২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সংঘর্ষে ৩ পুলিশসহ আহত ২৫

হরতালের সকালে রাজশাহীতে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘাতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 04:54 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সকালে নগরীর হেতেম খাঁ ও তালাইমারি এলাকায় জামায়াত- শিবির নেতাকর্মীরা এবং হোসনেগঞ্জ ও ফায়ার ব্রিগেড মোড়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

আহতদের মধ্যে বিএনপির জেলা কমিটির সভাপতি নাদিম মোস্তফা ও সহ-সভাপতি তোফাজ্জাল হোসেন তপু রয়েছেন।আহত হয়েছেন পুলিশের তিন কনস্টেবল।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, জামায়াত- শিবির নেতাকর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে সোনাদিঘী লোকনাথ স্কুলের সামনে টায়ার ও গাছের গুড়িতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তাদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা মারে তারা। এতে আনোয়ার হোসেন নামে এক কনস্টেবল আহত হন।

এসময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে আরো ৬/৭টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। তাতে আরো এক কনস্টেবল আহত হন।

কনস্টেবল আনোয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান,  সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির জেলা কমিটির সভাপতি নাদিম মোস্তাফার নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর মাস্টারপাড়া এলাকা থেকে মিছিল বের করে ফায়ার ব্রিগেড মোড়ে রাস্তা অবরোধ করে। এসময় বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

তখন ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছুক্ষণ পর আবার তারা হোসনেগঞ্জ মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। তখন ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

বিএনপি নেতা নাদিম মোস্তফা বলেন, সংঘর্ষে তিনি নিজেসহ সাত নেতাকর্মী রাবার বুলেটবিদ্ধ হয়েছেন।সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নগরীর মতিহার থানার ওসি অশীত কুমার ঘোষ বলেন, জামায়াত- শিবির কর্মীরা সকালে তালাইমারি মোড়ে মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা করে। তখন রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এসময় পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির। পুলিশের ওপর ইটপাটকেলও ছোড়ে তারা। এতে এক পুলিশ সদস্য আহত হন।

মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, সংঘর্ষে তাদের ১৫ নেতাকর্মী রাবার বুলেটবিদ্ধ হয়েছেন। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, সকাল ৭টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে কাদিরগঞ্জ এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের হলে মালোপাড়া মোড়ে পুলিশ বাধা দেয়। এসময় রাস্তায় বসে পড়ে হরতাল সমর্থকরা।