কোরিয়ায় প্রবাসীদের পাশে আছেন যে প্রবাসীরা
দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। পৃথিবীর যেকোনো প্রান্তেই আপনি যান না কেনো, একজন হলেও বাঙালিকে খুঁজে পাবেন আপনি।
বাংলাদেশের বাইরে যারাই পড়তে আসে বা থাকতে আসে, তারা সবাই মোটামুটি এতোটুকু নিশ্চিত যে বাইরে পরিবারের কেউ না থাকলেও, বাঙালি অবশ্যই খুঁজে পাবেন। এটা আসলে অন্যসব দেশের ক্ষেত্রেও প্রযোজ্য।
বিদেশে আসার পর পরই মানুষ নানা গ্রুপ বা কমিউনিটির খোঁজ নেন এবং এগুলোর সাথে যুক্ত হন। এতে করে যখনি কোনো সাহায্য বা তথ্যের দরকার হয়, তারা খুব সহজেই সেখান থেকে পেতে পারে। তবে এইসব গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সবার সাথে সবার যোগাযোগ রাখা।
এরকম গ্রুপ অন্য সব দেশেরও আছে। ঠিক তেমনি পৃথিবীর যে প্রান্তেই বাঙালি আছে, সেখানেই বাংলাদেশি কমিউনিটি আছে। দক্ষিণ কোরিয়াতেও শিক্ষার্থীদের নিয়ে একটা গ্রুপ আছে, ‘বি এস এ কে’ নামে যা পরিচিত। পুরো নাম- ‘বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন কোরিয়া’।
আমি যতদূর জানি, ২০১১ সালের দিকে অল্প ক’জন বড় ভাই মিলে এই গ্রুপটা তৈরি করেছিলো। তারপর থেকেই এর যাত্রা শুরু। এই গ্রুপ থেকে প্রতি বছর দুটো পুনর্মিলনীর আয়োজন করা হয়ে থাকে। একটা গ্রীষ্মকালীন আর একটা শীতকালীন। একদম দেশের বনভোজনের মতো। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে।
আমার অবশ্য এখনও সুযোগ হয়ে উঠেনি পুনর্মিলনীতে যাওয়ার। কিন্তু সব জায়গায় ছবি আর সবার মুখে শুনে বুঝেছি যে এই আয়োজনগুলো খুব খুব মজার হয়। এই পুনর্মিলনীতে নবীন-বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি একটা সেমিনারেরও আয়োজন করা হয়।
এখন অনেকেই বলতে পারেন, এ আর নতুন কী? অন্য সব গ্রুপগুলাও তো একই কাজ করে থাকে!
হতেই পারে। আমি যেহেতু এখানে থাকি, তাই আমি এখানকারটাই বেশি জানি অন্য সব দেশের গ্রুপগুলোর তুলনায়। এটাই সত্যি। কিন্তু এই গ্রুপের বেশ কিছু কাজ আছে যা আমার খুব ভালো লাগে। আর সেজন্যই গ্রুপটি নিয়ে আমার লেখার ইচ্ছা হয়েছে। এখন বলি কেন?
