নাসিরের ভাবনায় ‘বাংলাওয়াশ’
জিম্বাবুয়ে, পাকিস্তানের পর ভারত- টানা তৃতীয় ‘বাংলাওয়াশ’ দেখতে উদগ্রীব সমর্থকরা। শেষ ওয়ানডেতেও জিতে সমর্থকদের চাওয়া পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন।
ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের সামনে টানা তৃতীয়বারের মতো সিরিজের সব ম্যাচ জেতার সুযোগ এসেছে। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে নাসির বাংলাওয়াশের সম্ভাবনার কথা জানান।
“বাংলাওয়াশ সম্ভব। চেষ্টা থাকবে ম্যাচটি জেতার। আমরা জেতার জন্যই খেলব এটাই সবচেয়ে বড় কথা।”
গত বছর জিম্বাবুয়েকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। আর নিজেদের সর্বশেষ সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় মাশরাফি বিন মুর্তজার দল।
