সীতাকুণ্ডে ট্রাকে আগুন, শান্ত বন্দরনগরী
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালে চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িতে আগুন দিয়েছে পিকেটাররা। বন্দরনগরীর পরিস্থিতি স্বাভাবিক আছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে পাঁটার দিকে পন্থিছিলা এলাকায় একটি লরি ও একটি ট্রাকে আগুন দেয় হরতালকারীরা।
এছাড়া টেরিয়াইলেও সোয়া ছয়টার দিকে একটি ট্রাকে আগুন দেয় তারা।
নগরীর লালখান বাজার এলাকায় সকাল সাড়ে আটটার দিকে আমির খসরু চৌধুরীর নেতৃত্বে বিএনপির মিছিল থেকে কয়েকটি বাসে ঢিল ছোঁড়া হয়।
এ সময় চ্যালেন ২৪ এর স্টাফ রিপোর্টার জামশেদুল করিমের পিঠে ইটের টুকরা এসে পড়লে তিনি আহত হন।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং) হাসানুজ্জামান মোল্লা জানান, সাড়ে আটটার দিকে আগ্রাবাদ এলাকায় চৌমুহুনী মোড়ে একটি মোটরসাইকেল থেকে হরতালকারীরা দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পলিয়ে যায়।
এছাড়া, সকাল সাড়ে আটটার দিকে কাজীর দেউড়ি এলাকায় ছাত্রদল কর্মীরা একটি রিকশায় আগুন দেয় বলেও জানান প্রত্যক্ষদর্শরা।
নগরীতে রহমতগঞ্জ এবং সিনেমা প্যালস এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে মিছিল করেছে শিবিরকর্মীরা।
নগরীর নূর আহাম্মদ সড়কস্থ নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ের সামনে মিছিল সমাবেশ করছে বিএনপি।
অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, নগরীর কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির ঘটনা ঘটেনি।
