকটা পাহাড়ের উপর বেয়ে উঠতে হয়েছে।

পাহাড়ের চূড়াতে উঠে দেখি অনেক মানুষ। অনেকেই করছে। দেখে খুব ভাল লাগলো আর বেশ সাহসও পেলাম সবার আকাশে উড়া দেখে। তখন পর্যন্ত মনে হচ্ছিলো, করবো কি করবো না? আমি বুকিং দিয়েছিলাম ঠিকই, কিন্তু ওরা কোনো অ্যাডভান্স রাখেনি। আর আমার সিরিয়ালও ছিলো অনেক দেরিতে। তাই শেষবারের  মতো চিন্তা করার জন্যও অনেক সময় পেয়েছিলাম।

তবে আমি একবার যে কথা বলি, সেটা রাখার যথাসাধ্য চেষ্টা করি। সেটা নিজের জন্য হলেও আর অন্যজনের জন্য হলেও। আমি যখন বলেছি প্যারাগ্লাইডিং করবো, তার মানে আমি করবোই। আর সিরিয়াল আমার অনেক দেরিতে থাকায় অনেক সুবিধাও হয়েছিল আমার। অন্যদেরটা সামনে করতে দেখে খুব ভাল আইডিয়া হয়ে গিয়েছিল।

অপেক্ষার পালা শেষ করে আমার সিরিয়াল আসলো। তখন একটা উত্তেজনা কাজ করছিল। মিস্টার লি আমাকে নিয়ে আকাশে উড়বে। তার আগে উনি একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিলেন। কীভাবে হবে, কতক্ষণের প্যাকেজ, নিরাপত্তা- এইসবের উপর।

দুই রকমের প্যাকেজ আছে। ১০ মিনিট এবং ২০ মিনিটের। ১০ মিনিটের জন্য ১০০ ডলার আর ২০ মিনিটের জন্য ১৫০ ডলার। আমার জন্য ১০ মিনিট অনেক বেশি সময়। তাই ১০ মিনিটেরটাই আমি নিয়েছিলাম।

যাই হোক, ফ্লাইং স্যুট পরে রেডি হতে হতেই আমার নিরাপত্তার জন্য যা কিছু দরকার সব রেডি করে ফেলা হলো। অনেকগুলো হারনেস, সেফটি বেল্ট, ইয়কি-টকি, হেলমেট, হ্যান্ড গ্লাভস, ব্যাকপ্যাক আর সবচেয়ে জরুরী জিনিস দিয়ে দিলো হাতে। সেলফি স্টিকসহ ক্যামেরা। এইটা ধরে রাখা আমার জন্য অনেক কষ্টের ছিল। খুব ভারী ছিল সেলফি স্টিকটা।

আর এতো কিছু পরার পর আমার হাটতেই অনেক অসুবিধা হচ্ছিলো। এর মধ্যে মিস্টার লি আমার ওজন কতো তা জেনে নিলো। এখানে ওজন, বাতাস অনেক বড় একটা ব্যাপার। সর্বোচ্চ ১১০ কেজি পর্যন্ত নিয়ে ওড়ানো সম্ভব। আর আমি তো আর ১১০ কেজি না, তাই আর কোনো সমস্যা নেই।

মুখে আমরা যতই বলি যে সাহসের অভাব নেই, কিন্তু মনে মনে একটু হলেও আমরা ভয় পাই, যেটাকে আমরা প্রকাশ করি না। আসলে প্রকাশ করতে চাই না। এই ভয়টা তখন আমারও পাচ্ছিলো। এত কিছু পরে যখন খাঁড়া পাহাড় থেকে উড়ার জন্য অল্প একটু নিচে নামতে হচ্ছিলো, তখন মনে হচ্ছিলো- আমি ব্যাল্যান্স করতে পারছি না, এখনি হয়তো পড়ে যাবো। কিন্তু মনোবল হারাইনি। আর মিস্টার লি-ও সাহায্য করেছে।

তারপর তো এক সেকেন্ডের মধ্যেই আকাশে উড়তে শুরু করলাম। ওই অভিজ্ঞতা বলে বা লিখে আমি প্রকাশ করতে পারবো না। এতো এতো উপভোগ করেছি। প্রথমে মানিয়ে নিতে এক-ডূঈ মিনিটের মতো সময় লেগেছিল, কিন্তু তারপর থেকে অসম্ভব উপভোগ করেছি প্রতিটা মুহূর্ত।

সত্যিই, এক অন্যরকম ভালোলাগা। ওই দশটা মিনিট মনে হয়েছে আমি আমার জন্যই। অন্যসব চিন্তা থেকে দূরে কোথাও। আর প্রায় এক হাজার ফিট উপর থেকে নিচের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অসাধারণ লেগেছে। উপরে আকাশ, নিচে নদী, পাশে পাহাড়, গাছ আর মাঝখানে আমি। অসাধারণ অভিজ্ঞতা, যার তুলনা হয় না। তখন মনে হচ্ছিলো, জীবনে অ্যাডভেঞ্চারের দরকার আছে।

