হরতালের প্রথম দিনে বোমাবাজি-ভাংচুর
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন পেরিয়েছে বিক্ষিপ্ত বোমাবাজি ও ভাংচুরের মধ্য দিয়ে।
বুধবার ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর রাত নাগাদ ঢাকায় অন্তত দুটি বাসে আগুন দেয়া হয়েছে। বাস ও ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে চট্টগ্রাম ও গাজীপুরেও।
বাসে আগুনের জন্য পুলিশ হরতালকারীদের দায়ী করলেও বিএনপি পাল্টা অভিযোগ তুলেছে সরকারি দলের বিরুদ্ধে।
হরতালকারীদের হামলায় বরিশালে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
যশোরে পিকেটারদের ধাওয়ায় যাত্রীবাহী একটি বাস দ্রুত চলতে গিয়ে সড়কের পাশে দোকানে উঠিয়ে দিলে নিহত হন একজন।
গাজীপুরে একই ধরনের ঘটনায় অটোরিকশা উল্টে আহত হন চারজন।
ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সারাদেশেই বোমাবাজি হয়েছে। হরতালের মধ্যে ঢাকার এলিফ্যান্ট রোডে একটি রিকশায় তল্লাশি চালিয়ে গ্রেনেডসদৃশ শক্তিশালী বোমা পেয়েছে পুলিশ।
বিরোধী দলের এই হরতালকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ছিল দেশজুড়ে। বিভিন্ন স্থানে পুলিশের পিটুনির শিকার হয়েছে পিকেটাররা, যার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হরতালে অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল তুলনামূলক কম। দোকান-পাট ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল বন্ধ।
দূরপাল্লার বাস চলাচল সামান্য হলেও রাজধানীসহ বিভিন্ন শহরে অভ্যন্তরীণ রুটে যানবাহন চলেছে। ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল ছিল স্বাভাবিক।
মঙ্গলবার রাতে ময়মনসিংহে ট্রেনের বগিতে আগুন দেয়ার পর বুধবার সকাল থেকে কমলাপুর স্টেশনে যাত্রীদের তল্লাশি করে স্টেশনে ঢোকানো হয়।
সরকারের ‘দমন-পীড়নের’ পরও হরতালে জনগণ সাড়া দিয়েছে বলে দাবি করেন বিএনপির মুখপাত্র ফখরুল।
সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরতালে রাজধানীসহ সারাদেশে প্রায় ৪০০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় আহত হয়েছে ৬ শতাধিক।
রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতকর্মীদের মিছিলের চেষ্টা দেখা যায়। সেই সঙ্গে চলে হাতবোমা বিস্ফোরণও।
পিকেটারদের ঠেকাতে সক্রিয় ছিল পুলিশ। নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়েও ছিল বরাবরের মতো পুলিশ বেষ্টনি।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “কার্যালয়ে কোনো নেতা-কর্মীকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। কার্যালয়ের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে তাকেও জিজ্ঞাসাবাদ কাঁ হচ্ছে।”
গত ১১ মার্চ নয়া পল্টন থেকে গ্রেপ্তার আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।
সরকারের ‘একগুয়েমি’ দেশকে সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে দাবি করে তা থেকে উত্তরণে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান ফখরুল।
হরতালের আগের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি গাড়িতে আগুন দেয়া হয়। এর আগে গত ১৮ ও ১৯ মার্চ বিরোধীদলের হরতালে রাজধানীতে অন্তত ২০টি গাড়ি পোড়ানো হয়।
হরতালের মধ্যে সকালে রাজধানীর মতিঝিলে একটি এবং রাতে মিরপুরের শ্যাওড়াপাড়ায় একটি গাড়িতে আগুন দেয়া হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক এবং একটি লরি, গাজীপুরে একটি বাস এবং একটি ট্রাকে আগুন দেয়া হয়।
আগুনের জন্য সরকারি দলকে দায়ী করে বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ সকালে নয়া পল্টনে সাংবাদিকদের বলেন, “যানবাহনে আগুন লাগানো সরকারের পুরনো কৌশল। তারাই এসব ঘটনা ঘটিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।”
চাঁদপুরে অন্তত ১২টি গাড়ি ভাংচুর করা হয়। এছাড়াও বিক্ষিপ্ত ভাংচুর চলে দেশের বিভিন্ন স্থানে।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বোমাবাজি চলে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। রাতে বেশ কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটে চট্টগ্রামেও।
রাত ৯টার দিকে ঢাকার কারওয়ানবাজারে হাতবোমা বিস্ফোরণে আহত হন আবদুল মজিদ (৫০) নামে এক ব্যক্তি।
তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক ফেরদৌস আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডেকোরেটরের মালামাল নিয়ে খামারবাড়ি যাওয়ার সময় সার্ক ফোয়ারার কাছে একটি হাতবোমা বিস্ফোরিত হয়। এতে তার বুক ঝলসে যায়।
হরতালের মধ্যে বুধবার মৃত্যুর একমাত্র ঘটনাটি ঘটে যশোরে। সকাল পৌনে ৯টায় শহরের নতুন উপশহর বটতলার এই ঘটনায় নিহত হাফিজুর রহমান একজন নির্মাণ শ্রমিক।
চট্টগ্রাম-বেনাপোল রুটের সোহাগ পরিবহণের একটি বাসে পিকেটাররা ইট ছুড়লে তা চালকের মাথায় লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে উঠে যায়। ওই দোকানে বসেছিলেন হাফিজ।
রাজধানীতে গ্রেনেডসদৃশ বোমাটি পাওয়া যায় বিকাল সোয়া ৩টার দিকে একটি রিকশার সিটের নিচে। রিকশাচালককে আটকও করা হয়।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মুস্তাজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এতে গ্রেনেডের মতোই একটি পিন ছিল।
১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের মধ্যে রাজধানীর এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের কাছে গ্রেনেডসদৃশ একটি বোমা উদ্ধারের পর পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দল নিরাপদে এটির বিস্ফোরণ ঘটায়।
হরতালের বিরোধিতা করে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর মিছিল হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের পর বিএনপি কার্যালয় ভাংচুরও হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলাম লানজু অভিযোগ করেন, সকালে বালিজুড়ি বাজারে ছাত্রলীগ, যুবলীগ ও পৌর আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল থেকে বিএনপির তালা দেয়া অফিসে ভাংচুর করে আসবাবপত্রে আগুন দেয়া হয়।
