২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে নারায়ণগঞ্জে মিছিল, সংঘর্ষ

মিছিল, হাতবোমা বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নরায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 04:44 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার সকাল ৬টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে শহরের শায়েস্তা খান সড়কে পুরাতন কোর্ট এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।

মিছিলটি শহরের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মোড় হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে গলাচিপার মোড়ে আসলে পুলিশ পেছন থেকে তাদের ধাওয়া দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ওই সময় মিছিল থেকে দু’টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, শন্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করে পুলিশ তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।

সকাল সাড়ে ৬টার দিকে হরতাল সমর্থকরা শহরের উকিলপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে টায়ার জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ আসলে তারা সরে যায়।

এর কিছুক্ষণ পরেই উকিলপাড়া মোড়ে পিকেটাররা একটি ট্রাক ভাংচুর করে এবং একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল দাবি করেন, গলাচিপা ও উকিলপাড়ার ঘটনায় বিএনপির অন্তত পাঁচজনকর্মী আহত হয়েছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে হরতাল সমর্থকরা এলাকায় আতঙ্ক সৃষ্টির পাশাপশি পুলিশের ওপর আক্রমণ করে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।