রাজশাহীতে পুলিশের গাড়িতে বোমা নিক্ষেপ
রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় বুধবার রাতে পুলিশের একটি গাড়িতে হাতবোমা নিক্ষেপ করেছে হরতাল সমর্থকরা।
তবে বোমাটি বিস্ফোরিত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, রাত সাড়ে ৮টার দিকে সাহেববাজর জিরোপয়েন্টে পার্ক করে রাখা পুলিশের একটি গাড়ি লক্ষ করে দুই মোটরসাইকেল আরোহী বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায়।
ওসি আরো বলেন, এছাড়াও নগরীর দুইটি স্থানে ৫টি হাতবোমার বিস্ফোরণ ও তিনটি স্থানে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে দুইশ’রও বেশি রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ।
হরতালের আগে মঙ্গলবার রাতে রাজশাহীর বিভিন্ন এলাকায় হাতবোমার বিস্ফোরণে তিন কনস্টেবল আহত হন।
