২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশের গাড়িতে ঢিল, হাতবোমা বিস্ফোরণ

বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের শুরুতে সিলেটে পুলিশের গাড়িতে হামলা, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষিপ্ত ককটেল বিষ্ফোরণের  ঘটনা ঘটেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 03:58 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার সকাল ৬টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে পুলিশ বহনকারী একটি হিউম্যান হলারে ঝটিকা হামলা চালায় শিবিরকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের করে এসে ২০-২৫ জন শিবিরকর্মী পুলিশের গাড়ির দিকে ঢিল ছুড়ে পালিয়ে যায়।

সকাল সাড়ে ৬টার দিকে নগরীর দর্শনদেউড়ী এলাকায় ঝটিকা মিছিল নিয়ে এসে টায়ার জ্বালিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা চালায় শিবিরকর্মীরা । এ সময় তারা কয়েকটি হাতবোমাও ফাটায়।

তবে পুলিশ আসার আগেই তারা ওই এলাকা ত্যাগ করে।

এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে সিলেট মহানগর বিএনপি। পৌনে ৮ টার দিকে মিছিল করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।  সোয়া ৮ টায় জিন্দাবাজারে জেলা বিএনপি হরতালের সমর্থনে মিছিল করে।

এছাড়া সকাল ১১টায় জিন্দাবাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে পুলিশ আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়।

সকাল থেকে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারি যানবাহন চলছে না। নাশকতা এড়াতে নগরজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, “বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া সিলেটে হরতালে বড় কোনো গোলোযোগের খবর আমরা পাইনি। শিবিরকর্মীরা বিচ্ছিন্নভাবে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। নগরবাসীর নিরাপত্তায় পুলিশ মাঠে রয়েছে।”

সকালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সিলেট রেল স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সিলেট থেকে সকালে যথাসময়ে সব ট্রেন ছেড়ে গেছে।