২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর চোখ: সাগর পাড়ের সৌন্দর্য

সিউল থেকে বদলি হয়ে উলসানে আসার সময় মনটা বেশ খারাপ ছিলো। একে তো এইখানে কোনও পরিচিত বাঙালি ছিলো না, তার ওপর সিউল ছেড়ে আসতে মন চাচ্ছিলো না। কিন্তু চাকরি বলে কথা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাজিয়া শিলা, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 10:09 AM

Updated : 11 Oct 2022, 02:35 PM

কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা যেখানেই প্রথম যাই না কেনো, ওই জায়গার আশেপাশে কী আছে, বেড়ানোর জায়গা কোথায় কোথায় আছে ইত্যাদি এইসব ব্যাপারে গুগল করে একটা ধারণা নিয়ে নেই। আর এটা আমাদের জন্য অনেক ভালো হয়।

যাই হোক, সব সময়ের মতো এবারও আসার সময় উলসান সম্পর্কে হালকা একটু ধারণা নিয়েই এসেছিলাম। একটা জায়গা, একটা নতুন কিছু নিয়ে যখন জানতে ইচ্ছা হয়, তখন না চাইতেও অনেক নতুন কিছু সম্পর্কে জানা হয়ে যায়।

আমার অবশ্য আগ্রহ বেশি থাকে, কোথায় কোথায় ঘুরাঘুরি করতে পারবো আর কোথায় শপিং করতে পারবো- এইসব বিষয়ে। সবাই শুনেই বলে, আরে মেয়েরা শুধু শপিং আর ঘুরাঘুরি নিয়েই থাকে। আপনাদেরও তাই-ই মনে হতে পারে। তাই না? কিন্তু এই ধারণাটা আসলে ভুল। যাই হোক, এইসব কথা বাদ দিয়ে আসি উলসান সম্পর্কে কী কী ধারণা নিলাম গুগল থেকে, সেইটা বলি।

দক্ষিণ কোরিয়ার একটা অংশ জুড়েই রয়েছে উপকুলীয় প্রাকৃতিক সৌন্দর্য। ফলে এখানে সাগরের সৌন্দর্যটা অনেক অনেক বেশি। আর উলসান পড়েছে একদম সাগর ঘেঁষে। সহজ ভাষায়, জাপান সাগরের পূর্ব দিক আর উলসান একসাথেই।

 এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মোটর কোম্পানি,  হুন্দাই। এরপর রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শিপইয়ার্ড, ওইটাও হুন্দাই কোম্পানির। আরও আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর অয়েল রিফাইনারি ( তেল শোধন ) কোম্পানি  ‘এসকে এনার্জি’। এতো কিছু! যেজন্য উলসানকে শিল্পের শহর বলা হয়।

 কিন্তু এইসবের দিকে আমার কোনও আগ্রহ নেই। তাই প্রাকৃতিক সৌন্দর্যের স্থান খুঁজতে লাগলাম। সাগরের তীর ঘেঁষে শহর, তাই অনেকগুলো পার্ক, লাইট হাউজ আছে। সেই তালিকা ধরেই শুরু করলাম আমাদের মনোরঞ্জন।

প্রথমেই গিয়েছিলাম দেওয়াঙ্গাম পার্ক। বাসা থেকে ৩০-৩৫ মিনিটের দূরত্ব। পার্কিং এরিয়া থেকে সাগরের গর্জন শোনা যায়। সাগরের তীর ঘেঁষে গড়ে উঠেছে পার্কটি। যে কারণে রয়েছে অসংখ্য ছোট ছোট পর্বত, মানে শৈল বা প্রস্তর যাকে বলে। আকর্ষণীয় হচ্ছে এইসব পর্বতের গঠন।

এই পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে একটা সেতু। যেটা মাটি থেকে উঠে সাগরের উপর দিয়ে গিয়ে পড়েছে একটা ছোট্ট ড্রাগন আকার দ্বীপের ওপর। কোরিয়ানরা বলে- সাগরের নিচ থেকে ড্রাগন মাথা উঁচু করে আছে। অসম্ভব রকমের বাতাস সেখানে। বাতাসের মহাসাগর বললে ভুল হবে না। আমার মেয়ের তো বাতাসে উড়ে যাওয়ার অবস্থা হয়েছিল।

অবশ্য গেল সপ্তাহে যখন সবাই মিলে আবার সেখানে ঘুরতে গিয়েছিলাম, ওইদিন ছিলো অনেক বৃষ্টি, সাথে অকল্পনীয় বাতাস। যেজন্য মনে হচ্ছিলো আমি নিজেই উড়ে যাবো। কিন্তু বেশ ওইদিন একটা রোমাঞ্চকর পরিবেশ ছিলো। মেয়ে তো সাগরের গর্জনের শব্দে দুই কানে হাত দিয়ে রেখেছিল।

