হরতালের সকালে গাজীপুরে ট্রাকে আগুন
১৮ দলের দুই দিনের হরতালের শুরুতেই গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে পিকেটাররা।
স্থানীয়দের বরাত দিয়ে মোর্শেদ জানান, ঢাকার মোহাম্মদীয়া কোম্পানির মিনি ট্রাকটি কাঁচের চালান পৌঁছে দিতে বুধবার ভোর রাতে চান্দনা-চৌরাস্তার একটি দোকানের সামনে যায়। ভোরে দোকান খোলা না পেয়ে ট্রাক স্ট্যান্ডের পাশে ট্রাক থামিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন চালক।
সকাল ৮টার দিকে কয়েকজন পিকেটার চালককে ডেকে তুলে তাকে গাড়ি থেকে নামিয়ে ট্রাকে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে ততোক্ষণে ট্রাকের ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে যায়।
এছাড়া সকালে চান্দনা চৌরাস্তায় ঢিল ছুড়ে কয়েকটি গাড়ির কাচ ভাংচুর করে পিকেটারেরা।
হরতালের আগের দিন মঙ্গলবার রাত৮টার দিকে গাজীপুর সদর উপজেলার চান্দনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস পুড়িয়ে দেয় হরতাল সমর্থকরা।
গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার টানা ৩৬ ঘণ্টার এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
সকাল থেকে গাজীপুরে দূর-পাল্লার যানবাহন চলাচল না করলেও স্থানীয় রুটে বাস-মিনিবাস, অটোরিকশা ও টেম্পো চলতে দেখা গেছে। অফিস-আদালত ও কল-কারখানা খোলা রয়েছে।
