২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের নিরাপত্তা জোরদার, যাত্রীদের তল্লাশি

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগে ময়মনসিংহে ট্রেনের বগিতে আগুন দেয়ার ঘটনায় আরো বাড়ানো হয়েছে রেলের নিরাপত্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 04:42 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার খায়রুল বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের কারণে বুধবার সকাল থেকে স্টেশনের পাঁচটি প্রবেশ ফটকের মধ্যে দুটি বন্ধ রাখা হয়েছে। যে ফটকগুলো দিয়ে স্টেশনে প্রবেশ করা যাচ্ছে সেগুলোতে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে।

“যাত্রী ও ট্রেনের নিরাপত্তার কথা ভেবেই এ ব্যবস্থা করা হয়েছে”, বলেন তিনি।

খায়রুল বশির জানান, দেশের সব স্টেশনেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। রেল পুলিশের টহলও বাড়ানো হয়েছে।        

সকালে কমলাপুর থেকে সব ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বলে স্টেশন ম্যানেজার জানান।  

হরতালের আগে বুধবার রাত ৮টার দিকে ময়মনসিংহ রেলস্টশনের ডকে লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে একটি বগি আগুনে পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় দুটি বগি।

ময়মনসিংহ রেল স্টেশন সুপার আবু তাহের ও কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম দাবি করেছেন, হরতাল সমর্থকরাই ট্রেনের বগিতে আগুন দিয়েছে।

এ ঘটনায় ময়মনসিহ শহর জামায়াতের আমিরসহ ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে রেল পুলিশ।  

যুদ্ধাপরাধের মামলায় গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সারা দেশে রেলপথ ধরে নাশকতা শুরু করে জামায়াত-শিবির কর্মীরা। ট্রেনে আগুন দেয়া হয় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনেও।

এরপরই রেলের নিরাপত্তা বাড়াতে প্রতি ট্রেনে পুলিশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেয়া হয়।