২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরনগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন চট্টগ্রামের সীতাকুণ্ডে কিছুটা উত্তাপ থাকলেও বন্দর নগরী সারাদিন ছিল শান্ত। তবে সন্ধ্যার পর নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

আতংক সৃষ্টির জন্য হরতাল সমর্থকরা চেরাগী পাহাড়, জামাল খান মোড়, আসকার দীঘির পাড় এবং কাজীর দেউড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে এসব ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) তারেক আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালে সারা সকাল নগরীতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। এছাড়া যান চলাচলও ছিল স্বাভাবিক। আমরা ধারণা করছি, জনমনে আতঙ্ক ছড়াতেই ককটেলের বিস্ফোরণ ঘটানো হচ্ছে।”

এদিকে হরতালের প্রথম প্রহর থেকেই সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধরে চেষ্টা করেছে হরতালকারীরা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে পাঁটার দিকে পন্থিছিলা এলাকায় একটি লরি ও একটি ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা।

এছাড়া টেরিয়াইলেও সকাল সোয়া ছয়টার দিকে একটি ট্রাকে আগুন দেয় তারা।

সকালে উপজেলার বটতলা এলাকায় শিবির কর্মীরা রাস্তায় গাছের গুড়িঁ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় পুলিশ কয়েক রাউণ্ড ফাঁকা রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে।

ঘটনাস্থল থেকে পুলিশ নূরুন্নবী (২২) নামে এক পিকেটারকে পুলিশ আটক করে।   

ওদিকে বন্দরনগরীর লালখান বাজার এলাকায় সকাল সাড়ে আটটার দিকে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি’র মিছিল থেকে তিন/চারটি বাসে পাথর নিক্ষেপ করা হয়। এতে বাসের কাঁচ ভেঙে যায়।

এসময় ‘চ্যানেল ২৪’ এর স্টাফ রিপোর্টার জামশেদুল করিম পাথরের আঘাতে আহত হন।

একই সময় আগ্রাবাদ এলাকায় চৌমুহুনী মোড়ে একটি মোটর সাইকেল থেকে হরতালকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং) হাসানুজ্জামান মোল্লা।

রহমতগঞ্জ এবং সিনেমা প্যালেস এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে মিছিল করে শিবির কর্মীরা। কাজীর দেউড়ি এলাকায় ছাত্রদল কর্মীরা একটি রিকশায় আগুন দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর এ কে খান গেইট এলাকায় ১৮ দলের সভা শেষে সেখানে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতালকারীর।  বেলা সাড়ে তিনটার দিকে কাজীর দেউড়ি ও আসকার দীঘির পাড় এলাকায় তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়।

নগরীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল-সমাবেশ করেছে বিএনপি। তবে এতে ১৮ দলের অন্য শরিক দলগুলোর নেতা কর্মীদের দেখা যায়নি।