১০ মিনিট কীভাবে কেটে গিয়েছিলো, বুঝতেই পারিনি। কিন্তু এই সময়ে সবচেয়ে বিরক্তিকর জিনিস ছিলো, ওই লম্বা স্টিকসহ ক্যামেরা ধরে রাখা। খুব কষ্ট হচ্ছিলো এতো বাতাসে ওইটা হ্যান্ডেল করা। আর ওইদিন খুব ঠাণ্ডা থাকায় আমার হাতে গ্লাভস থাকা সত্ত্বেও হাত পুরা ঠাণ্ডায় জমে যাওয়ার মতো হয়ে গিয়েছিল।

আমার মনে হয়, হাতে ক্যামেরা না থাকলে আমি আরও বেশি উপভোগ করতে পারতাম। আমি যখন আকাশে উড়ছিলাম, তখন নাকি আমার মেয়ে খুব বেশি কান্না করছিল আমার কাছে যাওয়ার জন্য। ও নাকি বলছিল, “আমি মাম্মার সাথে উড়তে চাই।” তখন ওকে সামলাতে শোয়েবের অনেক কষ্ট হয়েছে।

এইদিকে আমাকে নিচে নামিয়েছে। ল্যান্ড করানোর পর আমাকে ওদের গাড়ি দিয়েই আবার পাহাড়ের উপরে নিয়ে আসবে। গাড়িতে আসতে আসতে মিস্টার লি-এর সাথে অনেক কথা হলো প্যারাগ্লাইডিং নিয়ে। একটা মানুষকে নিয়ে আকাশে উড়া মোটেও যে সহজ কাজ নয়, ওইটা আমি বুঝেছি। তারপরও উনার কাছ থেকেই শুনছিলাম আমি।

খুব বেশি শক্তির দরকার হয়। দুই হাত দিয়ে প্যারাসুট ম্যানেজ করা খুব কষ্ট। তার উপর যদি বাতাস থাকে, তাহলে আরও বেশি কষ্ট। আর ওই যে বললাম, শরীরের ওজনের কথা। উনিও বলছিল, শারীরিক ওজন বেশি হলে তাকে নিয়ে উড়া খুব কষ্টসাধ্য, সাথে খুব ঝুঁকিপূর্ণও।

এছাড়া অনেকেই আছে, যারা উড়তে তো ওঠে, কিন্তু উড়ার পর অনেক ভয় পায়। অনেকে ভয়ে আর্তনাদ করে নিচে নামানোর জন্য, অনেকে বমি করে ফেলে, কান্না করে। তখন এদের নিয়ে উড়তে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়ে।

দেখতে অনেক সহজ মনে হলেও এটা মোটেও সহজ কাজ নয়। খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। যাদের শারীরিক সমস্যা, হাইট ফোবিয়া অথবা সামান্যতম সন্দেহ আছে করার ব্যাপারে, তাদের এইগুলা না করাই ভালো।

আমার আসলে নতুন কিছু করার ইচ্ছাটা থাকায়, আর শোয়েবও অনেক উৎসাহিত করায় আমি পেরেছি নতুন কিছুর অভিজ্ঞতা নিতে। যেটা এখন আমার সারাজীবনের জন্য খুব বড় একটা অভিজ্ঞতা। যেটার প্রতিটা মুহূর্ত আমার মনে থাকবে।

লেখক: প্রবাসী বাংলাদেশি

ইমেইল: shajia.shila@yahoo.com

লেখকের আরও পড়ুন

কোরিয়ায় প্রবাসীদের পাশে আছেন যে প্রবাসীরা

প্রবাসীর চোখ: সাগর পাড়ের সৌন্দর্য

কোরিয়ার চিঠি: উচ্চশিক্ষার প্রশ্ন-উত্তর পর্ব

কোরিয়ায় বাঙালি শিক্ষার্থীদের জীবন

কোরিয়ার চিঠি: বিদেশ বিভূঁইয়ের ভালো-মন্দ

নাকে অচেনা গন্ধ, মুখে সুস্বাদু কোরিয়ান খাবার

জেজু দ্বীপ, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি  

গোলাপ যেখানে জবা ফুলের মতো!  

প্রবাসীর ভ্রমণ: তিমি ভাবে জলে যাই  

কোরিয়ার চিঠি: সেই আড্ডাটা আজ আর নেই  

কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থান নিয়ে রাষ্ট্রদূত জুলফিকার রহমানের সাক্ষাৎকার  

কোরিয়ার গ’জে দ্বীপে পাহাড় ও সাগরের সাথে  

কোরিয়ার চিঠি: আমাদের দূতাবাসের সেবা  

পড়ুন প্রাণ ভরিয়া কুসংস্কারের কোরিয়া  

কোরিয়ানদের ভাষাপ্রীতি ও আমাদের বিড়ম্বনা  

দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থা নিয়ে প্রবাসীর ভাবনা  

আমার চোখে সিউল  

দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা: শুভ্র চেরির রাজ্যে  

বইপোকাদের স্বর্গরাজ্য ‘কোয়েবো’

প্রবাসীর চোখ: সড়ক ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়া

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!