বাঘ নাই বনে বিড়াল রাজা: নাসির
এই মুহূর্তে বাংলাদেশ দলের সেরা অফ স্পিনার নাসির! ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে এই কথা বলেছিলেন স্বয়ং দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের কথা শুনে নাসিরের দুষ্টমি ভরা জবাব, বাঘ নাই বনে বিড়াল রাজা!
নাসির বরাবরই বাংলাদেশ দলের সবচেযে হাসিখুশি চরিত্রগুলোর একটি। দুষ্টুমিতে তিনি দলের সবার চেয়ে এগিয়ে। তার সংবাদ সম্মেলনও বিনোদনের খোরাক জোগায় প্রায়ই। ভারতের বিপক্ষে শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে যখন মাশরাফির কথার প্রসঙ্গ উঠলো, বেরিয়ে এলো নাসিরের চরিত্রের মজার দিকটি।
“যে বনে বাঘ নেই, সে বনে বিড়ালই বাঘ আর কি। আমাদের এই দলে তো অফ স্পিনারই আর নেই, এজন্য আমিই সেরা!”
হাসির জোয়ারের মধ্যে অবশ্য পর মুহূর্তেই বললেন, “হয়তো আগের চেয়ে একটু ভাল বোলিং করছি। এটা নিয়ে রুয়ানের (কালপাগে, স্পিন কোচ) সঙ্গে কাজ করছি। আমি বোলিংটাকে সব সময়ই উপভোগ করি, এখনও করছি।”
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের নেপথ্যের নায়ক ছিলেন নাসির। শিখর ধাওয়ান ও বিরাট কোহলির জুটি যখন ডানা মেলতে শুরু করেছে, তখনই নাসির বোলিংয়ে এসে আটকে দেন রানের চাকা। কোহলিকে আউট করে হুমকি হয়ে ওঠা জুটিও ভাঙেন। ফিরিয়ে দেন পরে অর্ধশতক করা ধাওয়ানকেও। ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট।
শুধু ওই ম্যাচেই নয়, বিশ্বকাপেও বেশ কার্যকরী বোলিং করেছিলেন নাসির। দারুণ বোলিং করেছিলেন গত ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়েও।
বল হাতে নিজেকে নতুন করে চেনানোর বড় একটা কৃতিত্ব নাসির দিলেন অধিনায়ক মাশরাফিকে।
“মাশরাফি ভাই আমাকে সবসময় বলে, ‘তুই কিন্তু বোলিং করবি। যখন বোলিং করবি, কখনই মনে করবি না, তুই অকেশনাল বোলার। চিন্তা করবি, তুই মূল বোলার।’ অধিনায়ক এমন বললে সেটা বাড়তি প্রেরণা জোগায় অবশ্যই।”
