২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পেট্রোলসহ ২ যুবক আটক

বিরোধীদলের হরতাল চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে দুই বোতল পেট্রোলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 08:24 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

এরা হলেন- মাদারীপুরের বোলা থানার মৃত আমজাদ আলীর ছেলে মো. বাচ্চু (১৮) এবং ভোলার ইবলিশ বাজারের মো. হানিফের ছেলে মো. জামাল (২২)।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের পাশের একটি গলি থেকে তাদের আটক করা হয় বলে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুক্তা ধর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মোহাম্মদপুরে নাশকতা হতে পারে- খবর থাকায় সেখানে পুলিশের তৎপরতা জোরদার করা হয়।

পুলিশের কয়েকটি দল ওই এলাকার বিভিন্ন গলিতে অভিযান চালায়। তখন সূচনা কমিউনিটি সেন্টারের পাশের একটি গলি থেকে প্লাস্টিকের দুটি বোতলে পেট্রোলসহ বাচ্চু ও জামালকে আটক করা হয়।

এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে জানান  পুলিশের সহকারী কমিশনার মুক্তা ধর।

আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিরোধী দলীয় জোটের ডাকে বুধবার সকাল থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

এই হরতালকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১০টির বেশি গাড়িতে আগুন দেয়া হয়েছে।