এখানে ছোট্ট একটা লাইট হাউজও আছে। আর সাগরের তীর ঘেঁষে পার্কটির সুন্দর রাস্তা করেছে জেনে সবাই হেঁটে যেতে যেতে সাগরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে। আর রাস্তার আরেক পাশে রয়েছে বিভিন্ন রকমের গাছ। পাইন, চেরি, ম্যগ্নলিয়া, ক্যামেলিয়া, এপ্রিকট, ফরসিথিয়া গাছ। এইসব গাছ পার্কটির সৌন্দর্যের বিশাল একটা জায়গা করে নিয়েছে।

রয়েছে অসংখ্য খাবারের দোকান, কফি শপ, বাচ্চাদের খেলার জায়গা। একটা জায়গায় ঘুরতে গেলে এর থেকে আর বেশি কী লাগে! এখানে আমরা যারা বাঙালি আছি, সবারই খুব খুব পছন্দের জায়গা এটা।

এরপর পরিকল্পনা করেছিলাম, উলসানের সবচেয়ে বিখ্যাত জায়গায় বেড়াতে যাব। সময়-সুযোগ করে কয়েকজন মিলে চলে গেলাম ‘গঞ্জেওলগট’। এটাও সাগরের কোল ঘেঁষেই বিশাল জায়গা নিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। লাইট হাউজ, বিশাল উইন্ড মিল, কোরিয়ান বিখ্যাত ভাস্কর্য, মৌসুমি ফুলের বাগান, কফি শপ, অবকাশ যাপনের জন্য রিসোর্ট আরও অনেক কিছু।

 এই জায়গাটা পিকনিক করার জন্য বেশ ভালো। সারাদিনের জন্য চলে গিয়ে সাগর আর আকাশের অসম্ভব সৌন্দর্য উপভোগ করা যায়। গঞ্জেওলগট বিখ্যাত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ‘সূর্যোদয়’। পুরো কোরিয়াতে গঞ্জেওলগটে সবার প্রথমে সূর্য উদয় হয়।

 জাপানকে আমরা সূর্যোদয়ের দেশ হিসেবে জানি। আর উলসান যেহেতু জাপান সাগরের পূর্ব পাশে, তাই পুরো কোরিয়াতে সূর্যোদয় প্রথম দেখা যায় গঞ্জেওলগটে। আর সেজন্য প্রতি বছর ৩১ ডিসেম্বরে প্রচণ্ড ভিড় থাকে এখানে। নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখার জন্য। এবার আমাদেরও ইচ্ছা আছে নতুন বছরের সূর্যোদয় দেখতে যাওয়ার।

আর একটা মজার ব্যাপার আছে এখানে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মেইল বক্স ( ডাক বাক্স) অবস্থিত। মনের ইচ্ছাগুলো লিখে কোরিয়ানরা এই ডাক বাক্সে ফেলে এই বিশ্বাস করে যে, ইচ্ছাগুলো পূরণ হবে। পূরণ হয় নাকি ওইটা যারা ফেলে তারাই জানে, কিন্তু এই যুগে চিঠি লিখে পোস্ট বাক্সে ফেলা আমার কাছে খুব মজার লেগেছে। তার ওপর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর পোস্ট বাক্স বলে কথা!

এইসব জায়গাগুলোতে একবার না, বার বার গেলেও খারাপ লাগে না। সুন্দর একটা ভালো লাগা, মনের বিশুদ্ধতা কাজ করে। তাছাড়া যারা বেড়াতে পছন্দ করেন, সাগর ভালবাসেন- তাদের অসম্ভব ভালো লাগবে।   

 লেখক: প্রবাসী বাংলাদেশি

ইমেইল: shajia.shila@yahoo.com

লেখকের আরও পড়ুন

কোরিয়ার চিঠি: উচ্চশিক্ষার প্রশ্ন-উত্তর পর্ব

কোরিয়ায় বাঙালি শিক্ষার্থীদের জীবন

কোরিয়ার চিঠি: বিদেশ বিভূঁইয়ের ভালো-মন্দ

নাকে অচেনা গন্ধ, মুখে সুস্বাদু কোরিয়ান খাবার

জেজু দ্বীপ, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি  

গোলাপ যেখানে জবা ফুলের মতো!  

প্রবাসীর ভ্রমণ: তিমি ভাবে জলে যাই  

কোরিয়ার চিঠি: সেই আড্ডাটা আজ আর নেই  

কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থান নিয়ে রাষ্ট্রদূত জুলফিকার রহমানের সাক্ষাৎকার  

কোরিয়ার গ’জে দ্বীপে পাহাড় ও সাগরের সাথে  

কোরিয়ার চিঠি: আমাদের দূতাবাসের সেবা  

পড়ুন প্রাণ ভরিয়া কুসংস্কারের কোরিয়া  

কোরিয়ানদের ভাষাপ্রীতি ও আমাদের বিড়ম্বনা  

দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থা নিয়ে প্রবাসীর ভাবনা  

আমার চোখে সিউল  

দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা: শুভ্র চেরির রাজ্যে  

বইপোকাদের স্বর্গরাজ্য ‘কোয়েবো’

প্রবাসীর চোখ: সড়ক ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়া 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!