আমি পত্রিকাতে অনেক সময় দেখেছি, কোনো বাঙালির যখন দেশের বাইরে মৃত্যু হয়, তখন কারণ যেটাই থাকুক না কেনো, লাশ দেশে পাঠানো নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। কেননা, দেশে লাশ পাঠানোতে কাগজপত্র নিয়ে খুব দৌড়াতে হয়। আর সেই সাথে থাকে টাকার ব্যাপারও।
আসলে এসব শোকের খবর পড়তে কখনোই ভাল লাগে না। এগুলো খুবই কষ্টদায়ক। এমনিই আমরা পরিবার ছাড়া থাকি, তার উপর বিপদ তো আর বলে আসে না। এজন্য সবার সাথে যোগাযোগ থাকাটা খুব ভালো।
যাই হোক, আসল কথায় ফিরে আসি। কিছুদিন আগে এখানে এক ছোট ভাইয়ের দুর্ঘটনায় মৃত্যু হয়। তখন আমি এই গ্রুপের কাজ দেখে সত্যি অনেক মুগ্ধ হয়েছি। এখানকার বড় ভাইরা বাংলাদেশ দূতাবাসের সহায়তায় এই কাজটি খুব সুন্দর করে সম্পন্ন করেছে কোনো ঝামেলা ছাড়াই। সত্যিই প্রশংসনীয়।
যারা প্রথম আসে কোরিয়াতে, তাদের কোরিয়ান নিয়ম-কানুন সম্পর্কে ধারণা নেওয়াটা বেশ জরুরি। এসব ব্যাপারে শুনেছি এখন এই গ্রুপটা কাউন্সিলিং করছে। আমরা কেউই চাই না বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশের নাম নষ্ট হোক। আর এ ব্যাপারে সবারই একটু খেয়াল রাখা উচিত।
সব দেশের নিয়ম তো আর এক না, আর যেহেতু আমি দেশের বাইরে আসছি বা থাকছি, সেক্ষেত্রে অবশ্যই সবারই উচিত সে দেশের খুব সাধারণ নিয়ম সম্পর্কে একটা ধারণা নিয়ে রাখা।
আর কোরিয়ানদের কাছে, আন্তর্জাতিক অঙ্গণে নিজের দেশকে উঁচুতে তুলে ধরা খুব বেশি গর্বের বিষয়। এটা আমরা যারা বাইরে থাকি, তারা খুব ভালো বুঝতে পারি। আর এই কাজটাও ‘বি এস এ কে’ খুব ভালো করেই করে যাচ্ছে।
যেকোনো আন্তর্জাতিক ফেস্টিভ্যাল হোক না কেনো, বাংলাদেশের একটা বড় অংশগ্রহণ থাকবেই। সেটা ফুড ফেস্টিভ্যালই হোক আর অন্য যেকোনো আন্তর্জাতিক অনুষ্ঠানই হোক। কোরিয়াতে যে ‘এশিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন’ আছে, ওদের সাথে ‘বি এস এ কে’ সরাসরি কাজ করছে। এখানে কোরিয়ান সরকার থেকে কাজ হয়।
আসলে যখন দেখি যে নিজের দেশকে এগিয়ে নেওয়ার জন্য, বিদেশের মাটিতে নিজের দেশের পরিচয়টাকে আর শক্ত করার জন্য এই গ্রুপটি বাংলাদেশ দূতাবাসের সাথে থেকে সমান তালে কাজ করে যাচ্ছে, তখন খুব ভালো লাগে।
বিদেশের বুকে যে কোনো সময়ে সবার সাথে যোগাযোগ রেখে প্রয়োজনে- অপ্রয়োজনে সবার পাশাপাশি থাকাটাই আসলে উদ্দেশ্য। এছাড়া ‘বি এস এ কে’ তাদের ফেইসবুক পেইজ থেকে যেকোনো স্কলারশিপের খবর, কোরিয়ান প্রাইভেট ও সরকারী চাকরির খবরাখবর দিয়ে থাকে। এসব খুব গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য।
এতো কিছু বলার পরও আমার একটা জায়গায় ‘বি এস এ কে’র প্রতি একটা অভিমান আছে। এই গ্রুপ থেকে প্রতি বছর একটা করে ই-বুক অনলাইনে প্রকাশ করা হয়ে থাকে। যেটাতে শুধু কোরিয়ায় অবস্থানরত শিক্ষার্থীরাই লিখতে পারে। আমি যেহেতু শিক্ষার্থী না, তাই আমি লেখা দিতে পারি না। আশা করি, ভবিষ্যতে আমাদেরও এ সুযোগ করে দেওয়া হবে।
আর কোরিয়াতে বসবাসরত সকল ভাই-বোনদের বলবো, যদি কোনো কিছু সম্পর্কে তথ্যের দরকার হয়, কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে একবার হলেও এদের পেইজে নক করে দেখতে পারেন। আশা করি আপনি উপকৃত হবেন।
লেখক: প্রবাসী বাংলাদেশি
ইমেইল: shajia.shila@yahoo.com
লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
